২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধে সাড়ে ৭ মাসেও দিল্লির জবাব পায়নি ঢাকা

“আমরা তো এটা কখনোই গোপন করি নাই, আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়,” বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 08:07 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে দেওয়া চিঠির জবাব সাড়ে সাত মাসেও পায়নি বাংলাদেশ সরকার।

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ঢাকা এখনও দিল্লির জবাবের ‘অপেক্ষায়’ আছে।

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে এসে হাসিনাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “আপনারা জানেন, আমরা তো এটা কখনোই গোপন করি নাই, আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়।

“ভারত থেকে এটার কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতোমধ্যে বিচার প্রক্রিয়াতো শুরু হয়েছে। কারণ, কেউ আসুক বা না আসুক সেজন্যতো বিচার আটকে থাকে না।”

প্রবল গণ আন্দোলনের মুখে গতবছর ৫ অগাস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনও আত্মগোপনে রয়েছেন।

এর মধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনালে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারাদেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ অর্ধশতাধিক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে বিচার শুরু করেছে ট্রাইব্যুনাল।

প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২৩ ডিসেম্বর ভারত সরকারকে ‘কূটনৈতিকপত্র’ পাঠায় অন্তর্বর্তী সরকার।

ওই সময় ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর অবস্থানে আছে ভারত সরকার। ঢাকার চিঠির জবাব দিতে দিল্লি কয়েক মাস সময় নিতে পারে– এমন কথাও বলা হয় সেসব প্রতিবেদনে।

সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে দিল্লির নিশ্চুপ অবস্থানের মধ্যে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা, এমন প্রশ্নে সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেন, “যদি কখনও প্রয়োজন মনে করে সরকার, তখন সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না।”

শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েন চলছে। এর মধ্যে দুই দেশের বন্দিবিনিময় চুক্তি না মেনে সীমান্তে ‘পুশ ইন’ অব্যাহত রেখেছে ভারত।

বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত ৭ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ১ হাজার ২২২ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে; যা এখনও অব্যাহত আছে।

পুশ ইন ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারের ‘নীতি’ প্রসঙ্গে এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “পুশ ইনের কোনো নীতি নেই। নীতিটা হচ্ছে যে যদি ওখানে বাংলাদেশি কোনো নাগরিক থাকে, ইনফর্মাল বা ইলিগ্যাল বা এরকম যে যথাযথ ভিসা নিয়ে যায় নাই। তাহলে তাকে তো তারা কাস্টডিতে নিতে পারে। 

“তখন আমাদেরকে জানাবে, আমরা কনফার্ম করব যে ‘হ্যাঁ, সে আমাদের নাগরিক’, তখন তারা আমাকে হ্যান্ডওভার করবে।”

পুশ ইনের মাধ্যমে সেই প্রক্রিয়ার ‘ব্যতয় করা হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, “যেটা আমরা মোটেই গ্রহণ করি না এবং আমরা এটা নিয়ে আপত্তিও প্রকাশ করেছি।

“আমরা তাদেরকে এ কথাও বলেছি যে, ‘তোমরা যখন তালিকা দিয়েছো আমাদেরকে, আমরা সেই তালিকা অনুযায়ী চেক করে যখন আমাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে, আমরা কিন্তু তাদেরকে ফেরত নিয়েছি। কাজেই তোমাদের সেই পদ্ধতিতেই স্থির থাকা উচিত’। তারপরেও তারা পুশ ইন করছে, এটা আনফরচুনেট। আমরা এটা নিয়ে প্রটেস্ট করছি।”

ভারতের ক্রমাগত পুশ ইনের বিপরীতে বাংলাদেশে করণীয় প্রসঙ্গে আরেক প্রশ্নে তিনি বলেন, “একটি কথাতো অনস্বীকার্য যে, এটা নিয়ে আমরাতো যুদ্ধ করব না নিশ্চয়। তাহলে বাকি পদ্ধতি থাকে হল, ডিপ্লোমেটিক্যালি এটাকে হ্যান্ডেল করা। 

“সেটা আমরা করছি। সফল্য আসছে না। আমরা আশা করি যে, কখনও সাফল্য আসবে। এটুকুই এর চেয়ে বেশি কিছু করার নেই।”