Published : 01 Mar 2026, 09:28 PM
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় সমাবেশ করেছে দলটির যুব সংগঠন জাতীয় যুব জোট।
রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে যুব সমাবেশ ও আলোচনা সভায় এমন দাবি জানায় সংগঠনটি।
পরে সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির খবর দিয়েছে সংগঠনি।
সভায় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মোহসীন অভিযোগ করেন, বেআইনিভাবে হাসানুল হক ইনুকে আটকে রাখা হয়েছে। ‘বেআইনি’ এ বিচার বন্ধ করে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে।
যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন বলেন, “১৯৭১ সালের ১ মার্চ থেকে স্বাধীনতার লক্ষ্যে উত্থিত বাঙালি জাতি পাকিস্তানের কফিনে একের পর এক পেরেক মেরে ইতিহাসে অগ্নিঝরা সংগ্রামময় এক ঐতিহাসিক মার্চ নির্মাণ করেছিল।
“জাতির দুর্ভাগ্য সেই অগ্নিঝরা মার্চের অন্যতম নায়ক ও জাতীয় বীর হাসানুল হক ইনুকে রাজাকার আলবদর নিয়ন্ত্রিত বেআইনি আদালতে বেআইনি বিচারে বিচারিক হত্যার আয়োজন চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অতি শিগগির হাসানুল হক ইনুর বেআইনি বিচার ও মুক্তি চাই।”
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজনও ইনুর মুক্তি দাবি করেন।
কর্মসূচিতে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো. আনোয়ারুল হক, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রনেতা রাজু আহাম্মেদ, যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, যুব আন্দোলনের সভাপতি মুশাহিদ আহমেদ, যুব ঐক্যের মিনহাজ সেলিম, যুব জোটের কার্যকরী সভাপতি আমিনুল আজিম বনি, সহসভাপতি মো. আবু হানিফ বক্তব্য রাখেন।