২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোলাঁ, আইনস্টাইন, মুসোলিনি এবং রবীন্দ্রনাথ

রোলাঁ, আইনস্টাইন, মুসোলিনি এবং রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথের সঙ্গে ১ নম্বর ছবিতে আইনস্টাইন, ২ নম্বর ছবিতে রমাঁ রোলাঁ এবং ৩ নম্বর ছবিতে মুসোলিনি।

বিভুরঞ্জন সরকার বিভুরঞ্জন সরকার

Published : 08 May 2022, 09:19 AM

Updated : 22 Jul 2022, 03:48 AM

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন  বাংলায় ২৫ বৈশাখ,  ইংরেজি ৭ মে ১৮৬১। ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও চিন্তা নায়ক রোমাঁ রোলাঁর জন্ম ১৮৬৬ সালের ২৯ জানুয়ারি। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম জার্মানিতে ১৮৭৯ সালের ১৪ মার্চ। ইতালির একনায়ক বেনিতো আমিল্কারে আন্দ্রেয়া মুসোলিনির জন্ম ২৯ জুলাই ১৮৮৩ সালে। দেখা যাচ্ছে এ চারজনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বয়োজ্যেষ্ঠ। চারজনই বিশ্বজোড়া খ্যাতির অধিকারী। চারজনেরই পরস্পরের সঙ্গে পরিচয় ও যোগাযোগ ছিল। তবে তিনজনের আছে সুখ্যাতি এবং একজনের কুখ্যাতি। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা একটু দেখে তাদের পরস্পর যোগাযোগ কতটা গভীর ছিল, কীভাবেই বা এই পরিচয় গড়ে উঠছিল। এদের মধ্যে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন। একজন দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইতালির নায়ক হয়ে উঠেছিলেন। 

রোমাঁ রোলাঁ ও রবীন্দ্রনাথ 

রোমাঁ রোলাঁর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যোগাযোগ ঘটেছিল ১৯১৯ সালে। তাদের দুই জনের প্রথম সাক্ষাৎ ঘটে ১৯৩১ সালে, প্যারিসে। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ১৯১৩ সালে। আর রোলাঁ পেয়েছেন ১৯১৫ সালে। বয়সে রবীন্দ্রনাথ রোলাঁর বছর পাঁচেকের বড় কিন্তু নোবেল পান দুজন দুই বছরের ব্যবধানে। রোমাঁ রোলাঁ ভারতীয় দর্শনের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয়েছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে ছিল এই মনীষীর অকৃত্রিম সৌহার্দ্য। গুণী ব্যক্তিদের প্রতি রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাতের পরই রোলাঁ ভারতীয় দর্শন ও আধ্যাত্মবাদের প্রতি আগ্রহ বেড়েছিল। রবীন্দ্রনাথ তাকে পাশ্চাত্যে ভারতের আধ্যাত্মিক রাষ্ট্রদূত মনে করতেন। 

ইতালির একনায়ক মুসোলিনির প্রতি রবীন্দ্রনাথের যে আগ্রহ বা মোহ তৈরি হয়েছিল, তা দূর করতে রোলাঁ বিশেষ ভূমিকা পালন করেছেন। 

একাধিকবার দেখাসাক্ষাতে তাদের মধ্যে শিল্প-সাহিত্য-সংগীতসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। রোমাঁ রোলাঁর অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিমত সংগ্রহের প্রথম সমন্বিত উদ্যোগে শরিক হয়েছিলেন একটি ঘোষণা স্বাক্ষর করে।  ১৯৩০ সালের অগাস্ট মাসে জেনিভায় তাদের মধ্যে যে কথোপকথন হয় তার সংক্ষিপ্ত অংশ নিচে দেওয়া হলো। 

রবীন্দ্রনাথ: আপনার কি মনে হয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জেনিভা গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখতে পারবে?

রোলাঁ: হয়তো পারবে, তবে তার অনেকটাই নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর, যেগুলোর ওপর জেনিভার কোনো নিয়ন্ত্রণ নেই।

রবীন্দ্রনাথ: এ বিষয়টা নিয়ে এখানে যারা কাজ করছে, আমার মনে হয় সম্মিলিত জাতিপুঞ্জ সেগুলোরই একটি। ঠিক এ মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ককে ঠিকঠাক জায়গায় ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক ভূমিকা পালনের মতো অবস্থা এর আর নেই। রাজনৈতিক জগতে বৃহত্তর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার শক্তি হিসেবে সে আবির্ভূত হতে পারে অথবা না-ও পারে। এ কাজে নিয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী, সমাজ ও ব্যক্তি-মানুষের ওপর আমার অগাধ আস্থা; আর আমি আশা করি যে, শেষ পর্যন্ত এরা সবাই মিলে সত্যিকার অর্থেই জেনিভায় আন্তর্জাতিক কর্মযজ্ঞের একটি নির্ভেজাল কেন্দ্র গড়ে তুলতে পারবে, যা তৈরি করে দেবে ভবিষ্যৎ রাজনীতির সোপান।

রোলাঁ: আমরা দেখতে পাচ্ছি, বিপুল সংখ্যক মানুষ প্রাচ্যের তরফ থেকে এ ব্যাপারে একটি বার্তা পাবার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তাদের ধারণা ভারতবর্ষ- আর আমি নিজেও বলতে চাই- হচ্ছে গিয়ে সেই দেশ যে এ ব্যাপারে বিশ্বকে সে বার্তাটি দিতে পারে।

রবীন্দ্রনাথ: ভারতবর্ষ সম্ভবত একজন যুগপুরুষ পেয়েছে যিনি হচ্ছেন উনিশ শতকের বিশ্বজনীন মানসসম্পন্ন প্রথম ব্যক্তি; তাকে ভারতবর্ষ কী করে পেল সেটা এক কৌতূহলোদ্দীপক ব্যাপার বটে। আমি রাজা রামমোহনের কথা বলছি; তিনি এক সত্যানুরাগী। এক গোঁড়া ব্রাহ্মণ পরিবারের সন্তান তিনি, তবুও যাবতীয় কুসংস্কার আর অন্ধ আচারের শৃঙ্খল ছিন্ন করেছেন অবলীলায়। তিনি বৌদ্ধধর্মকে বুঝতে চেয়েছিলেন, পাড়ি জমিয়েছিলেন তিব্বতে, শিখেছিলেন হিব্রু, গ্রিক, আরবি, ফার্সি, ইংরেজি আর ফরাসি ভাষা; চষে বেড়িয়েছিলেন ইউরোপ, আর মারা গিয়েছিলেন ব্রিস্টলে। সত্য তাঁর কাছে বিশেষ কোনো ধর্মালয়ের সংকীর্ণ গণ্ডীর বাসিন্দা যাজক-পুরুতের গৎবাঁধা ধারণার নামান্তর ছিল না; অথবা মতবাদ প্রচারের পেশাগত অধিকারবলে কেউ লোকের ওপর বাইরে থেকে একে চাপিয়ে দিতে পারবে এমনটাও তিনি মনে করতেন না। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, কেবল আধ্যাত্মিক ঐক্যই পারে গোটা মানবজাতির মেলবন্ধন ঘটাতে; আর ধর্মের আসল উদ্দেশ্যই হচ্ছে মানবিক সম্পর্কের মৌলিক ঐক্যের, মানবিক উদ্যমের আর অর্জনের সেই মোম জায়গাটিতে গিয়ে পৌঁছানো।

রোলাঁ: ভারতবর্ষে ধর্মীয় সহনশীলতার ব্যাপারটা কেমন সেটা নিয়ে প্রায়শই আমি ভাবি; আমাদের প্রতীচ্যে আমরা যেমনটা দেখতে পাই, ভারতবর্ষে ব্যাপারটা তেমন হওয়ার কথা নয়। আপনাদের ধর্মের মহাজাগতিক চারিত্র্য আর আপনাদের সভ্যতার বহুরূপতার কারণেই এটা সম্ভব হয়েছে।    

ভারতবর্ষ সব ধরনের ধর্মীয় বিশ্বাস ও আচারকে যুগপৎ বিকশিত হতে দিয়েছে।  

রবীন্দ্রনাথ: হয়তো এটা আমাদের দুর্বলতাও, আর এই নির্বিচার সহনশীলতার কারণে ভারতবর্ষে সব ধরনের ধর্মমত আর স্থূলতা মিলেমিশে ভজকট পাকিয়ে বসেছে; এর ফলে আধ্যাত্মিক বিশ্বাসের সত্যিকার ভিত্তিটা যে কী সেটা অনুধাবন করা আমাদের জন্য হয়ে পড়েছে দুরূহ। যেমন ধরুন পশুবলি, এর সঙ্গে আমাদের ধর্মের কানাকড়ি সম্পর্কও নেই; এ-সত্ত্বেও চল্ আছে বলে অনেকে একে মেনে নিচ্ছে। সব দেশেই ধর্মের অনুরূপ বিচ্যুতি দেখতে পাওয়া যাবে। ভারতবর্ষে আজ আমাদের ভাবনার বিষয় হচ্ছে এসবকে বিদেয় করে বৃহত্তর বিশ্বাসকে প্রবল ও গাঢ়তর করা; আর সেটাই হচ্ছে গিয়ে আমাদের সতিকারের আধ্যাত্মিক উত্তরাধিকার।

রোলাঁ: সম্ভবত আধুনিক দুনিয়ায় বিজ্ঞানই হচ্ছে সবচেয়ে আন্তর্জাতিক এক প্রপঞ্চ; আর তা হচ্ছে বিজ্ঞান-গবেষণায় সহযোগিতার মনোভাব। তবে কিনা আজকের পৃথিবীতে রাজনীতিকদের হাতে আছে যাবতীয় বিষাক্ত গ্যাস। এটা বেদনাদায়ক যে, বিজ্ঞানীরা এখন সামরিক মতাধরদের হাতের পুতুল; সংস্কৃতি নিয়ে, মানবচিন্তার উন্নয়ন নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা ওদের নেই…সমস্যাটা যতটা না জাতিতে জাতিতে বিরোধে, তার চেয়েও জাতির নিজের মধ্যেই বিভিন্ন শ্রেণিতে-শ্রেণিতে বিরোধের মধ্যে ঢের বেশি নিহিত। অবশ্য আগ্রাসী জাতীয়তাবাদের অভিশাপ ও যুদ্ধংদেহী মনোভাব তাতে কোনো অংশে কমে না বা এর যৌক্তিকতাও প্রমাণিত হয় না।  

রবীন্দ্রনাথ: শব্দ যতটা সজ্ঞান, রেখা ততটা নয়। চিন্তার (আইডিয়া) নিজস্ব আকার এবং রঙ আছে যা চিত্রকলায় মূর্ত হয়ে ওঠার অপেক্ষায় থাকে। এ মুহূর্তে ছবি আঁকার বাতিকে পেয়ে বসেছে আমাকে। আমার সকাল শুরু হতো গান আর কবিতা দিয়ে; আর এখন, জীবন-সায়াহ্নে এসে মন আমার ভরে আছে আকার আর রঙে।

পাঠক, একবার ভাবুন প্রায় শত বছর আগে প্রাচ্য ও পাশ্চাত্যের দুই নোবেলজয়ী কতটা সচেতন ছিলেন ভবিষ্যৎ সম্পর্কে। 

আইনস্টাইন ও রবীন্দ্রনাথ 

জানা যায়, বিজ্ঞানী আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল মোট চারবার, যার প্রথমটি ঘটে ১৯২৬ সালে জার্মানিতে। দ্বিতীয়বার ১৯৩০ সালের ১৪ জুলাই জার্মানির কাপুথে আইনস্টাইনের নিজের বাড়িতে আর তৃতীয়বার সেখানেই অগাস্ট মাসের ১৯ তারিখে এবং চতুর্থ ও সর্বশেষ নিউ ইয়র্কে ডিসেম্বরের মাঝামাঝিতে। ১৯৩০- এর দশকে জার্মানিতে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা অতীতের সবাইকে ছাড়িয়ে যায়, এমনকি জার্মানির অত্যন্ত জনপ্রিয় কবি আর উপন্যাসিক মারিয়া রিলকে-কেও অতিক্রম করেন রবীন্দ্রনাথ।

আইনস্টাইনের জনপ্রিয়তা বলতে গেলে অনেকটা স্থান-কালের ঊর্ধ্বে, বিশেষ করে ১৯১৯ সালের ২৯ মের পর পদার্থবিজ্ঞানে তার অবস্থান হয়েছিল যেন পাহাড়সম।  সাধারণ আপেক্ষবাদের অনেক ভবিষ্যদ্বাণী প্রমাণিত হয় হাতেনাতে। তবে এটা ঠিক, সেই থেকে আজ অবধি সাধারণ মানুষ জানে আইনস্টাইন একটা বিরাট কিছু করেছিলেন, কিন্তু খুব কম মানুষই জানেন তিনি আসলে কী করেছিলেন। কারণ সাধারণ মানুষের চিন্তা যেখানে পৌঁছতে পারে না সেই অভেদ্য সীমানায় আইনস্টাইনের জ্ঞান পৌঁছেছিল। 

রবীন্দ্রনাথ ও আইনস্টাইন ছিলেন প্রাচ্য ও প্রতীচ্যের অত্যন্ত প্রভাবশালী দুজন মানুষ যারা ১৯১৩ ও ১৯২১ সালে নোবেল পুরস্কার পান যথাক্রমে সাহিত্য ও পদার্থবিজ্ঞানে। কাজেই তাঁদের মাঝে চিন্তার বিস্তর ফারাক থাকবে এটা নতুন কিছু নয়, কিন্তু নতুন কিছু হলো রবীন্দ্রনাথ যখন বৈজ্ঞানিক সত্য নিয়ে কথা বলেন, আর আইনস্টাইন বলেন সৌন্দর্য, চেতনা, দর্শন আর প্রকৃতি নিয়ে। ঠিক তখন মনে হয় তারা যেন একে অন্যের গভীর সীমানায় প্রবেশ করেছেন অনাহূতের মতো। আদতে তা না, তারা ছিলেন একই সত্যের কেন্দ্রাভিমুখী দুটো ভিন্ন পরিব্রাজক। কাজেই তাদের চিন্তার এই পারষ্পারিক অতিক্রম্য অংশগুলো অনেক গুরুত্বপূর্ণ। 

রবীন্দ্রনাথের সঙ্গে কথোপথনের শুরুতেই আইনস্টাইন প্রশ্ন করেন, "বিশ্বাতিরিক্ত কোনো অলৌকিক ও চূড়ান্ত সত্তায় তিনি বিশ্বাস করেন কিনা?"

রবীন্দ্রনাথ উত্তর দেন, "এটা বিশ্বাতিরিক্ত নয়, এক অসীম সত্তা সব কিছুর অন্তর্গত, কিন্তু তার এই অসীমের প্রকাশ ব্যক্তিক সত্তার মধ্য দিয়ে। কাজেই এই মহাজগতের সত্য মানেই সেটা ব্যক্তিক সত্যের সসীম রূপ।" এটা বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথ বিজ্ঞানের একটা উদাহরণ দেন। পদার্থ প্রোটন আর ইলেকট্রন দিয়ে গঠিত কিন্তু তাদের অভ্যন্তরে থাকে ফাঁক, যদিও ওপর থেকে দেখলে দেখা যায় একটা অখণ্ড বস্তু। একই রকমভাবে সমগ্র মানবসত্তা গঠিত হয় ক্ষুদ্র ব্যক্তিক সত্তার সমন্বয়ে। কাজেই এটা আমাদের গ্রহণ করতে হবে যে বিশ্বসত্তার প্রকাশ ঘটেছে ব্যক্তিক সত্তার অবভাসের মধ্য দিয়ে। তাই তিনি বলেন, তার সাহিত্য এবং সমস্ত চেতনার ভেতরেই এই সত্য প্রকাশিত হয়েছে নিরন্তর। যখন সেই পরম সত্তার সাথে বিশ্ববীণার তারে একই সুর বেজে ওঠে তখন প্রকাশিত হয় সত্য। আর যেটা সত্য সেটাই সুন্দর। 

এরপর আইনস্টাইন বলেন, "তাহলে দুটো জিনিস আমরা পরিষ্কার, প্রথমত, এই বিশ্বজগৎ আমাদের চেতনার ওপর নির্ভরশীল, আর অন্যটা হলো, এর মানবচিন্তার বাইরে সম্পূর্ণ স্বাধীনতা।" আইনস্টাইন প্রশ্ন করেন, "তাহলে কি আপনি মনে করেন মানুষ যদি এই পৃথিবীতে না থাকে তাহলে ভাটিক্যান সিটিতে ভাটিক্যান মিউজিয়ামে রাখা মার্বেলের তৈরি অপূর্ব মূর্তিটি থাকবে না?" 

রবীন্দ্রনাথের তাৎক্ষণিক জবাব, "থাকবে না"। তার যুক্তি হলো মানুষই যদি না থাকে তাহলে সৌন্দর্য উপলব্ধি করবে কে? সৌন্দর্য নিয়ে এই বক্তব্য আইনস্টাইন কিছুটা মেনে নিলেও সত্য নিয়ে তার এই বক্তব্য কিছুতেই গ্রহণ করতে পারেননি। ত্রিভুজের তিন কোণ মিলে দুই সমকোণের সমান হবে, এই উপপাদ্য কি মানুষ না থাকলেও সত্য হবে না? এ প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ ফিরে যান, ভারতীয় চিন্তার অন্যতম আধার উপনিষদের কাছে। সত্যকে তিনি ভাগ করতে চান দুভাবে। একটা আপাত বা দৃশ্যমান উপলব্ধি যাকে সত্য বলে মনে হয়; আর অন্যটা হলো পরম সত্য। আপাত সত্যকে তিনি মায়া বা অধ্যাস হিসেবে উল্লেখ করেন। কিন্তু পরম সত্য তো নিত্য, অনন্ত আর অক্ষয়।

রবীন্দ্রনাথ একপর্যায়ে আইনস্টাইনকে বলেন, বস্তু বলতে আমরা কী বুঝি? যেটাকে আমরা বস্তু বলি সেটা কি চূড়ান্তভাবে ঘূর্ণায়মান বৈদ্যুতিক তরঙ্গ নয়? ইলেকট্রন প্রোটনের নিত্য চলাচলে সব বস্তুসকলই তো আমাদের কাছে হাজির হয়। কাজেই ধরে নিতে হবে আমরা যাকে বস্তু বলছি সেটা সবক্ষেত্রে কিছু দৃশ্যমান ঘটনার একক সমাবেশ। তাই সবসময় মনে রাখতে হবে, ব্যক্তিক সত্তার সাথে বিশ্বসত্তার চলছে এক নিরন্তর সংঘাত। আর এই দুই সত্তার মাঝে সমন্বয় ঘটানোই আমাদের বিজ্ঞান, দর্শন আর নীতি চিন্তার মুখ্য উদ্দেশ্য।

দ্বিতীয়বারের কথোপোকথনের মূল বিষয় ছিল, মানবচিন্তার বাইরে স্বাধীনভাবে জগতের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে। এই আলোচনায়  কোনো বিতর্কে তারা না জড়িয়ে ভারতীয় সংগীত আর পাশ্চাত্যের সংগীতের মধ্যে তুলনামূলক আলোচনা করেন। প্রথমেই তারা শুরু করেন আধুনিক পদার্থবিজ্ঞানের ধারা কোয়ান্টাম বলবিদ্যার অনিশ্চয়তা প্রসঙ্গে। 

আইনস্টাইন বলতেন, যদি তিনি পদার্থবিজ্ঞানী না হতেন তাহলে একজন বেহালাবাদক হিসেবে সারাজীবন সাধনা করতেন। সুর, তাল আর শিল্পভাবনার বিষয়গুলো বারংবার তাদের আলোচনায় চলে আসে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তারা দুজনেই শেষ পর্যায়ে আমাদের অভিজ্ঞতার জগতের সীমাবদ্ধতা নিয়ে শেষ করেন। আইনস্টাইন বলেন, "আমরা কোনো বিষয় নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করি তা মৌলিকভাবে ভিন্নতর হতে পারে। সেটা প্রাচ্য বা প্রতীচ্যের আর্টের ওপর আমাদের প্রতিক্রিয়ার ক্ষেত্রেও হতে পারে।" রবীন্দ্রনাথকে তিনি এ সময় বলেন, "আমরা যদি একটা লাল গোলাপ টেবিলের ওপর আমাদের দুজনের সামনে রাখি তাহলে আমাদের নিশ্চয় দুজনের একরকম প্রতিক্রিয়া হবে। এই ভিন্নতা দৃষ্টির, ভিন্নতা চেতনার আর দার্শনিক বোধের। তাই সত্য নিয়ে দুজন দার্শনিকের ভিন্ন প্রতিক্রিয়া ভীষণ স্বাভাবিক।"

মুসোলিনি ও রবীন্দ্রনাথ 

ইতালির একনায়ক মুসোলিনির সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতা একসময় বিতর্কের জন্ম দিয়েছিল।

প্রথম সাক্ষাতের সময় মুসোলিনি তার নিজের ক্যামেরায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি তুলেছিলেন। মুসোলিনির ক্যামেরায় ধরা পড়েছিল নির্মীলিত-চোখ, আত্মমগ্ন কবির পাশ ফেরানো মুখ।

১৯২৫-১৯২৬ সালে দুইবার ইতালি গিয়েছিলেন রবীন্দ্রনাথ। প্রথমবারই তার ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন জেনোয়ার সংস্কৃত ভাষার অধ্যাপক কার্লো ফর্মিকি। তার মাধ্যমেই মুসোলিনি শান্তিনিকেতনে পাঠিয়েছিলেন ইতালীয় সাহিত্যের অনেকগুলো বই। রবীন্দ্রনাথ যে মুসোলিনিকে ভুল বুঝেছিলেন তার পিছনে ফর্মিকিরও ভূমিকা ছিল। প্রথম ইতালি সফরে জেনোয়া থেকে মিলান যাওয়ার পথে ট্রেনে রবীন্দ্রনাথ ফর্মিকির কাছে ইতালির রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে জানতে চাইলে  ফর্মিকি বলেছিলেন, "প্রথম মহাযুদ্ধের পরে ইতালিতে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। মুসোলিনির নেতৃত্বে প্রায় এক রক্তপাতহীন বিপ্লবে ও রাজকীয় সম্মতিতে তার দল ক্ষমতা দখল করে। জনসাধারণের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসে।" ফর্মিকি ফ্যাসিস্ট দলভুক্ত না হলেও মুসোলিনির সমর্থক ছিলেন।

পরের বছর আবার ইতালি যান রবীন্দ্রনাথ। তার সঙ্গে দেখা করে মুসোলিনি জানান, রবীন্দ্রনাথের যত রচনা ইতালীয় ভাষায় অনুবাদ হয়েছে, সব কয়টিই তিনি পড়েছেন। এমন ব্যবহারে কবি মুগ্ধ হলেন, মুসোলিনির প্রশংসা করলেন। সম্ভবত মুসোলিনির কূটনৈতিক চাল অনুমান করতে পারেননি রবীন্দ্রনাথ। আসলে, এশিয়ার প্রথম নোবেলজয়ী কবির প্রশংসা আদায় করে নিজের ভাবমূর্তি পাকাপোক্ত করাই ছিল মুসোলিনির উদ্দেশ্য। এই সময়েই নিজের ক্যামেরায় রবীন্দ্রনাথের ছবিটি তোলেন তিনি।

ইতালি ত্যাগের পর রবীন্দ্রনাথকে সতর্ক করেন ফরাসি সাহিত্যিক রোমাঁ রোলাঁ। তিনি 'ফ্যাসিস্ট মুসোলিনি' সম্পর্কে বিস্তারিত  জানান কবিকে। কবি তার ভুল বুঝতে পারেন। বিশ্বমঞ্চে 'ফ্যাসিস্ট-সুহৃদ' হিসেবে তার যে ইমেজ তৈরি হচ্ছিল, তা ভেঙে দিতে চাইলেন কবি। ১৯২৬ সালের ৫ অগাস্ট এক দীর্ঘ চিঠি লিখলেন সি এফ অ্যান্ড্রুজ়কে। সি এফ অ্যান্ড্রুজ় ছিলেন ভারতের খ্রিস্টান মিশনারি ও শিক্ষাবিদ। চিঠিতে কবি স্পষ্ট লিখেন, যে ফ্যাসিস্ট আন্দোলন মানুষের স্বাধীন মত প্রকাশের অধিকার কেড়ে নেয়, অত্যাচার দিয়ে মানুষের বিবেকের উপর জোর খাটায়, তার প্রতি সমর্থন তার পক্ষে কল্পনাতীত। এর পর মুসোলিনিও রবীন্দ্রনাথকে ব্যক্তি-আক্রমণ করেন, তাকে 'অসহ্য ও তৈলাক্ত লোক' বলেন।

রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন কোনো দেশের রাজনীতি তার নিজস্ব, সংস্কৃতি সমগ্র মানবতার। মুসোলিনিকে লেখা চিঠিতেও তিনি তা উল্লেখ করেছেন।  বিতর্কের সম্ভাবনার পরোয়া না-করে নিজের বিশ্বাস এমন করে জানাতে বোধহয় রবীন্দ্রনাথই পারতেন।

খণ্ড খণ্ড করে রবীন্দ্রনাথকে যারা দেখতে চান, নিজেদের ধারণার সমর্থন খুঁজে নিতে চান তার কোনও বিচ্ছিন্ন মন্তব্যে, তাদের ভুল ভাঙবে  আগাগোড়া, কালক্রম বজায় রেখে কবির আশি বছরের জীবনটিকে সামগ্রিকতায় পড়তে পারলে। 

রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জন্য যে অফুরন্ত  ভাবসম্পদ রেখে গেছেন তা অবহেলা বা উপেক্ষা করার দুর্মতি যদি আমাদের না হয়, তাহলে তিনি শক্তি হয়েই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের বরাভয় দেবেন মিলন বিরহ সংকটে।