২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার বক্তব্যে ‘জাতির প্রত্যাশা পূরণ হয়নি’: সালাহউদ্দিন

“স্ট্যান্ডিং কমিটি জরুরি বৈঠকে বসছি; তারেক রহমানের সভাপতিত্বে। সেখানে এ নিয়ে আলোচনা হবে,” বলেন দলটির স্থায়ী কমিটির এ সদস্য।

প্রধান উপদেষ্টার বক্তব্যে ‘জাতির প্রত্যাশা পূরণ হয়নি’: সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 09:00 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন দেওয়ার যে ‘প্রতিশ্রুতি’ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দিয়েছেন, তাতে ‘জাতির প্রত্যাশা পূরণ হয়নি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 

সালাহউদ্দিন বলেন, ‘‘প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। আমরা রাত ৯টায় স্ট্যান্ডিং কমিটি জরুরি বৈঠকে বসছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক হবে। সেখানে বিষয়টি আলোচনা হবে।

“আমরা আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাব।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। 

“এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।”

বিএনপিসহ বেশ কয়েকটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, সংসদ নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয়। তবে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়েছে দলটি।  

তবে মুহাম্মদ ইউনূস বলে আসছিলেন, নির্বাচন কবে হবে তা নির্ভর করবে সংস্কার কতটা করা হবে তার ওপর।

তার কথায়, গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। বেশি সংস্কার করলে আগামী বছরের জুনের মধ্যে ভোট করা যাবে। তবে নির্বাচন জুনের পরে যাবে না, সেটাও তিনি এতদিন বলে আসছিলেন।

এর মধ্যে শুক্রবারের ভাষণে এপ্রিলের প্রথমার্ধে ভোটের প্রতিশ্রুতি দিলেন তিনি।