০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ জামায়াতের প্রতিবাদ

“সাংবাদিকদের সামনে এমন অশালীন বক্তব্য রেখে পিপি নিজের অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন,” বলা হয় বিবৃতিতে।

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ জামায়াতের প্রতিবাদ

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শনিবার প্রিজন ভ্যান থেকে নামানোর সময় হেলমেট ছুঁড়ে ফেলে দেন জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 11:55 PM

Updated : 03 Oct 2026, 11:55 PM

বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি দেওয়ার অভিযোগে আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তা নিয়ে ‘আপত্তিকর শব্দচয়ন’ করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর (পিপি) সমালোচনা করেছে বাংলাদেশে জামায়াতে ইসলামী।

দলটি বলেছে, এ ধরনের ‘অশালীন’ বক্তব্য দিয়ে পিপি নিজের অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন।

শনিবার এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।

বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে জামায়াতে ইসলামীর নেতা আখতারুজ্জামানের উচ্চ-বাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাতে দেখা দেখা যায়, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান বিমানবন্দরের ইউডি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে উদ্দেশ করে বলছেন, “ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব। আপনারা কাজ করেন না, কিছু করেন না, তদবির করে পোস্ট নেন। মাইর খাইতে চান?”

এ ঘটনায় শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় মামলা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।

শনিবার এ মামলায় আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত।

এদিন আদালত প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এ মামলা নিয়ে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।

সেখানে আখতারুজ্জামানকে রিমান্ডে নেওয়ার কারণ জানতে চান এক সাংবাদিক।

জবাবে বিমানবন্দরের ‘উচ্চ-বাচ্যের’ প্রসঙ্গ টেনে ওমর ফারুক বলেন, “আমাদের দেশে প্রতিবাদ করা কোনো অন্যায় নয়। কিন্তু প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের যে ধরন, সেটা যদি অপরাধের পর্যায়ে চলে যায়, তাহলে অবশ্যই সেটাকে অপরাধের আওতায় নিয়ে আসতে হবে।

“তার প্রতিবাদ ছিল অপরাধমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

আখতারুজ্জামানের প্রসঙ্গ ধরে জামায়াতে ইসলামীর সমালোচনাও করেন রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।

তিনি বলেন, “তারা কিছু লোককে রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে এসেছে, তারা আবার ‘বাতিল মাল’। সরকার আর মানুষকে গালাগাল করা ছাড়া, উশৃঙ্খল বক্তব্য দেওয়া ছাড়া আর কিছু তারা করে না।”

ব্রিফিংয়ে ওমর ফারুকের দেওয়া এসব বক্তব্যের প্রতিবাদে রাতে বিবৃতি আসে জামায়াতের পক্ষ থেকে।

তাতে বলা হয়, “আখতারুজ্জামানের মামলা নিয়ে ব্রিফ করার সময় মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী অশালীন ও আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, যা একজন দায়িত্বশীল ব্যক্তির স্থান থেকে অনুচিত।”

“আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য ও দেশের একজন সম্মানিত নাগরিক। তার সম্পর্কে সাংবাদিকদের সামনে এমন অশালীন বক্তব্য রেখে পিপি নিজের অবস্থান ও দায়িত্বকেই প্রশ্নবিদ্ধ করেছেন।”

গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর রাজনীতিতে নাম লেখান আখতারুজ্জামান। সেদিন ‘প্রাথমিক সহযোগী সদস্যের’ ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।

আখতারুজ্জামান বিএনপি থেকে কিশোরগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন, যিনি স্থানীয়ভাবে মেজর রঞ্জন নামে পরিচিত। দলের সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে তিন দফা বহিষ্কার করে বিএনপি।

আরো পড়ুন

পুরানো খবর:

শাহজালালের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে মামলা
আখতারুজ্জামান রঞ্জনের মামলার প্রতিবেদন দিতে হবে ১০ নভেম্বরের মধ্যে
শাহজালালের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার
হেলমেট ছুঁড়ে ফেলে আখতারুজ্জামান বললেন, ‘কেন আমি হেলমেট পরব’
আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিকদের ঢুকতে দেয়নি পুলিশ
শাহজালালের ইডিকে হুমকি: আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড
জামায়াতের আখতারুজ্জামানকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ
বিমানবন্দরের নির্বাহী পরিচালককে ঘাড় ধাক্কা দিতে চাইলেন জামায়াত নেতা
জমজমের পানি দিতে দেরি, বিমানের ২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা