Published : 09 Jul 2026, 08:41 PM
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন-ইসি।
২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে যাদের জন্ম তারা এ তালিকায় আসবেন।
হালনাগাদ ভোটার তালিকা খসড়া, দাবি-আপত্তি ও নিষ্পত্তির সময়সূচি তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সকল উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা ও নিবন্ধন কর্মকর্তার কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
এই নিদের্শনা অনুযায়ী ৯ অগাস্ট স্থানীয়ভাবে খসড়া প্রকাশের পর দাবি, আপত্তি নিষ্পত্তি করা হবে।
স্থানীয় সরকারের ৪ হাজার ৫৮১ ইউনিয়ন পরিষদ, ৬১ জেলা পরিষদ, ৪৯৫ উপজেলা পরিষদ, ৩৩০ পৌরসভা, ১৩ সিটি করপোরেশনের বিভিন্ন পদ নির্বাচন উপযোগী রয়েছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মে মাস পর্যন্ত দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

ধাপে ধাপে অক্টোবরে স্থানীয় সরকারের ভোট করার প্রস্তুতির মধ্যে এবার ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশনা এল।
এ বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় কর্মকর্তাদের কাছে যে চিঠি পাঠিয়েছে তাতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ (জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ ২০০৮ সালের ৩১ জুলাই নির্ধারণ করেছে কমিশন।
ভোটার তালিকা ডাটাবেইজে ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে যাদের জন্ম হয়েছে, এমন ব্যক্তিদের মধ্যে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে চিঠিতে।
এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এবং সেই আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
হালনাগাদের সূচি
>> হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ ৯ অগাস্ট।
>> দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ অগাস্ট।
>> সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৭ অগাস্ট।
>> দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৮ অগাস্ট।
>> হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অগাস্ট।
এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহবান জানিয়ে মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে ইমাম ও পুরোহিতগণের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে বা পরে ঘোষণা দেওয়া, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন করলেও এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন এখনও কোনো স্থানীয় সরকারের ভোট করেনি। এখন দলীয় সরকারের অধীনে নির্দলীয় স্থানীয় নির্বাচন করবে এ কমিশন।

ধাপে ধাপে অক্টোবরে ভোট শুরু করবে ইসি।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, অক্টোবরকে ভোটের সম্ভাব্য সময় ধরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত ও অন্যান্য প্রস্তুতি সেরে সময়সূচি ঘোষণার বিষয়ে কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত হবে।
সেক্ষেত্রে অন্তত ৪৫ দিন সময় রেখে অক্টোবরে ভোট করতে গেলে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করতে হবে ইসিকে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনার কথা বলেছেন।
সরকারের কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
আগের খবর:
অগাস্টের মাঝামাঝি তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: উপদেষ্টা জাহেদ
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে করার পরিকল্পনা ধরে ইসির প্রস্তুতি
স্থানীয় সরকারের ভোট নিয়ে 'কর্মপরিকল্পনা' গুছিয়ে রাখছে ইসি