উপজেলা ভোট: আরও ৩ জনকে বহিষ্কার করল বিএনপি
সবমিলিয়ে দলটির ১৪৩ জন পদ খোয়ালেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও তিনজনকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি। তারা উপজেলা ভোটের দ্বিতীয় ধাপে লড়াই করছেন।
সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নুর সালাম সরকার, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া এবং গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তহিদুল আলম মন্ডল সুমন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ার জন্য গত ৪ মে বহিষ্কার করা হয় ৬১ জনকে। সবমিলিয়ে এখন পর্যন্ত ১৪৩ জনকে বহিষ্কার করল বিএনপি।
