Published : 10 Dec 2025, 01:58 PM
অতীতের একটি ‘অনাকাঙ্খিত ঘটনার জন্য’ এক সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে মঙ্গলবার। সেই সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান অতীতের একটি ঘটনা তুলে ধরে এসএসএফের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করেন।
তারেক রহমান তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, “স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি। এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার, তারপরেও আমি, সবাই আছেন, একান্ত পার্সোনাল ব্যাপার। তারপরেও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। আমাদের সামনে এখানে আম্মার (খালেদা জিয়া) সময় উনি ডিজি এসএসএফ ছিলেন রুমি সাহেব। রুমি সাহেব উপস্থিত আছেন।”
তখন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তাদের সারিতে থাকা সৈয়দ ফাতেমী আহমেদ রুমি জবাব দেন, ‘জি আছি।’
তারেক রহমান বললেন, “থ্যাংক ইউ সি ইউ নাউ। রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার, সেই পুরান ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরা মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও (খালেদা জিয়া) ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন।
“আই অ্যাম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। সবকিছু মিলে আই অ্যাম ভেরি স্যরি ফর দ্যাট। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য। আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি। আমি সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি। আই অ্যাম রিয়েলি স্যরি ফর দ্যাট।”
তারেকের এ কথায় তুমুল করতালি দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা।
তারেকের কথার জবাবে মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমি বলেন, “আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল রিমেম্বার ইট।”
সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের উদ্দেশে জবাবে তারেকে বলেন, “সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।”

মতবিনিময়ের ওই সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সভা পরিচালনায় ছিলেন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।
সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান, অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ, অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল, অবসরপ্রাপ্ত কর্নেল হান্নান মৃধা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জোহা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত মেজর রেজা করিম, অবসরপ্রাপ্ত মেজর সামসুজ্জোহা, অবসরপ্রাপ্ত মেজর জামাল হায়দার, অবসরপ্রাপ্ত মেজর আজিজুল হক, অবসরপ্রাপ্ত মেজর গোলাম মান্নান চৌধুরী, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর শফিক আহমেদ, অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইমরান কাজল ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রেজাউর রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।