১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বর্ণালঙ্কার ছিনতাই: ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

“বহিষ্কার করার তথ্য সঠিক,” বলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 07:59 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হওয়া দুই নেতাকে সংগঠন থেকে বহিস্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

বহিস্কৃত দুই নেতা হলেন— বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন এবং সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্ত।

‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ তাদের বহিস্কার করা হয়েছে বলে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরে এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বহিস্কারাদেশের তথ্য সঠিক।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

তারা ছাত্রদলের সব নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

গত ২৯ অগাস্ট বিমানবন্দর থানায় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে চারজনের বিপক্ষে মামলা করেন মো. সুমন নামে একজন। 

সেদিন রাতেই বিমানবন্দর এলাকা থেকে আল-আমিন শান্ত ও আব্দুর রউফকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য দুই আসামি হলেন- রিপন হোসেন ও রানা হোসেন রুবেল। 

২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের এ মামলায় শান্ত ও রউফকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এ দুই আসামিকে গ্রেপ্তারের পর ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।