আলোচনা আগেই হতে পারত: বিএনপি
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনকে ঘিরে সারাদেশে সৃষ্ট অবস্থার জন্য দেরিতে আলোচনার উদ্যোগকে দায়ী করেছে বিএনপি। তারা মনে করে সরকার ছাত্রদের দাবি নিয়ে শুরু থেকেই সংলাপের উদ্যোগ নিলে পরিস্থিতি অতটা আগাত না।
সরকারের তরফে এই আন্দোলন শুরু হওয়ার পর নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য জামায়াত ও বিএনপিকে দায়ী করলেও এই অভিযোগও অস্বীকার করছেন দলটির নেতারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুরুতেই বলেছিলাম, শিক্ষার্থীদের এই স্বতস্ফূর্ত দাবি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। দেশের নাগরিকরাও সরকারকে একই আহ্বান জানিয়েছিলেন।
“আমরা স্পষ্ট করে বলতে চাই, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করতে হবে এবং জনগণের যে ‘দাবি’ অর্থাৎ অবিলম্বে পদত্যাগ করে ‘নিরপেক্ষ সরকারেরর’ মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। এটাই সংকট সমাধারনের এক মাত্র বলে আমরা মনে করি।”
গত জুলাই মাসের প্রথম দিকে সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক জোট ও দলগুলোর সাথে পরবর্তি কর্মসূচি নিয়ে সংলাপ শেষ করে বিএনপি। দলের একাধিক নেতা জানান, কোটা আন্দোলনের পাশাপাশি বিএনপিও আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নেয়।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। শুধু একটি দায়িত্বশীল দল হিসেবে বিএনপি শিক্ষার্থীদের ন্য্যায়সঙ্গত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। ক্ষমতাসীন যে বলছে, বিএনপি শিক্ষার্থীদের আন্দোলনের ভর করেছে, এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য, সরকার নিজেদেরকে রক্ষা করতে বিএনপি তথা বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।”
জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “আমরা সাংগঠনিকভাবে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নই। তবে আমাদের সাধারণ কর্মীরা শিক্ষার্থীদের পাশে আছে। তবে কোনো জ্বালাও পোড়াওয়ে আমরা জড়িত নই।”
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে বিএনপিও গত ১৯ জুলাই রাজপথে কর্মসূচি দিয়েছিল। তবে পুলিশ সেদিন ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিলে ঘোষিত সমাবেশ আর হয়নি।
এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক ককটেল ও লাঠিসোঁঠা উদ্ধারের কথা জানিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়েছে; গ্রেপ্তার হয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা সাইয়েদুল আলম বাবুল, নিপুণ রায় চৌধুরী।
ছাত্র দলের কর্মী রিফাত আহমেদ বলেন, “খুব কষ্টে আছি। বাসা-বাড়িতে থাকতে পারছি না। পুলিশ হানা দিচ্ছে আমরাও আতঙ্কে আছি। এখন এই সমস্যা এসপার ওসপার হওয়া উচিত।”
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, “সরকারের পদত্যাগের আন্দোলনে আমরা এককাট্টা। এভাবে ধড়পাকড় করে, গুম করে বিএনপির নেতা-কর্মীদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমরা সরকারের ভয়ে আর ভীতি নেই।”
