২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ অনিবার্য ছিল: জামায়াত আমির

“তৎকালীন নেতৃবৃন্দের বিচক্ষণতা দূরদর্শিতার ফলে আমরা একটা দেশ পেয়েছিলাম।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 11:54 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, পাকিস্তান রাষ্ট্রে বৈষম্য আর ন্যায়বিচার লঙ্ঘিত হওয়ায় একাত্তরে মুক্তিযুদ্ধ অনিবার্য ছিল। 

তিনি বলেন, “আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, ‘লড়কে লেঙ্গে পাকিস্তানের’ নামে এই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ন্যায়বিচার কায়েম হবে। মানুষ একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে সম্মানের সাথে বসবাস করবে। 

“কিন্তু এ লক্ষ্য অর্জিত হয়নি। পদে পদে লঙ্ঘিত হয়েছে, যার কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।”

বুধবার সন্ধ্যায় স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় সংসদের বিরোধীদলীয় নেতা বক্তব্য রাখছিলেন।

রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে সংসদের বিরোধী দলের আসনে বসা জামায়াতের আমির বলেন, “তৎকালীন নেতৃবৃন্দের বিচক্ষণতা দূরদর্শিতার ফলে আমরা একটা দেশ পেয়েছিলাম।” 

একাত্তরে ভূমিকার জন্য সমালোচিত জামায়াত এবারই প্রথম বড় পরিসরে স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করেছে।

ঢাকার একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এই আলোচনা সভায় দেশের মানুষ ‘কঠিন সময়’ পার করছে বলেও মন্তব্য করেন দলের আমির।

কোনো দলের নাম উচ্চারণ না করলেও সংসদের বাইরে থাকা দলগুলোকেও আলোচনায় রাখার প্রস্তাব করেন তিনি।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই যুদ্ধের আগে একটা সাধারণ নির্বাচন হয়েছিল। সামরিক সরকারের অধীনে এই নির্বাচন হয়েছে, কোনো সংবিধানের অধীনে হয়নি। 

শফিকুর রহমান বলেন, “মার্শাল ল যখন জারি থাকে সংবিধান তখন সাসপেন্ড থাকে। সামরিক ফরমানের মাধ্যমেই নির্বাচন হয়েছিল। কিন্তু জনরায়কে স্থানীয় শাসকগোষ্ঠী এবং সামরিক বাহিনী তারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছিল।”

জনরায়কে অগ্রাহ্য করে বিপুল জনমানুষের আকাঙ্ক্ষাকে পাকিস্তানের শাসকগোষ্ঠী বুলেট আর বেয়োনেট দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল তুলে ধরে তিনি বলেন, তারা নির্বিচারে মানুষ খুন করেছে। মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। সম্পদ ধ্বংস করেছে। দেশকে পোড়া মাটির দেশে পরিণত করেছে। 

“কিন্তু সকল নির্যাতন চালিয়েও মানুষের আকাঙ্ক্ষাকে তারা দমিয়ে রাখতে পারেনি। শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে।”

মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকার জন্য এর আগে দুই দফা ক্ষমা চেয়েছেন দলের আমির শফিকুর রহমান। 

গত বছর মে মাসে ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেছেন, “যখন যেভাবে হোক, মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। দল হিসেবে আমরা দাবি করি না যে- আমরা ভুলের ঊর্ধ্বে।

“এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন; সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাফ চাই। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।”

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেওয়ার পর এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল।

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর সর্বোচ্চ আদালতে আপিল ও রিভিউ নিষ্পত্তি শেষে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ পাঁচ নেতা এবং বিএনপির একজন জ্যেষ্ঠ নেতার ফাঁসি কার্যকর করা হয়।

জামায়াতের তখনকার সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আপিল বিভাগেও সেই সাজা বহাল ছিল।

জুলাই অভ্যুত্থানে সরকার বদলের পর আজহারের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে আপিল শোনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই রায়ে আজহারকে বেকসুর খালাস দেওয়া হয়।

এরপর ওই বছরের অক্টোবরে নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতের বর্তমান রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে দলের আমির বলেন, “এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি, ‘শুধু একাত্তর না, সাতচল্লিশ সাল থেকে শুরু জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান; কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে; আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করবেন’।”

এবার তিনি মুক্তিযুদ্ধ অনিবার্য ছিল তুলে ধরে বক্তব্য দিলেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জামায়াত আমির। 

তিনি বলেন, তারা স্বাধীন মানচিত্র ও একটি সম্মানজনক পতাকা এ দেশের মানুষের হাতে তুলে দিয়েছেন। 

“এই পতাকা এবং মানচিত্রের হাত ধরে বাংলাদেশটা বদলে যাওয়া উচিত ছিল। কিন্তু না, বোতল পরিবর্তন হয়েছে ভেতরের জিনিস পরিবর্তন হয়নি। এক এক করে ৫৪ বছর বিদায় নিয়েছে, আমরা আগামীকাল ৫৫তম বৎসরে পা দেব একটা জাতি হিসেবে।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের ঘুরে দাঁড়ানোর উদাহরণ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, “এই অঞ্চল দুই দুইবার স্বাধীনতা অর্জন করার পরেও আমরা কেন পারলাম না?”

এই না পারার জন্য নেতৃত্বের ব্যর্থতা, লোভ, অদূরদর্শিতা ও সীমাহীন দুর্নীতিকে দায়ী করে তিনি বলেন, “দুর্নীতি শুধু টাকা পয়সা হাতালে হয় না। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে মানুষের অধিকার হরণ করা, অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া, এটি হচ্ছে সবচাইতে বড় দুর্নীতি।”

তার মতে, দুর্নীতির এই বিষ বাষ্প যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বিদায় না নেবে মানুষ ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার কাঙ্খিত সুফল ভোগ করতে পারবে না।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে যোগ দেওয়া সাবেক বিএনপি নেতা আখতারুজ্জামান।

আগের খবর:

যদি কখনো ভুল হয়ে যায়, ক্ষমা চাই: জামায়াত আমির

কেউ ভুলের ঊর্ধ্বে নই, বিনা শর্তে মাফ চাই: জামায়াত আমির