কথা বলার স্বাধীনতা থাকতে হবে: ফখরুল
“আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে,” বলেন তিনি।
দেশে গণতন্ত্রের চর্চা হয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “এটা বোধহয় সম্ভবত ‘লিগেসি অব পাকিস্তান পলিটিক্স’ থেকে এটা এখানে হয়নি। আমরা এখানে দেখেছি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি।”
মঙ্গলবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে। এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি।
“…আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি। অনেকে যে বলেন কিছু হবে না। এটা সঠিক নয়। অনেক কিছু হবে এবং অবশ্যই বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব।”
‘দ্য ভয়েস অব ডেমোক্রেসি রিথিংক বাংলদেশ’, ‘ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি’ ও ‘প্ল্যাটফর্ম দ্য বাংলাদেশ ডায়ালগের’ উদ্যোগে ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে ‘মাননীয়’ শব্দ নিয়ে আপত্তির কথা তুলে ধরে তিনি বলেন, “এই যে মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা, এটা কি আমরা বাদ দিতে পারি না। আমরা কেন জানি মনে হয়, এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা বোধহয় হয়।
“আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কিছুদিন আমি অর্থ প্রতিমন্ত্রী ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে। পরে কৃষিতে ছিলাম, এরপরে সিভিল এভিয়েশনে ছিলাম। আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউজে গেলে প্রথমে পুলিশের একটি কন্টিনজেন্ট চৌকসভাবে দাঁড়িয়ে বড় করে একটা গার্ড অব অনার দিত। আর সঙ্গে সঙ্গে আমার মনে হত যে, আমি একটা কেউকেটা বিরাট কিছু, আমাকে স্যালুট জানানো হচ্ছে। এই যে ধারণাটা, এই ধারণা আমাকে ভিন্ন জগতে নিয়ে যায়।”
অনুষ্ঠানে ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু, বিশ্ব ব্যাংকের সাবেক স্বাস্থ্য বিশেষজ্ঞ জিয়াউদ্দিন হায়দার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম, এডকম হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী বক্তব্য দেন।
