আরোপিত আইন দিয়ে সংসদের সার্বভৌমত্বে ‘হস্তক্ষেপ করা যাবে না’: সালাহউদ্দিন
“গণভোটে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধনও হয়ে যাবে না।”
কোনো আরোপিত আইন বা আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে ‘হস্তক্ষেপ করা যাবে না’ বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “আমরা মনে করি বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে খর্ব না হয় সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না।
“কারণ এটাই বাংলাদেশের একমাত্র সার্বভৌম হাউজ যেই সার্বভৌম হাউজে জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের সার্বভৌম প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদে যারা নির্বাচিত হবে তাদের মধ্য দিয়ে।”
শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে এক মৌন মিছিল পূর্ব সমাবেশে কথা বলছিলেন সালাহউদ্দিন।
তিনি বলেন, “বাংলাদেশে একমাত্র হাউজ, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউজ। যে হাউজের যে কোনো আলাপ-আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না।
“সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মত কোনো প্রস্তাব কোন আরোপিত বিষয় থাকতে পারে না সেটা আমরা পুনরুচ্চারণ করছি।”
শাহবাগে জাতীয় যাদুঘরে সামনে নারী ও শিশু ফেরামের উদ্যোগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সংহিংসতা ও অসন্মান : প্রতিরোধে প্রস্তুত সচেতন সমাজ’ শীর্ষক এই সমাবেশ হয়।
সমাবেশের পর নারীরা মুখে কালো কাপড় বেঁধে একটি মৌন মিছিল জাদুঘরের সামনে থেকে বের করেন, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করে।
‘গণভোটে সংবিধান সংশোধন হবে না’
সালাহউদ্দিন বলেন, গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটি তারা স্বাগত জানিয়েছেন।
“কারণ এটা ব্যয় সাশ্রয়ী, এটা সময় সাশ্রয়ী, এইটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে।
“গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হোক সেটা আমরা চাই। আমরা ভোটাধিকার প্রয়োগ করতে চাই। এই জাতির সমস্ত জনগণ সেই ভোটাধিকার স্বাধীনভাবে উৎসবমুখরভাবে প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে।”
‘একটি দল নারীদের কর্মঘণ্টা কমাতে চায়’
নারীদের কর্মঘণ্টা নিয়ে জামায়াতের ইসলামীর আমির যে কথা বলেছিলেন সে প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকেট বিক্রি করে রাজনীতি করতে চায় ভোটের বৈতরণী পার হতে চায় তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে।
“তারা চায় যেন এই দেশের নারীরা অন্দর মহলে বন্দি থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে যে, কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়। অথচ দেখা যায় সেই কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের কর্মসংস্থান কমে যাবে।”
নারীদের কর্মঘণ্টা নিয়ে সালাহউদ্দিন বলেন, নারীরা তাদের কর্মস্থলে অবশ্যই সম্মানের সাথে চাকরি করবে এবং সঠিক কর্মসংস্থানের জন্য কর্মঘণ্টা অনুযায়ী তারা কাজ করবে।
“নারীদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে তাতে করে নারীদের কর্মঘণ্টা কমানোর সাথে এই কর্মসংস্থানের বিপরীত সম্পর্ক। আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা অফিস–আদালত-কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না। বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক? আমরা চাই না।”
কোনো দলের নাম না নিয়ে সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “যারা কর্মঘণ্টা কমানোর পক্ষে বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দি থাকুক। সমাজের অগ্রগতি তারা চায় না।
“দেশের অগ্রগতি নিশ্চিত করতে গেলে বাংলাদেশের সমগ্র জনসমষ্টির যারা অর্ধেক, অর্ধেক নারী, অর্ধেক পুরুষ তাদের অগ্রগতি নিশ্চিত করতে হবে। তাদের প্রগতি নিশ্চিত করতে হবে, তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের পারিবারিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। “
শিক্ষায়-দীক্ষায়-কর্মসংস্থানে, নিরাপত্তায়, বাসস্থানে সমাজে নারীরা যাতে নিরাপদ থাকে সেজন্য ৩১ দফার ভিত্তিতে নারীদের জন্য পরিকল্পনা বিএনপি প্রণয়ন করেছে বলেও জানিয়েছেন তিনি।
‘রাজশাহীর ঘটনায় নিন্দা’
সালাহউদ্দিন আহমদ বলেন, “রাজশাহীতে আমাদের বোনদের উপরে অত্যাচার করেছে, তাদেরকে জুতাপিটা করেছে, প্রহার করেছে…এই ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি। একটি ধর্মীয় গোষ্ঠী, একটি ধর্মের নাম ব্যবহার করে যারা রাজনীতি করে তারা। পত্রিকার মাধ্যমে আপনারা অবশ্যই তা জানেন।
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি টকশোয়ে কথা বলার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যেহেতু তার কথা সেই ধর্মান্ধ গোষ্ঠীকে আহত করেছে। আমরা চাই বাংলাদেশে এমন একটি সমাজ বিরাজ করুক যেখানে আমরা সবাই সমান। এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না, এখানে জাতের ভিত্তিতে কোন বিভাজন থাকবে না, এখানে ধর্ম-বর্ণ-গোষ্ঠী-সংস্কৃত-ভাষাভাষী সকলেই মিলে আমরা বাংলাদেশি।”
সবার সমান অধিকার নিশ্চিতে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এসেছে মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, এই জন্য তারা এতদিন সংগ্রাম করেছেন।
“সেজন্য গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব মানেই হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। সিটিজেন হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার ভোগ করতে পারি।
“এই ভূখণ্ডের মধ্যে আমরা যারাই বসবাস করি আমাদের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক। এখানে কেউ ধর্মীয় পরিচয়ের সংখ্যালঘু, সংখ্যাগুরু থাকবো না, এখানে কোন সংস্কৃতির ভিত্তিতে বিভাজন থাকবে না। এখানে কোন ভাষাভাষী এবং বর্ণের ভিত্তিতে কোন বিভাজন থাকবে না। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে অবশ্যই সামনে কাজ করতে হবে। আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।”
নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় সমাবেশে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরীন ইসলাম খান, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস, সাবেক সাংসদ শিরিন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, বিলকিস ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট শামীমা সুলতানা দিপ্তী, মায়ের ডাক সানজীদা ইসলাম তুলি, ছাত্র দলের রেহানা আখতার শিরিন, মনসুরা আলম, ডাকসুর সানজীদা আহমেদ তন্বীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
