২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা ফখরুলের সঙ্গে সিঙ্গাপুরের হাই কমিশনারের সাক্ষাৎ

সিঙ্গাপুর মনে করে একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 01:33 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো।

রোববার সকাল সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিঙ্গাপুরের হাই কমিশনারের গাড়ি প্রবেশ করে।

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

আর হাই কমিশনার লোর সঙ্গে হাই কমিশনের শার্জ দি অ্যাফেয়ার্স মিচেল লো, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম ছিলেন।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “এটি সৌজন্য সাক্ষাৎ ছিলো। দুই দেশের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তারা বিশ্বাস করে যে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন বিনিয়োগসহ যে সব বিষয়ে সিদ্ধান্তের ব্যাপার আছে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে সেই সিদ্ধান্তগুলো নিতে সহজ হয়, তারা এও মনে করে যে, একটা নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব না।”

সিঙ্গাপুরে দক্ষ শ্রমশক্তি পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও আমীর খসরু জানিয়েছেন।

তিনি বলেন, “সিঙ্গাপুরে প্রচুর নার্স দরকার, অন্যান্য ক্ষেত্রে স্কিলড ওয়ার্কার নিতে তাদের উৎসাহ আছে। আমাদের শ্রম শক্তিকে আরও দক্ষ করার জন্য সিঙ্গাপুর বিভিন্ন ইন্সটিটিউশনের মাধ্যমে বিনিয়োগ করতে চায়, টেকনিক্যাল সহযোগিতা দিতে চায়।

“সিঙ্গাপুর বন্দর ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ। তারা আমাদের দেশের বন্দরগুলো কার্য্কর করতে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেছে।”

আমীর খসরু বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পেও সিঙ্গাপুর ‘সহযোগিতা করতে আগ্রহী’।

“তারা এনার্জি ও ফাইনান্সিয়াল সেক্টারেও কাজ করার কথাও বলেছে।”