Published : 18 Dec 2025, 07:55 PM
তারেক রহমানকে সংবধর্না জানাতে ঢাকায় আসা নেতাকর্মীদের জন্য সাতটি রুটে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি।
আগামী ২৪ ডিসেম্বর রাতের জন্য এ বরাদ্দ চেয়ে চিঠিটি পাঠিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সাতটি রুটের মধ্যে রয়েছে— কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাই নবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।
চিঠিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরবেন। তাকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে বিপুল ছাত্র-জনতা ঢাকায় আসবেন।
“তাদের আসার সুবিধার্থে বিএনপি ২৪ ডিসেম্বর রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ নিতে ইচ্ছুক।”
চিঠিতে সাতটি রুটে একটি করে বিশেষ ট্রেন ও অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি চাওয়া হয়।
২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মত তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশে ফিরে তারেকের ওঠার কথা গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িতে থাকেন খালেদা জিয়া।