২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার স্বদেশে ফেরার দিন আওয়ামী লীগের যত কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তার বড় মেয়ে শেখ হাসিনা।

শেখ হাসিনার স্বদেশে ফেরার দিন আওয়ামী লীগের যত কর্মসূচি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2024, 11:49 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করতে যাচ্ছে তার দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতির স্বদেশে ফেরার ১৭ মে তারিখটি এবার পড়েছে শুক্রবার। এটি তার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি।

বেলা ৩টায় ঢাকার তেজগাঁওয়ে জেলা কার্যালয়ে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন এতে সভাপতি থাকবেন।  

এতে অংশ নেবেন দলটির জাতীয় পর্যায়ের নেতাসহ আওয়াম লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। 

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। 

যথাযথ মর্যাদায় দিবসটি পালনে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সায়েম খান জানান, শুক্রবার সকাল ৯টায় ঢাকার মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনাসভা আয়োজন করেছে।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। 

তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় খাবার বিতরণ কার্যক্রমে যোগ দেন ওবায়দুল কাদের।

দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, “শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি অনন্য মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তার বড় মেয়ে শেখ হাসিনা।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, শেখ হাসিনা তখন তার ছোট বোন শেখ রেহানা, স্বামী ও দুই সন্তানসহ বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

তখন বেলজিয়ামে অবস্থানরত শেখ হাসিনা, স্বামী ওয়াজেদ মিয়া, শিশু পুত্র সজীব ওয়াজেদ জয় ও শিশু কন্যা সায়মা ওয়াজেদসহ বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন।

জিয়াউর রহমানের শাসনামলে প্রতিকূল অবস্থার মধ্যেই ১৯৮১ সালে দেশে ফিলে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। তার আগে দলের সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি।

সেদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া আর প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতা জড়ো হয়েছিল তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে বঙ্গবন্ধুকন্যাকে বরণের জন্য।

তাৎক্ষণিক এক সমাবেশে শেখ হাসিনা সেদিন বলেছিলেন, “সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির জনকের হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।

“আমার আর হারাবার কিছুই নেই। পিতা-মাতা, ভাই রাসেল সকলকে হারিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের মাঝেই তাদেরকে ফিরে পেতে চাই।”

১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর আবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এরপর টানা চতুর্থ মেয়াদে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

শেখ হাসিনা ফিরেছিলেন বলেই বাংলাদেশ বদলে গেছে: কাদের