২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে অতিসত্বর নির্বাচন হওয়া দরকার: খসরু

‘পরবর্তী করণীয় ঠিক করতে’ শরিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার পাঁচটি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি।

দেশে অতিসত্বর নির্বাচন হওয়া দরকার: খসরু
রাজধানীর গুলশানে মঙ্গলবার পাঁচটি শরিকদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 01:05 AM

Updated : 10 Sep 2026, 12:26 PM

দেশে ‘অতিসত্বর নির্বাচন হওয়া দরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচিত সরকার আসবে, তত দ্রুত দেশের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।

‘পরবর্তী করণীয় ঠিক করতে’ শরিকদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে মঙ্গলবার পাঁচটি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি।

বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত গণঅধিকার পরিষদ, গণফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য, ন্যাশনাল আওয়ামী ভাসানী ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে আলাদাভাবে এসব বৈঠক হয়।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন দলের জ্যেষ্ঠ নেতারা। সেখানে আমীর খসরু বলেন, “আমরা একসঙ্গে কাজ করছি। তার ধারাবাহিকতায় আমাদের প্রণীত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এই সংস্কার প্রস্তাব জনগণের কাছে নিয়ে যাচ্ছি।

“আমরা মনে করি, নির্বাচিত সরকার আাগামী দিনে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। সুতরাং নির্বাচন অতিসত্বর হওয়া দরকার। নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসবে, তত দ্রুত দেশের সমস্যা সমাধান করা সম্ভব হবে।”

খসরু বলেন, “আমাদের যে ৩১ দফা আছে, তার বাইরে অন্যান্য দল থেকে যেসব সংস্কার প্রস্তাব আসবে, সেগুলো আমরা সংসদে তুলে ধরব; সেগুলো সেখানে আলোচনা হবে। 

“বর্তমানে যেসব সংস্কার কমিশন করা হয়েছে, তারা যদি সংস্কার প্রস্তাব তৈরি করে যায়, সেগুলো নিয়েও সংসদে আলোচনা করব। সংসদ সিদ্ধান্ত নেবে কোন কোন সংস্কার পাস হবে।’’

অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বৈঠকে উপস্থিত ছিলেন।

গত ২১ ডিসেম্বর শরিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে বিএনপি। প্রথম দিন ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করে দলটি।

গত সোমবার বৈঠক করে গণঅধিকার পরিষদ (মিয়া মশিউজ্জামান) ও ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে।