২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সরকারপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সামনে এগিয়ে যেতে বললে প্রধানমন্ত্রী বলেন, “আপনি আগে যান।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 11:46 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন সংসদ নেতা ও সরকারদলীয় সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার সংসদ সভাকক্ষ থেকে বের হলে প্রধানমন্ত্রী তারেক রহমান দল ও নিজের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান।

এর আগে সংসদের সভাকক্ষে ফল ঘোষণা হওয়ার পরেই লাল গোলাপ দিয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

এরপর তাকে নিয়ে সরকারপ্রধান যান সংসদ লবিতে। সেখানেও প্রধানমন্ত্রী একটি বড় ফুলের তোড়া দিয়ে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

এ সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সংসদ সদস্যরা ছিলেন।

এ সময়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সামনে এগিয়ে যেতে বললে প্রধানমন্ত্রী বলেন, “আপনি আগে যান।”

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ লবি থেকে নিজের কক্ষে যান। সেখানেও প্রধানমন্ত্রী গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। 

পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্যরাও সেখানে হাজির হন।

ত্রয়োদশ সংসদ গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই কক্ষের একটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যটিতে সালাহউদ্দিন আহমদ বসেন।

এ কক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ অবস্থান করেন। সংসদের কর্মকর্তা ও কর্মচারীরাও মির্জা ফখরুলের কাছে এসে তাকে অভিনন্দন জানান।

নিজের কক্ষ থেকে বের হওয়ার সময়ে ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে করমর্দন করে বিদায় নেন দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাওয়া মির্জা ফখরুল। 

সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার ভোট দেন সংসদ সদস্যরা। সংসদ কক্ষে ভোট চলে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। 

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের বাক্সে ভোট পড়েছে ৮৮টি।