২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপশক্তিকে ছাড় নয়, সহিংসতার জড়িতদের বিচার হবে: কাদের

“এরা জনগণের জীবনযাত্রায় স্বস্তি প্রদানকারী মেগা প্রকল্পগুলোকে লক্ষ্য করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে”, বলেন আওয়ামী লীগ নেতা।

অপশক্তিকে ছাড় নয়, সহিংসতার জড়িতদের বিচার হবে: কাদের
সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই বেশ কিছু সরকারি স্থাপনায় হামলা হয়। পুড়িয়ে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্পত্তি। ওবায়দুল কাদের এর জন্য দায়ী করেছেন বিএনপি-জামায়াতকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 06:35 PM

Updated : 26 Aug 2026, 10:03 AM

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সরকারি বিভিন্ন স্থাপনা ও মেগা প্রকল্পে হামলা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। এই সহিংসতার সঙ্গে জড়িত সকলকে বিচারের মুখোমুখি হতে হবে।” 

বুধবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঢাকা-৪ ও ঢাকা-৫ এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, দল ও সহযোগী সংগঠনসমূহের নেতাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

কাদের বলেন, “এরা জনগণের জীবনযাত্রায় স্বস্তি প্রদানকারী মেগা প্রকল্পগুলোকে লক্ষ্য করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। 

“বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির বিভিন্ন স্মারক মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজাসহ বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবন, বিআরটিএ, ডাটা সেন্টার, বিভিন্ন পুলিশি থানা ও পুলিশ বক্স, নরসিংদী কারাগার এবং বিভিন্ন স্থাপনা ও হাসপাতালে হামলা চালিয়েছে ও অগ্নিসংযোগ করেছে।“ 

এসব সহিংসতার জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করেন ক্ষমতাসীন দলের নেতা। বলেন, “এই অপশক্তির মূল উদ্দেশ্যই হল বাংলাদেশকে পিছিয়ে দেওয়া। 

“জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অদম্য স্পৃহা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে এক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। উন্নয়ন-অগ্রগতির চলমান চাকাকে থামিয়ে দিতে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা সুপরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ চালায়। যে উন্নয়ন-অগ্রগতির মাধ্যমে জনগণের কল্যাণ হয়েছে, জীবনমানের উন্নয়ন ঘটেছে সেই উন্নয়ন-অগ্রগতির চাকাকে থমকে দেওয়ার অপচেষ্টা করা এবং তার উপরে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ চালানো একটি গণবিরোধী রাজনৈতিক অপশক্তির পক্ষেই সম্ভব।” 

‘তারা চায় অকার্যকর রাষ্ট্র’ 

সহিংসতায় জড়িতরা ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মূল চেতনার বিপরীতে দাঁড়িয়ে’ বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় মন্তব্য করে কাদের বলেন, “যা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। যারা এই ধরনের ঘৃণিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

“জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের জনগণের প্রতি দায়বদ্ধ। এই দায়বদ্ধতা পূরণে কোনো অপশক্তিকে কোনো ছাড় দেওয়া হবে না, এই সহিংসতার সঙ্গে জড়িত সকলকে বিচারের মুখোমুখি হতে হবে।” 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি সম্পর্কে যে বক্তব্য রেখেছেন তা ‘সম্পূর্ণ নিখাদ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়করা প্রকাশ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে যে, এ ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা এর দায়ভার নেয়নি। 

“প্রধানমন্ত্রী শুধু নয়, সমগ্র দেশবাসীর কাছে এটা দিবালোকের ন্যায় পরিষ্কার যে, এই সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের পেছনে বিএনপি জামায়াতের রাজনৈতিক মদদপুষ্ট সন্ত্রাসী ক্যাডার বাহিনী জড়িত।” 

মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আগুনে পুড়ে যায় অনেক গাড়ি।

মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আগুনে পুড়ে যায় অনেক গাড়ি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে দলের সাধারণ সম্পাদক বলেন, “বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় স্থাপনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। 

“এরা আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেক নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ বাহিনীর সদস্যদের উপর হামলা করেছে এবং অনেককে হত্যা করেছে। নজিরবিহীনভাবে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা করেছে।” 

"দেশবিরোধী অপশক্তি’ বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করছে বলেও নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ নেতা। বলেন, “তারা মিথ্যা তথ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” 

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান 

নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষের প্রতি হাত বাড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধ করেছেন বলেও জানান ওবায়দুল কাদের। 

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে অসহায়, গরিব, দুস্থ মানুষের পাশে থাকার জন্য আমি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”