১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপির সালাম-এ্যানি জামিনে মুক্ত

দুজনকে কারাফটকে ফুলেল শুভেচ্ছা জানান দলটির নেতা-কর্মীরা।

বিএনপির সালাম-এ্যানি জামিনে মুক্ত

জামিনে মুক্ত আবদুস সালাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2023, 06:56 PM

Updated : 18 Jan 2023, 06:56 PM

দেড় মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির দুই কেন্দ্রীয় নেতা আবদুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বুধবার সন্ধ্যা ৬টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। তাদের ফুলেল শুভেচ্ছা জানাতে কারাফটকে উপস্থিত ছিলেন দলটির নেতা-কর্মীরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক এ্যানিকে গত ৭ ডিসেম্বর নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বিচারিক আদালতে জামিন চেয়ে প্রত্যাখ্যাত হওয়ার পর উচ্চ আদালতে গিয়েছিলেন এই দুই বিএনপি নেতা।

Image

জামিনে মুক্ত শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

পুরানো খবর:

বিএনপি অফিস থেকে প্রিজন ভ্যানের মিছিল

গত সোমবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিন হাই কোর্ট বেঞ্চ সালাম ও এ্যানিকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেন।

একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে রুল দেয় আদালত।

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ও স্থান নির্ধারণ নিয়ে উৎকণ্ঠা- উত্তেজনার মধ্যে ৭ ডিসেম্বর নয়া পল্টনে জমায়েত হওয়া বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে একজনের মৃত্যু ও শতাধিক আহত হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ, গ্রেপ্তার করা হয় কয়েকশ নেতা-কর্মীকে।

সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল, শাহজাহানপুর ও রমনা থানায় চারটি মামলা করে পুলিশ। সব মিলিয়ে প্রায় তিন হাজার নেতকর্মীকে আসামি করা হয় সেসব মামলায়।