২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের নভেম্বরে গণভোট দাবি ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান’ কি না, প্রশ্ন রিজভীর

“একটা শর্ত দিয়ে এখানে একটা বিশৃঙ্খল তৈরি করা, জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন,” জানতে চান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 05:06 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের নভেম্বরে গণভোটের দাবি ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান’ কি না, প্রশ্ন তুলেছেন বিএনপির  জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে ঢাকায় এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “গণভোট নভেম্বরে করার পেছনে আপনাদের অন্য কোনো মাস্টারপ্ল্যান আছে কি না? যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন। 

“অনেক আলাপ-আলোচনা, অনেক যুক্তিতর্ক, অনেক বাদানুবাদ, অনেক বিতর্কের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐক্যমতে এসেছেন। সেই ক্ষেত্রে একটা শর্ত দিয়ে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করা, জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন? এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে।”

সংসদ ও গণভোট একসঙ্গে করার বিষয়ে যেমন আলোচনা চলছে, তেমনি আলাদা সময়ে গণভোটের দাবিও উঠছে।

জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত জানতে জাতীয় নির্বাচনে ভোটের দিন আলাদা ব্যালটে ‘গণভোট’ চায় বিএনপি।

অপরদিকে জামায়াতের দাবি সংসদ নির্বাচনের আগে নভেম্বরেই তা করতে হবে। সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দলটির প্রতিনিধি দল বৈঠক করে এ সংক্রান্ত যুক্তি তুলে ধরেছে।

বিএনপি নেতা রিজভী বলেন, “যে কাজটি সহজ হবে, যে কাজটি সহজ সাধ্য হবে, যে কাজটি ভোটারদের দ্রুত সমাধান করা সম্ভব হবে, সেই কাজটি করতে সবাই একমত হচ্ছেন যে, একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে, একই ব্যালটে একই সময়ে, ভোটাররা যখন ভোট দিতে যাবেন তখনই দেওয়া হবে। সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে। তা না করে আপনি নভেম্বরে করতে চাচ্ছেন কেন?

‘নির্বাচন বিলম্বিত করার চেষ্টা?’

রিজভী বলেন, “গণভোট করলেও তো তার একটা প্রস্তুতি আছে. এখন অক্টোবর মাস আগামী মাস নভেম্বর…নভেম্বরে একটা গণভোট করতে গেলে এর আয়োজন, এর যে প্রস্তুতি আছে, যেমন সারা দেশের মানুষকে সচেতন করা, ওটা তো এক মাসে সম্ভব নয়।”

তিনি বলেন, “আপনারা জবরদস্তি করে বলছেন যে, আগাম গণভোট দিতে হবে। কেন? মানুষ তো এই প্রশ্ন আপনাদেরকে করছে, যে কাজটা সহজে করা সম্ভব সেই কাজটাকে আপনারা টেনে-হিঁচড়ে বিলম্বিত করানোর চেষ্টা করছেন। অর্থাৎ মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে বিলম্ব করতে চাচ্ছেন।”

‘কোরআন অবমাননা এবং রসুল (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদ’ শীর্ষক এই সভা করে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দল।

‘তারা কোনোভাবেই নির্বাচন চাচ্ছে না’

জামায়াতের নাম না নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব রিজভী বলেন, “ওই রাজনৈতিক দলসহ কিছু রাজনৈতিক দল তারা বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছে না। কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন-গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো অঙ্গীকার নাই। এটা প্রমাণিত যে, একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি, এটা তা না।”

এরশাদের স্বৈরশাসনের সময় ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সবাই বলল, এরশাদের অধীনে নির্বাচনে যাবো না। শেখ হাসিনা চলে গেলেন, তারপর সেই ইসলামী দলটি চলে গেল। বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি। কারণ তিনি কথা দিয়েছেন, সেই কথা রেখেছেন। 

“আমরা সবসময় দেখেছি যে, তারা যে পরাজিত শক্তি, ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় যেন একটা ঐক্য আছে।”

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ৯৫ সালের আন্দোলনের বিষয়টিও টানেন রিজভী।

“আবার আপনি দেখেন, ২০০৮ সালের যে নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি। যেহেতু তারা তখন চার দলীয় জোটে ছিল, তারা চাপ দিল যে, তা না হলে আমরা চলে যাব… বাধ্য হয়ে যেতে হয়েছিল, কারণ শেখ হাসিনা নির্বাচন করবে এবং মুজাহিদ সাহেব তিনি অনেকটা ধমকের সুরে বললেন, বিএনপি যদি না যায় আমরা যাবো।”

‘বেহেস্তের চাবি দিয়ে প্রচার’

রিজভী বলেন, “আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপথগামী করার চেষ্টা করছে। এই বিপদগামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে। 

“এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে, তাদের অন্ধকার যুগে করেছে। জামায়াতে ইসলাম কী আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে, এই জান্নাতের টিকিট বিক্রি করে। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন, দাড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করলেন।”

ইসলামের নামে মওদুদীবাদ দেশের মানুষ কখনোই মানবে না বলে মন্তব্য করেন রিজভী।

‘রাকসু নির্বাচন কি কোনো ওরশ শরীফ’

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচন কোনো ‘ওরশ শরীফ’ কি না, সেই প্রশ্নও তুলেছেন বিএনপি নেতা রিজভী।

তিনি বলেন, “রাকসুর নির্বাচন এক দিন পর। সেইখানে আচরণবিধি, নিয়ম ভেঙে ছাত্রশিবিরের নেতারা সব ছেলে-মেয়েদেরকে খাবার দিচ্ছে। ইউনিভার্সিটির নির্বাচন কি কোনো ওরশ মোবারক নাকি ওরশ শরীফ যে তারা খাবার দেবে এবং আশেপাশের মেসগুলাতে তারা ছাগল জবাই করছে।

“ওই বিশ্ববিদ্যালয়ে আমি ভিপি ছিলাম… আমাদের সময় তো এগুলো দেখিনি।”

রিজভী বলেন, “বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা, শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশোনার জায়গা। এই জ্ঞান চর্চার জায়গাকে যদি আপনি পীর সাহেবের ওরশ শরীফ বানাতে চান তাহলে তো এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে মিলবে না।”

১৯৮৯-৯০ মেয়াদে রাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন রিজভী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ধরে তিনি বলেন, “যেখানে অনিয়ম মনে হয়েছে, যেটা বেআইনি মনে হয়েছে আমরা সবসময় বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে সে প্রশাসন সম্পূর্ণ রূপে একটি বিশেষ রাজনৈতিক দলের, এটা মিথ্যা নয় এবং তারা এমনভাবে নীতিমালা তৈরি করেছে, যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর কেউ কোনো কথা বলতে পারবে না।”

জাতীয়তাবাদী ওলামা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানি।