উন্নয়নের ‘খোলস’ ভেঙে পড়ছে: খসরু
“সরকার একটা আর্টিফিসিয়াল অর্থনীতি জনগণের সামনে তুলে ধরছে বারবার,” বলেন তিনি।
সরকার মানুষকে ধোঁকা দিতে উন্নয়নের খোলস তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, “সরকার দেশের মানুষকে মানুষকে যে উন্নয়নের ‘ধোঁকা’ দিচ্ছে এটা তো বারবার অর্থনীতিবিদরা, আমরা রাজনীতিবিদরা বারবার বলেছি। এই উন্নয়নের খোলস বাংলাদেশকে খালি করে দেওয়ার জন্য। এটা একটা খোলস মাত্র। এই উন্নয়নের খোলস ক্রমান্বয়ে ভেঙে পড়ছে।
‘‘সরকার জনগণের মধ্যে উন্নয়ন নিয়ে ভীতি সৃষ্টি করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, নিরাপত্তা কেড়ে নিয়ে, বাকস্বাধীনতা কেড়ে নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে প্রত্যেক প্রতিষ্ঠান দখল করে দলীয়করণ করা হয়েছে। সব সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে।’’
শনিবার দুপুরে নগরীর মেহেদীবাগের বাসভবনে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “শুধু উন্নয়নের ধুয়া তুলে, সমস্ত অধিকার কেড়ে নিয়ে সরকার যে একটা মিথ তৈরি করেছিল- সেটা টিকে থাকার কোনো সুযোগ নেই। ওটা সাময়িকভাবে টিকে থাকতে পারে। এখন প্রত্যেকটি ক্ষেত্রে সেটা বেরিয়ে পড়ছে।
‘‘চরম দুর্নীতি, কীভাবে দুর্নীতি হয়েছে, টাকা পয়সা পাচার হচ্ছে, কীভাবে ব্যাংক খালি হয়েছে, কীভাবে শেয়ার বাজার দখল করেছে, কীভাবে রিজার্ভের টাকা বিদেশে পাচার করেছে, কীভাবে মেগা প্রজেক্টের টাকা লুটপাট করছে- সব এখন জানা যাচ্ছে।”
বিএনপি নেতা আমীর খসরু বলেন, “সবচেয়ে বড় কথা হচ্ছে দুর্নীতি এমন পর্যায়ে গেছে যে অর্থনৈতিক পরিসংখ্যানগুলো পর্যন্ত মিথ্যা দিতে হচ্ছে। পরিসংখ্যানে তারা মিথ্যাচার করছে। এই যে এক্সপোর্টের ১৪ বিলিয়ন ডলার অতিরিক্ত দেখিয়েছে। তারা বলছে ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এখন দেখা যাচ্ছে, ঘাটতি হয়েছে ৬ শতাংশের উপরে। এটার ফলে অর্থনীতির যে মানদণ্ডগুলো আছে, সেসব জায়গায় প্রভাব পড়ছে।”
সরকার ও তাদের লোকজন দেশের সব অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “নতুন করে কোনো বিনিয়োগ হচ্ছে না। যেখানে মিল-ফ্যাক্টরিগুলোর মালিকেরা চালাতে পারছে না। তাদের গ্যাস নাই, বিদ্যুৎ নাই এবং অর্থের সংকট। সব অর্থ তো লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। আর বাকি যা আছে সেগুলো তো সরকার ধার করে নিয়ে যাচ্ছে ব্যাংকগুলো থেকে।”
আমীর খসরু বলেন, “নতুন বিনিয়োগ তো দূরের কথা, বর্তমানে যারা আছে- তাদেরও এখন মিল-ফ্যাক্টরি এক শিফটে চালাতে হচ্ছে, না হয় বন্ধ করে দিচ্ছে। এবং এখানে শুধু উৎপাদন কমার কারণে আবার দ্রব্যমূল্যও বৃদ্ধি পাচ্ছে।
‘‘দেশের সার্বিক আমদানি-রপ্তানির মধ্যে যে একটা ভারসাম্য- সব ভেঙে চুরমার হয়ে গেছে। সরকার একটা আর্টিফিসিয়াল অর্থনীতি জনগণের সামনে তুলে ধরছে বারবার। যেটা এখন ভেঙে পড়ছে এবং এটা ভেঙে পড়ারই কথা। এ ধরনের অর্থনীতি অব্যাহতভাবে চলতে পারে না।”
