১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়নি ৮টি দল

“ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে চর্চা হবে।”

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 04:13 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

নিবন্ধিত রাজনেতিক দলগুলোর ৮টি ২০২৫ পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের হিসাব জমা দেয়নি জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, তাদের সতর্ক করে নোটিস দেওয়া হবে।

তিনি জানিয়েছেন, এর বাইরে ১৩টি দল প্রতিবেদন জমার সময় বাড়াতে আবেদন করেছে।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইসি সচিব।

প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোর পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এবার ৩১ জুলাই সাপ্তাহিক ছুটি থাকায় পরের সপ্তাহের প্রথম কর্মদিবস ২ অগাস্টও প্রতিবেদন দেওয়ার সুযোগ ছিল।

আখতার আহমেদ বলেন, “নিবন্ধিত দলগুলোর মধ্যে ৩৮টি তাদের অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং ৮টি দল কোনো সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি, তাদের আইন অনুযায়ী নোটিস দেওয়া হবে।”

যে ১৩টি দল নিরীক্ষা প্রতিবেদন জমার সময় বাড়ানোরি আর্জি জানিয়েছে, তাদের আবেদন কমিশনে উপস্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, তাদের বিষয়ে কমিশন থেকে সিদ্ধান্ত আসবে।

বর্তমানে ইসিতে ৫৯টি নিবন্ধিত দল রয়েছে; এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।

রাষ্ট্রপতির নির্বাচন প্রসঙ্গ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে আলোচনার মধ্যে সংসদ সদস্যদের ভোটার তালিকার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমরা ভোটার তালিকা পাঠানোর জন্য সংসদ সচিবালয়কে অনুরোধ করেছি। সেটি এখনো পর্যন্ত পাইনি। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে চর্চা হবে।”

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে গেল ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এ নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন। 

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। আর ইসি সচিবালয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে।

ভারপ্রাপ্ত স্পিকারের অনুমোদন পাওয়ার পরই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসি সচিবালয়ে পাঠাবে সংসদ সচিবালয়।

স্থানীয় সরকার নির্বাচনের খসড়া আইন-বিধি প্রস্তুত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছে। এর খসড়া প্রকাশ করা হবে ৯ অগাস্ট, যা চূড়ান্ত হবে এ মাসের শেষদিন।

স্থানীয় সরকার নির্বাচন ও আইন সংশোধন প্রসঙ্গ ইসি সচিব আখতার আহমেদ বলেন, “স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এই সুপারিশগুলো স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে। 

“আইনের মালিকানা স্থানীয় সরকার বিভাগের। আমাদের দুজন নির্বাচন কমিশনার দেশের বাইরে আছেন, তারা আসার পরেই এটা পাঠাব।”

পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আচরণবিধি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব কি না, এমন প্রশ্নে ইসি সচিব আখতার বলেন, “তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখের মধ্যে সাধারণত ৪৫ দিনের ব্যবধান থাকে। 

“এছাড়া ভোটার তালিকা চূড়ান্ত ও প্রিন্ট করতে আরও প্রায় দেড় মাস সময় লাগে। … আমরা প্রস্তুতি নিচ্ছি, তাতে কোনো ধীরগতি নেই।”

আরও পড়ুন:   

নিরীক্ষা প্রতিবেদন জমা ২৯ দলেরসময় চেয়েছে ১০টি

স্থানীয় নির্বাচনহালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অগাস্ট

রাষ্ট্রপতি নির্বাচন কবে করতে চায় ইসি?

ভোটের বছরে বিএনপির আয় বেড়েছেব্যয়ও বেড়ে তিনগুণ

ভোটের বছরে জামায়াতের আয় কমেছে ১৮%