তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে গেলেন ইশরাক
“আগামীতে আমরা কী করব, আমাদের দলীয় সিদ্ধান্তসহ সকল বিষয়ে পরামর্শ করার জন্য আমার এই লন্ডন যাত্রা।”
আদালতে মামলা জিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হওয়ার রায় পাওয়ার পর বিএনপি নেতা ইশরাক হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন।
বুধবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
যাত্রার আগে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি লন্ডনে যাচ্ছি। সেখানে আমার নেতা জনাব তারেক রহমানের সাথে মিটিং হবে।
“গত বৃহস্পতিবার আমরা যে রায়টি পেয়েছি, দীর্ঘ প্রতীক্ষিত একটি রায়। আমরা ন্যায়বিচার পেয়েছি। এখন এ বিষয়ে আগামীতে আমরা কী করব, আমাদের দলীয় সিদ্ধান্তসহ সকল বিষয়ে পরামর্শ করার জন্য আমার এই লন্ডন যাত্রা।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।
নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। এরপর তাপস শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতবছর অগাস্টে আওয়ামী সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মত ঢাকার দুই মেয়রের পদও শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ইশরাক।
সেই মামলার রায়ে গত বৃহস্পতিবার তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইশরাক সেদিস বলেছিলেন, “মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমি ন্যায়বিচার পেয়েছি। আমি মেয়র হত পারব বা মেয়র হিসেবে শপথ নেব কি না সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।”
এখন সেই সিদ্ধান্ত জানতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডনে যাচ্ছেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।
