২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের মন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে ফখরুলের বৈঠক

শনিবার দুইদিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাজ্যের মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 09:08 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

সফররত যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকালে সাড়ে ৪টায় বারিধারায় ব্রিটিশ হাই কমিশনে যায় বিএনপির প্রতিনিধিদল।

হাই কমিশনের ভেতরে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এই বৈঠক হয় বলে জানান বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপি মহাসচিবের সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকও এই বৈঠকে ছিলেন।

এক ঘণ্টা বৈঠকের পর বিএনপি প্রতিনিধি দল হাই কমিশন থেকে বেরিয়ে যায়।

শনিবার দুইদিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাজ্যের মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। 

রোববার তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।