০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফল প্রত্যাখ্যান আবিদের, ‘সম্মান’ জানালেন হামিম

“পরিকল্পিত কারচুপির এই ফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন,” বলেন ছাত্রদলের ভিপি প্রার্থী।

ফল প্রত্যাখ্যান আবিদের, ‘সম্মান’ জানালেন হামিম
ভোটগ্রহণের পর সংবাদ সম্মেলনে আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 09:42 AM

Updated : 26 Aug 2026, 02:16 PM

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার প্রাথমিক পর্যায়েই তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

এর আগে রাতে তিনি ভোট গণনায় কারচুপি হচ্ছে অভিযোগ তুলে টিএসসিতে বলেন, “যে ভোটের বাক্সগুলোকে খালি বলা হয়েছিল। পরে গণনার সময় দেখা গেছে সেগুলোতে ব্যালট ভর্তি। এই নির্বাচন কারচুপিতে হাসিনা নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।”

এদিকে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের

রায়কে সম্মান জানানোর কথা বলেছেন। রাত সোয়া ২টার দিকে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন‍্য অপেক্ষামান। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।”

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময় আচরণ বিধিলঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ আসে চারটি প্যানেলের তরফে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর ব্যালটে আগে থেকে টিক দিয়ে রাখার অভিযোগে প্রশাসনের বিরুদ্ধে টিএসসিতে বিক্ষোভও করেছে ছাত্রদল।

রাতে ভোট গণনা চলাকালে খালি ব্যালটবক্স ভরে ফেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

ভোট গণনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে লোকজনের জমায়েত হওয়ার খবর পাওয়া যায়। 

ব্যক্তিপর্যায়ে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা রাজনৈতিক দলের নেতাকর্মী বলে পাল্টাপাল্টি অভিযোগ করেন ডাকসুর ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, নীলক্ষেত, শাহবাগ, চানখারপুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘সংঘবদ্ধভাবে অবস্থান’ নিয়েছে।

অপরদিকে শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ অভিযোগ তোলেন, নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।