২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কসবাদী লেখক তাত্ত্বিক দাউদ হোসেন আর নেই

বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন বাংলাদেশ কমিউনিস্ট কর্মী সংঘের সাধারণ সম্পাদক ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

বাংলাদেশের মার্কসবাদী লেখক ও তাত্ত্বিক দাউদ হোসেন আর নেই। 

শুক্রবার দুপুরে ৮২ বছর বয়সে রাজধানীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে এবং তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে। 

বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন বাংলাদেশ কমিউনিস্ট কর্মী সংঘের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

সিপিবি সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, দাউদ হোসেন মার্কসবাদী সাহিত‍্য রচনা ও অনুবাদে অনন্য অবদান রেখে গেছেন। তার অনুদিত ‘রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ’, সম্পাদিত মার্কসের ‘পুঁজি’ গ্রন্থ বাংলাদেশের মার্কসবাদ চর্চায় স্মরণীয় হয়ে থাকবে। সমাজ প্রগতি, শোষণমুক্তি, মানুষের স্বাধীনতা ও অধিকারের সপক্ষে তিনি আজীবন নিবেদিত ছিলেন।

সিপিবি নেতারা বলেন, দাউদ হোসেন রাজনীতিবিদ পরিচয়ের উর্ধ্বে উঠে লেখক, অনুবাদক ও প্রকাশক হিসেবে বিপ্লবী প্রজন্ম নির্মাণে নিজেকে নিবেদিত করেছিলেন। 

তার অনুদিত আমেরিকান আদিবাসী রেড ইন্ডিয়ানদের ইতিহাসের ভিত্তিতে ডি ব্রাউন রচিত গ্রন্থের অনুবাদ ‘আমারে কবর দিও হাঁটুভাঙ্গার বাঁকে’ সংবেদনশীল পাঠকদের প্রিয় পাঠ্য।