Published : 02 Aug 2023, 07:09 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আক্রান্ত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি এবং বর্তমানে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
বুধবার বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই হামলায় নূরসহ ৩০-৩৫ জন আহত হয়েছেন বলে দলটির নেতারা জানিয়েছেন।
হামলারকারী সরকার সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মী বলে দাবি করেছেন নুরের দলের নেতারা। তবে এতে ছাত্রলীগের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সংগঠনটির দায়িত্বশীল এক নেতা।
এক সময়ে ছাত্রলীগে যুক্ত থাকা নুর সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে নেমে গড়ে তোলেন ছাত্র অধিকার পরিষদ। ওই সংগঠন থেকে প্রার্থী হয়ে ছাত্রলীগ প্রার্থীকে হারিয়ে ২০১৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন তিনি।
আওয়ামী লীগের বিরোধিতায় সরব নুর পরে গড়ে তোলেন গণঅধিকার পরিষদ নামে রাজনৈতিক দল; সেই দলে এক দফা ভাঙনের পর এখন একটি অংশের সভাপতি তিনি।
একটি মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে বুধবার ভোররাতে নুরের হাতিরঝিল এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ছাত্র অধিকার পরিষদ বুধবার বিকালে বিরোধী রাজনৈতিক দলের উপর হামলা-মামলা-হয়রানি বন্ধ, গুলিস্তানে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করিম হত্যা এবং বুয়েট শিক্ষার্থীদের আটকের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সমাবেশ ডাকে।
সেই সমাবেশে যোগ দিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে টিএসসির কাছাকাছি এলে হামলার শিকার হন নুর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় নুরের মিছিলে। নূরকেও বেধড়ক পেটান হয়। এই পরিস্থিতিতে নূর ও তার সহযোগীরা দোয়েল চত্বর দিয়ে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।
হামলায় নূরসহ ছাত্র অধিকার ও গণঅধিকার পরিষদের ৩০- ৩৫ জন আহত হন বলে জানান সংগঠনটির ঢাকা মহানগরের অর্থ সম্পাদক মো. ইয়ামিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মিছিল নিয়ে শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে আসতেছিলাম। রাজু ভাস্কর্যের সামনে আসা মাত্রই ছাত্রলীগ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের ৩০- ৩৫ জন আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছেন।”
হামলায় আহত গণঅধিকার পরিষদের নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারা হলেন- মেহেদী হাসান, আব্দুল জাহেদ, সাদ সিকদার, ইউসুফ, সাব্বির, তোফায়েল আহামেদ, রাকিব, আকাশ ও রাজিব। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছাত্র অধিকার পরিষদের পূর্বঘোষিত কর্মসূচির স্থানে পাল্টা কর্মসূচি দিয়েছিল ছাত্রলীগ।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলানোর জন্য গতকাল ছাত্রদলের দুটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে আজকে বিকেলে একদল শিক্ষার্থী মানববন্ধন করছিল।
“এমন সময় নুরুল হক নূর বহিরাগত একদল সন্ত্রাসী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এখানে ছাত্রলীগ কোনোভাবে জড়িত নয়। ছাত্রলীগ কোনোভাবে দায়ী নয়।”