নিরীক্ষা প্রতিবেদন জমা ২৯ দলের, সময় চেয়েছে ১০টি
নিবন্ধন স্থগিত হয়ে যাওয়ায় এবার প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল না আওয়ামী লীগের।
বিএনপি, জাতীয় পার্টি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নিজেদের নিরীক্ষা প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে।
বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোর পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) জমা দেওয়ার বাধ্যবাধতকা রয়েছে।
বর্তমানে ইসিতে ৫০টি দল নিবন্ধিত রয়েছে।
ইসির জনসংযোগ কর্মকর্তা জানান, ২৯টি দল বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে; ১০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। আর ১১টি দল প্রতিবেদন জমা দেয়নি।
যারা নির্ধারিত সময়ে জমা দেয়নি এবং যারা সময় চেয়েছে, তাদের ব্যাপারে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
টানা তিন বছর প্রতিবেদন জমা না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসির।
এক যুগের মাথায় এবার আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হয়েছে। ফলে তাদেরকেও এবার প্রতিবেদন জমা দিতে হয়েছে।
অন্যদিকে নিবন্ধন স্থগিত থাকায় প্রথমবারের মতো প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতার বাইরে ছিল আওয়ামী লীগ।
আরও পড়ুন
