Published : 13 Aug 2025, 03:56 PM
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “মহাসচিব মহোদয়ের চোখের রেটিনায় একটি অস্ত্রোপচার হয়েছিল। পরবর্তী ফলোআপ চিকিৎসায় আজকে ব্যাংকক গেছেন।”
মির্জা ফখরুলের ব্যাংকক যাওয়ার কথা ছিল ৮ অগাস্টে, কিন্তু দলীয় কর্মসূচির কারণে ওই সময়ে তিনি আটকে গিয়েছিলেন বলে জানিয়েছেন জাহিদ হোসেন।
চিকিৎসা শেষে ১৯ অগাস্টে মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে।
গত ১৪ মে ব্যাংককের রুটনিন আই হসপিটালে বিএনপি মহাসচিবের চোখের অস্ত্রোপচার হয়।