২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে’ ১৫ কোটি টাকা প্রতারণার ঘটনায় মামলা

সিআইডি বলছে, মোতাল্লেছ হোসেন নামের ওই ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 03:51 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে ১৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোতাল্লেছ হোসেন নামে একজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

রোববার বিকেলে ঢাকার পল্লবী থানায় করা এই মামলায় মোতাল্লেছ হোসেনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিআইডি বলছে, মোতাল্লেছ হোসেন নামের ওই ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। তার নামে খোলা ব্যাংক হিসাবে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে।

অনুসন্ধানে মোতাল্লেছ হোসেনের মালিকানায় ‘এম এল ট্রেডিং’ নামে একটি কোম্পানি পাওয়া গেলেও বাস্তবে সেটি অস্তিত্বহীন। ওই নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্স থাকলে কোম্পানির কোনো কার্যক্রম বা ঠিকাদারি, আমদানি-রপ্তানি কার্যক্রম পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোতাল্লেছ হোসেন নিজেকে কখনও গার্মেন্টস কারখানার মালিক, কখনও চা-বাগানের উদ্যোক্তা বা ঠিকাদারি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে তিনি বিএনপির দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে তার নিজস্ব ব্যাংক হিসাবে প্রায় ১৫ কোটি টাকা সংগ্রহ করেন এবং তা আত্মসাৎ করেন।

বর্তমানে তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ৫ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭৮২ টাকা আদালতের আদেশে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে সিআইডি।

এ ঘটনায় মামলা করার পর ওই প্রতারণা চক্রের সঙ্গে জড়িতের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রাখার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।