২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের অধিকার ‘খর্বে’ আদালতকে ব্যবহার করা হচ্ছে, অভিযোগ মান্নার

“কোটা বহাল করার পরের মিছিল দেখেন, শিক্ষকদের ধর্মঘট দেখেন, রাজপথ আবার সরগরম হচ্ছে,” বলেন তিনি।

জনগণের অধিকার ‘খর্বে’ আদালতকে ব্যবহার করা হচ্ছে, অভিযোগ মান্নার
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার এক সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 06:07 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

জনগণের অধিকার ‘খর্ব’ করতে সরকার আদালতকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার এক সমাবেশে তিনি বলেন, “একটা সরকারের আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে, সেই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে। যাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতির কাহিনি এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা একটা সরকার হল?

“জিনিসের দাম কমাতে পারে না, আমার-আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না, কিন্তু কোর্টকে দিয়ে কোটা বহাল করতে পারে, কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে; যাতে জনগণের অধিকার খর্ব হয়।”

পেনশন নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে মান্না বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা নতুন পেনশন স্কিম মানেন না, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ। কোনো মন্ত্রী কোনো কথা বলছেন না। আমি পত্রিকায় দেখলাম, আজকে নাকি সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের সঙ্গে বসবেন কিন্তু পরে শুনলাম তা স্থগিত করা হয়েছে।

“তার মানে একের পর এক। কোটা বহাল করবার পরে গতকালকের মিছিল দেখেন, শিক্ষকদের ধর্মঘট দেখেন, রাজপথ আবার সরগরম হচ্ছে। আবারও বিরোধী দল মাঠে নামছে। আমি আপনাদের বলি, কেউ কেউ বলেন, ‘ভাই আগেও বলেছেন কিন্তু সরকার তো যায়নি’। আমি মানি, যায়নি কিন্তু যাবে, সরকারকে যেতে হবে। এই সরকার থাকার সরকার নয়। এটা কোনো সরকারই নয়।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে অষ্টম সংসদের বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর সংসদ ভবন প্রাঙ্গণে পুলিশি হামলায় ১৪ বছরেও দোষীদের বিচার না হওয়ার প্রতিবাদে সমাবেশ আয়োজন করা হয়। 

সেখানে জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন, তবে কোনেো বক্তব্য দেননি। ১৩ বছর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যের মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষে বিরোধী দলীয় হুইপ আহত হন।

ট্রানজিট প্রসঙ্গে

মান্না বলেন, “আজকের পত্রিকায় দেখলাম, উনি (প্রধানমন্ত্রী) বলছেন, ট্রানজিট দিয়েছি, তাতে ক্ষতি কী? আরে ট্রানজিট তো দেননি, করিডোর দিয়েছেন। আপনার দেশ দিয়ে ট্রেন ঢুকবে, সেই ট্রেন আবার তাদের দেশেই ঢুকবে। এই ট্রেন মালবাহীও হতে পারে, এই মালগাড়ির মধ্যে কী থাকতে পারে, তা আমরা জানি না।”

তিনি বলেন, “একইভাবে ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে, আমার দেশের মধ্যকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। কেন তার সঙ্গে চুক্তি করতে হবে? একই প্রশ্ন করি, আমাদের আনবিক শক্তি বিকাশের জন্য ভারতে সঙ্গে কাজ করতে হবে কেন?

“সামগ্রিকভাবে (প্রধানমন্ত্রী) বলছেন, এটা চুক্তি নয় কিন্তু যখন সমঝোতা স্মারক করা হয়; তার মানে বুঝানো হয় যে, এটা চুক্তিতে গড়াবে। আমরা বলছি, এসব বাতিল করেন। পরিণতি খারাপ হবে এক কথায়। সেই পরিণতি বিবেচনা করেই আমরা বলছি, এ সমঝোতা স্মারকের পরে এগুলো চলবে না।”

মান্না বলেন, “এক কথায় এই সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। এই সরকার জিনিসের দাম কমাতে পারে না, জনগণের ভরণপোষণ দিতে পারে না, ভোট দেয় না, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয় না, মানুষের ওপর অত্যাচার করে, নির্যাতন করে, এখন পর্যন্ত  জয়নুল আবদিন ফারুকের ওপর হামার বিচার করা হয়নি। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলাব, আন্দোলন চলবে।

“ভরসা রাখেন, আজ হোক কাল হোক এর বিরুদ্ধে সে রকম আন্দোলনই গড়ে তুলবার চেষ্টা করছি আমরা যাতে আমাদের যে দাবি আছে ‘তাকে চলে যেতে হবে, একটা অন্তর্বতী সরকারের অধীনে নির্বাচন হবে’ সেই দাবিতে আমরা আন্দোলন করবে, ইনশাল্লাহ।”   

অন্যদের মধ্যে মনজুর রহমান ভুঁইয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মাওলানা শাহ মো. নেছারুল হক সমাবেশে বক্তব্য দেন।