স্বাধীনতার ‘অন্যতম নায়ক’ বঙ্গবন্ধু: সংসদে জামায়াত এমপি
“এখনো যে ছাত্ররাজনীতি গত দুই-তিন দিন ধরে দেখছি, এই প্রজন্ম এটা পছন্দ করে না,” বলেন এ্যানি।
স্বাধীনতার ‘অন্যতম নায়ক’ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘স্মরণ করেছেন’ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, “আমি প্রথমে শ্রদ্ধাসহ স্মরণ করছি স্বাধীনতার ‘একমাত্র ঘোষক’ বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতার ‘অন্যতম নায়ক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।”
জামায়াতে ইসলামীর প্রয়াত নেতাদের স্মরণ করে গাইবান্ধা-৫ আসনের এ সংসদ সদস্য বলেন, “আরো শ্রদ্ধা জ্ঞাপন করছি, গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, আবদুল কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও কামারুজ্জামানসহ ‘সকল শহীদের’।”
বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন; নিজেকে মুক্তিযোদ্ধাও দাবি করেন তিনি।
ছাত্ররাজনীতি নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জ্বালানি সংকট নিয়ে যেভাবে সরকার ও বিরোধীদলের মধ্যে সংসদে আলোচনা হয়েছে, সেভাবে ছাত্ররাজনীতি নিয়েও জাতীয় সংসদে আলোচনা হতে পারে।
তিনি বলেন, “এখনো যে ছাত্ররাজনীতিটা আমরা গত দুই-তিন দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না।”
তার ভাষায়, “ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে ৫ অগাস্টের পর এখনো সেই ছাত্ররাজনীতি থাকবে, ছাত্ররাজনীতির ময়দানটাকে কুলুষিত করা হবে।”
সাম্প্রতিক জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, “নির্বাচনটা কঠিন হবে” বলা হয়েছিল, কিন্তু মাঠে গিয়ে তারা বুঝেছেন “আসলেই নির্বাচনটা কঠিন।”
তার অভিযোগ, নির্বাচনে ‘এত টাকার ছড়াছড়ি’ দেখা গেছে যে তার উৎস নিয়ে প্রশ্ন ওঠে। এ্যানি বলেন, “আমি অনুরোধ করব আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে, গত দেড় বছরে যদি ইসলামী ব্যাংক নিয়ে আমরা একটু তদন্ত করি হয়তো পাওয়া যাবে এই টাকাগুলা কোত্থেকে এসেছে।”
‘স্বাস্থ্যব্যবস্থা খোলনলচে পাল্টে ফেলতে হবে’
প্রথমবার সংসদে বক্তব্য দিতে উঠে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, “দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যেখানেই যাওয়া হচ্ছে, সেখানেই সংকট স্পষ্ট।
“যেখানে যন্ত্র আছে, যন্ত্রগুলো অকেজো। যেখানে হাসপাতাল আছে, হাসপাতালের দেয়াল ভেঙে পড়ছে।”
চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতির কারণে লাখো মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “ছোটখাটো সংস্কার করে এ ব্যবস্থা ঠিক হবে না; এই স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে হলে খোলনলচে পাল্টে ফেলতে হবে।”
তিন দাবি মীর আহমেদ বিন কাসেমের
ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সদস্য মীর আহমেদ বিন কাসেম (আরমান) সংসদে গুমের শিকার পরিবারগুলোর পক্ষে তিনটি দাবি তুলে ধরেন।
তিনি বলেন, “প্রথম দাবি জবাবদিহিতা। যারা গুমে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং গুমের শিকারদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।”
দ্বিতীয় দাবি হিসেবে তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে অর্থনৈতিক পুনর্বাসন দিতে হবে।
তৃতীয় দাবি হিসেবে তিনি বলেন, ভবিষ্যতে আর যাতে এমন ঘটনা না ঘটে, সেজন্য শক্ত আইন দরকার। তিনি একটি স্বাধীন গুম কমিশন ও শক্তিশালী মানবাধিকার কাঠামোরও কথা বলেন।
কক্সবাজার-৪ আসনের শাহজাহান চৌধুরী উখিয়া-টেকনাফ এলাকায় রোহিঙ্গা, মাদক ও সেন্ট মার্টিনের সংকটের কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সেন্ট মার্টিনে যেতে ‘ট্রাভেল পাস’ লাগার বিষয়টি অস্বাভাবিক। দ্বীপে চিকিৎসা সংকট তুলে ধরে স্পিডবোট অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দেওয়ার দাবিও জানান।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ বলেন, লবণচাষীরা উৎপাদন পর্যায়ে কেজিতে ৩ থেকে সাড়ে ৩ টাকা পেলেও প্যাকেটজাত হয়ে সেই লবণ ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হয়। তিনি লবণ আমদানিতে শুল্ক সুরক্ষা, কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ ও মিষ্টি পানকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতির দাবি জানান।
স্পিকারের তিরস্কার
অধিবেশনে বিভিন্ন সদস্যের বক্তব্যের ফাঁকে ফাঁকে সময় বাড়ানোর অনুরোধ, তালিকা বিভ্রাট এবং পয়েন্ট অব অর্ডার তোলার চেষ্টাও দেখা যায়।
এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদ গ্যালারিতে থাকা পরিচিত কাউকে উদ্দেশ করে বক্তব্য দেওয়া যায় না, দর্শক গ্যালারির সঙ্গে হ্যান্ডশেক করাও ‘অনভিপ্রেত’।
তিনি আরও বলেন, “সংসদ কক্ষে মোবাইল ফোনে কথা বলা, চেয়ারের প্রতি সম্মান না দেখানো, মাঝখান দিয়ে হেঁটে যাওয়া এবং কক্ষে পানাহার করা সংসদের রীতি-রেওয়াজের পরিপন্থি।”
সদস্যদের কার্যপ্রণালি বিধি ভালোভাবে পড়ে প্রস্তুত হয়ে আসার পরামর্শ দেন স্পিকার। তার ভাষায়, সংসদের মর্যাদা রক্ষা করা ‘আমাদের সকলেরই কর্তব্য’।
