উপজেলা ভোট: বিএনপির আরও ৩ নেতা বহিষ্কৃত
দুই দিনে মোট ৭৬ জন নেতাকে দলচ্যুত হলেন।
ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আর তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ, শেরপুরের শ্রীবরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা (সোনাহার) এবং রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই কারণে শুক্রবার সারাদেশে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। সবমিলিয়ে দুই দিনে ৭৬ জন নেতাকে বিএনপিচ্যুত হলেন।
