২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ করেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেনি আওয়ামী লীগ: ফখরুল

“অত্যন্ত সুদূরপ্রসারী চিন্তা করেছে যে, কীভাবে তাদের ঘোষণা অনুযায়ী ’৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যায়,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 11:09 PM

Updated : 16 Oct 2022, 11:09 PM

আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকালে গুলশানের একটি হোটেলে ‘নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এমন অভিযোগ করেন।

এ সভার আয়োজন করে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে গবেষণামূলক ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

ফখরুল বলেন, “দেশে অস্থিতিশীলতার জন্য ওয়ান/ইলেভেন হল। তখন তাদের বড় বড় স্লোগান ছিল মাইনাস টু। আসলে এটা ছিল মাইনাস ডেমোক্রেসি- গণতন্ত্রকে দূরে রাখ, নিয়ন্ত্রিত একটা শাসন ব্যবস্থা এখানে পরিচালনা কর।

“সেই একই সূত্র থেকে একই ষড়যন্ত্র থেকে একই চক্রান্ত থেকে পরবর্তীকালে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলো আওয়ামী লীগ।”

আওয়ামী লীগ হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেনি মন্তব্য করে তিনি বলেন, “আওয়ামী লীগ অত্যন্ত সুদূরপ্রসারী চিন্তা করেছে যে, কীভাবে তাদের ঘোষণা অনুযায়ী ’৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যায়। এটা হচ্ছে তাদের একটা পরিকল্পনা, একটা ব্লু প্রিন্ট।”

আওয়ামী লীগ ‘জোর করে অবৈধভাবে’ ক্ষমতায় বসে আছে অভিযোগ ফখরুল বলেন, “আমি একটা কথা বলাতে ওরা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম পাকিস্তান আমলেও এত অত্যাচার নির্যাতন হয়নি।

“আমাকে ওরা পাকিস্তানের চর-টর বানিয়ে দিল। ওরা জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের চর বলে, যিনি স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করলেন তাকেই তো তারা পাকিস্তানের চর বলেন, আমি তো ক্ষুদ্র মানুষ।”

আওয়ামী লীগের ‘দুঃশাসন’ দেশকে ব্যর্থ করে ফেলেছেও অভিযোগ তার। এ অবস্থা থেকে উত্তরণে তরুণ-যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

‘সেতুমন্ত্রীর পদত্যাগ করা উচিত’

মির্জা ফখরুল বলেন, “আজকে শুনলাম ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে, বিআরটি (বাস র‌্যাপিড ট্রান্সপোর্ট) প্রকল্প এখন গলার কাঁটা হয়ে গেছে। …এই কথা বলার আগে তার পদত্যাগ করা উচিত ছিল। কারণ এই প্র্রকল্প তারা নিয়েছেন।

“তারা ১০ বছর ধরে এই পুরো এলাকার মানুষ, পুরো নর্থ বেঙ্গলের মানুষ, পুরো ঢাকার মানুষকে তারা অসহ্য রকমের একটা যন্ত্রণা দিচ্ছেন, যে যন্ত্রণা কল্পনা করা যায় না।”

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান মানুষের জন্যই আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ফেরার কথা বলেন।

 “এখন প্রশ্ন হচ্ছে- সংবিধান লঙ্ঘন করে আমরা কেয়ারটেকার পদ্ধতিতে যেতে পারি কি না। আমার উত্তর হচ্ছে, আমরা ১০০ ভাগ পারি। সেই উত্তরটি আমি বিভিন্ন রাষ্ট্রদূতকে দিয়ে থাকি। তারা যখন ব্যাখ্যা চান, তখন আমি তার ব্যাখ্যাটি এভাবে দেই যে, সংবিধান হচ্ছে মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয়,” বলেন তিনি।

নবগঠিত বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শাহরিয়ার আলম জর্জ ও মহাসচিব সৈয়দ মোহাম্মদ আলভী।

ফোরামের চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপদেষ্টা রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপির এএম মাহবুব উদ্দিন খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাসির উদ্দিন আহমেদ অসীম ও জহুরুল ইসলাম বাবু, পাবনা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আরশেদ আলম, সচেতন নাগরিক ফোরামের এ জেড এম মোরশেদ আল মামুন লিটন, আশরাফুর রহমান, এ এইচ আবরার ফাহিম ও আবদুল্লাহ জামাল চৌধুরী।