২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগে দরকার ‘মানসিকতার সংস্কার’: সালাহউদ্দিন

“আমরা জনগণ হিসেবে যদি মনে করি, সব দায়িত্ব সরকারের, সেটা একটা ভুল ধারণা।”

আগে দরকার ‘মানসিকতার সংস্কার’: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

সরকার ও জনগণের ‘মানসিকতার সংস্কার’ ছাড়া রাষ্ট্র কাঠামোর সংস্কার ‘সফল হবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “আমাদের দৃষ্টিভঙ্গি এইভাবে গ্রহণ করি (করতে হবে), যে আমরা প্রতিদিন সংস্কারের মধ্য দিয়ে যাব…একটি জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য কাজ করব।”

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ এর এক অনুষ্ঠানে কথা বলছিলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে, তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের, আমাদের, রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের…।

“সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যদি রাষ্ট্র কাঠামো সংস্কারটা বাস্তবায়ন করতে পারি, তাহলেই দুইয়ে দুইয়ে চার হবে। তাহলেই আমরা একটা কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব।”

নিজের এই বক্তব্যের পেছনে যুক্তি তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে যে সরকার ব্যবস্থা গঠিত হবে, সেই ব্যবস্থা যারা পরিচালনা করবে, তাদের মানসিক সংস্কার (যদি না হয়) এবং দৃষ্টিভঙ্গি না পাল্টায়, অপরপক্ষে যারা রাষ্ট্রের জনগণ, যারা বেনিফিশারি, সরকার যাদের কাছে দায়বদ্ধ, তাদের যদি দৃষ্টি ভঙ্গি না পাল্টায়, তাহলে মানবিক রাষ্ট্র হবে কীভাবে?

“আমরা জনগণ হিসেবে যদি মনে করি, সব দায়িত্ব সরকারের, সেটা একটা ভুল ধারণা। রবার্ট কেনেডি প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, ‘আমি তিন জেনারেশনকে কিছু দিতে পারব না, হয়ত থার্ড জেনারেশনকে কিছু দিতে পারি’।”

তিনি বলেন, “সরকার আমাদের জন্য কী করে তা নয়, জনগণ দেশের জন্য কী করবে সেটাও ভাবতে হবে? এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তাহলেই আমরা জনগণ এবং দায়বদ্ধ সরকার–উভয়ে মিলে একটা কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা গতিশীল করতে পারবে।

“যে স্বপ্ন ছিল স্বাধীনতার শহীদদের, মুক্তিযোদ্ধাদের, যে স্বপ্ন ছিল ২০২৪ সালের আমাদের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের, যারা রক্তদান করেছেন, যারা জীবন দিয়েছেন, যারা অন্ধত্ব বরণ করেছেন তাদের। আমরা যাতে সেই সমাজ নির্মাণ করতে পারি, যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সন্তানরা যেন তাদের কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা দেখে যেতে পারে… আমরা সবসময় বলি শত সহস্র শহীদদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ করতে হবে।

ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

‘সেই ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই’

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, “সেই ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো পরাজয়ের স্বীকারোক্তি নেই বরং দেখি দাম্ভিকতা। সেই স্বৈরাচারে দাম্ভিক আচরণ আমরা যতই দেখব, আমাদের মনে হবে যে, ভবিষ্যতে এরকম কোনো ফ্যাসিবাদের উৎপত্তি যাতে না হয়, সেইভাবে যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি।”

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্য জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।