২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারকে ভয় পাই না, সমস্যা অন্য জায়গায়: ফখরুল

“এই যে পিআর, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন নিম্ন কক্ষে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না।“

সংস্কারকে ভয় পাই না, সমস্যা অন্য জায়গায়: ফখরুল
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:16 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সংস্কারকে ভয় পায় না, বরং সংস্কারকে স্বাগত জানায়। তবে সমস্যাটা ‘অন্য জায়গায়’।

“সমস্যাটা ওই জায়গায় হয়, যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তার সাথে আমাদের দেশ-জাতি পরিচিত নয়।”

মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপি মহাসচিব। সেখানে অন্য অনেক বিষয়ের সঙ্গে তিনি সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলেন। 

জাতীয় ঐকমত্য কমিশনের প্রশংসা করে ফখরুল বলেন, “আমরা খুব খুশি হই যখন পত্রিকায় দেখি একটা পজেটিভ নিউজ। আমাদের রিপন ভাই (আসাদুজ্জামান রিপন) সব নেগেটিভ কথা বলে গেছেন, উনি কিছুই ভালো দেখছেন না। আমি কিন্তু কিছু ভালো দেখছি।

“ভালোটা দেখছি এজন্যে যে, আজকেই খবরের কাগজে দেখলাম যে বোধহয় ১২টা মৌলিক বিষয় পরিবর্তনে সবগুলো দল এক হয়েছে। দিস ইজ আ পজেটিভ স্টেপ এবং আমি ধন্যবাদ জানাই ড. আলী রীয়াজকে (জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি), যে তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গায়টায় আসার চেষ্টা করেছেন।”

সমালোচকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আমাদেরকে অনেকে খোটা দিয়ে কথা বলে যে, আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরু আমাদের দিয়ে।”

এই দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি ১৯৭৫ পরবর্তী সময়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেন। 

তবে কেউ যখন সংস্কারের নামে ভিনদেশি ধারণা ‘চাপিয়ে দিতে’ চান, তা মানতে বিএনপির আপত্তির কথা তুলে ধরেন ফখরুল। 

এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “এই যে পিআর, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচন নিম্ন কক্ষে, এটা (পিআর) আমাদের দেশের মানুষ বোঝেই না।

“তারা (মানুষ) বলে পিআর কী জিনিস ভাই? যারা এখনো ইভিএমে ভোট দেওয় বোঝে না, যার ফলে ইভিএমে ভোট দেয় না, তারা পিআর বুঝবে কী করে? এই চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে। 

“দুঃখজনক হলে, এটাকে আমাদের দেশের দুয়েকটা রাজনৈতিক দল প্রোমোট করে। প্রোমোট না, পণ করে বসে আছে যে, এটা না হলে নির্বাচনে যাবো না। এখন কী বলব বলেন?”

অন্তবর্তী সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘‘এদেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, জনগণের প্রতিনিধি থাকে সেই পার্লামেন্ট নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলেই সমস্যাগুলোর সমাধান হবে, না হলে হবে না।

“বাইরে থেকে এসে বসে কাউকে আপনার নতুন নতুন চিন্তাভাবনা দিয়ে দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাকে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।”

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা হয়।

২০২০ সালের ২৮ জুলাই মারা যান স্বেচ্ছাসেবক দলের তৎকালীন সভাপতি শফিউল বারী বাবু।

প্রয়াত শফিউল বারী বাবুকে ‘একজন বিরল প্রতিভার অধিকারী’ নেতা হিসেবে বর্ণনা করে তার স্মরণে একটি ফাউন্ডেশন গঠনের পরামর্শ দেন বিএনপি মহাসচিব।

‘বেদনায় নীল হয়ে যাই, এটাই বাস্তবতা’

চাঁদা আদায়ের অভিযোগে একটি দলের চার জন গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা চারদিকে যা দেখতে পাই, আমি গতকালই বলেছিলাম… এনিয়ে অনেক সমালোচনা হচ্ছে, বলাও হচ্ছে যে, আমি বেদনায় নীল হয়ে যাই। এ নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে, কিন্তু বাস্তবতা তাই।” 

বিএনপি মহাসচিব বলেন, “আমরা যারা রাজনীতি করতে এসছিলাম একটা পরিবর্তনের জন্য। কিছুক্ষণ আগে আমি একটা প্রোগ্রামে ছিলাম বনানীতে ‘মাঠের ডাক ও আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে আন্দোলনে যেসমস্ত ছেলেরা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি সন্মাননা জানানোর একটা অনুষ্ঠানে।

“আমার বার বার মনে হয়েছে, এই যে ছেলেগুলো প্রাণ দিল, এই যে ইলিয়াস আলী গুম হয়ে গেল, আমাদের মধ্যে চৌধুরী আলম থেকে শুরু প্রায় ১৭শ নেতা-কর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতা-কর্মী প্রাণ দিল, ২ হাজারের উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল, তার মূল্যটা কী? তার দামটা কত?”

মির্জা ফখরুল বলেন, “আজকে খুব কষ্ট পাই যখন শুনি শহীদ জিয়ার প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে, সেখান থেকে সরিয়ে ফেলা হবে। আমি বিবৃতি দিয়েছি, আমি আজকে এই আলোচনা সভা থেকে আবার অনুরোধ করব… আমি শুনেছি এটা নাকি হাই কোর্টের জায়গা। 

“যারই জায়গা হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সকলের মতামত নিয়ে সেদিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন। এখন সারা বাংলাদেশেই শিশু একাডেমির শাখা আছে।”

প্রয়াত শফিউল বারী বাবু স্মৃতি পরিষদের সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুঁইয়া, তাহসিনা রুশদীর লুনা (ইলিয়াস আলীর স্ত্রী), ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, এবিএম মোশারফ হোসেন, মীর সরাফত আলী সপু, হেলেন জেরিন খান, হারুনুর রশীদ, আমীরুল ইসলাম খান আলীম, এসএম জিলানি, মোস্তাফিজুর রহমান, হাবিবুর রশিদ হাবিব, সাইফ মাহমুদ জুয়েল, প্রয়াত শফিউল বারী বাবুর বড় ভাই সাইয়িদুল বারী মির্জা, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ বক্তব্য রাখেন।

শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইনসহ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘গুম হওয়া পরিবারের শিশুদের নিয়ে অনুষ্ঠান’

এদিন বনানী খেলার মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আমরা যে পরিবর্তন চাচ্ছি, সংস্কার চাচ্ছি সেই সংস্কার সেই কাঠামো যদি মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যতের নির্মাণ করতে পারবে না, তাদের জন্য একটা নিরাপদ নিশ্চিত জীবন নিশ্চিত করতে না পারে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না।”

গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে অন্তবর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

অন্যদের মধ্যে ‘মায়ের ডাক’ এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি, ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালনে বিএনপির জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।