Published : 16 Feb 2026, 07:52 PM
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের তিন সদস্যকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.জুয়েল রানা জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, মিরপুর গভর্নমেন্ট রুপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো.সাকিব, নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজের মো.জিহাদুল ইসলাম জিহাদ ও বরিশালের রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রিফাদ ।
আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেন।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ধানমন্ডি ৩২ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই ইকবাল আহমেদ জিন্নাহ।
আবেদনে বলা হয়, আসামিদের মামলার ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এবং প্রাথমিক তদন্তে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানা যাচ্ছে। তারা ঘটনাস্থল থেকে মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে যড়যন্ত্রের চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে।
মামলার বিবরণে বলা হয়, গত বছরের ৩০ নভেম্বর ধানমন্ডির কাজী নজরুল ইন্সটিটিউটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে বিভিন্ন স্লোগান ও মিছিল দিতে থাকেন। এসময় সেখানে ধানমন্ডি ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শওকত ওসমান বাবু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগ কর্মী মিলন খানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ মামলায় বাদী হন ধানমন্ডি মডেল থানার এসআই মো. আল হেলাল।