নতুন ইসি জনগণের আশা পূরণ করবে, আশা আমীর খসরুর
“একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যত দ্রুত সম্ভব তারা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা থাকবে।”
এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন জনগণের আশা পূরণে সফল হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সাক্ষাতের বিষয়ে এক ব্রিফিঙে তিনি এই প্রতিক্রিয়া জানান।
এদিন দুপুরে সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ও চার নির্বাচন কমিশনার।
শপথ নেওয়া চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্মদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপি নেতা আমীর খসরু বলেন, “এটা (নতুন নির্বাচন কমিশনের শপথ) একটা ভালো পদক্ষেপ যেটা সকলের প্রত্যাশা ছিল। এই যে সবাই জানতে চাচ্ছে নির্বাচনের রোড ম্যাপ কী, কবে নির্বাচন হবে, দেশি-বিদেশি স্টেক হোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে।
“আজকের শপথ নিশ্চয় একটা ভালো পদক্ষেপ, ভালো মেসেজ যাবে। তবে শপথ পরবর্তি কার্যক্রম যেগুলো আছে, সেগুলো আমরা আশা করি, জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যত দ্রুত সম্ভব তারা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা থাকবে।”
তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে মহসচিবের সাক্ষাৎ প্রসঙ্গে আমীর খসরু বলেন, “তুরস্কের রাষ্ট্রদূতের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। নির্বাচন কবে তারা এটা জানতে চেয়েছে।
“আমি আগেও বলেছি, দেশের ভেতরে ও দেশের বাইরে স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষায় আছে। আগামীদিনের বাংলাদেশ নিয়ে যাদের চিন্তা আছে, প্ল্যান আছে, যাদের বাংলাদেশে বিনিয়োগের বিষয় আছে, তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফরমেশন করে একটা ডেমোক্র্যাটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার ও সংসদ হবে… যারা জনগনের কাছে দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি থাকবে এবং যার কারণে আগামীদিনের জন্য যেসব স্টেক হোল্ডাররা অপেক্ষা করছে, তারাও সিদ্ধান্ত নিতে পারে।”
