সংস্কৃতির জন্যে বাজেট বরাদ্দ প্রসঙ্গে
দুটো ঘটনা দিয়ে লেখাটা শুরু করি। এর একটি হচ্ছে সরকারের বাজেট ঘোষণার পর সংস্কৃতি খাতে অপ্রতুল বরাদ্দের অজুহাতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের কতিপয় নেতৃবৃন্দ। এই প্রতিক্রিয়া জানানোর দলে প্রায় সকলেই নাটকের জগতের মানুষ এবং এদের অনেকেই বিজ্ঞাপন ব্যবসা এবং কর্পোরেট ঠিকাদারির সঙ্গেও জড়িত। এরকম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া নতুন কিছু না। প্রায় প্রতিবছরই মোটের উপর একই নাম ও একই মুখ রুটিন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংস্কৃতির বাজেট আর বাড়ে না। অনেকটা এরশাদ আমলে বিরোধী দলে থাকা রব-সিরাজের জাসদের বাজেট প্রতিক্রিয়ার মত। আদতে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ। এই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া নিয়ে এখানেই থামি।
এবার দ্বিতীয় ঘটনাটা বলি। করোনাকালে সারাদেশের গরীব নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত দলের মানুষের জন্যে ঘোরতর বিপদের কাল। এই বিপদ থেকে সংস্কৃতি অঙ্গনের মানুষেরাও মুক্ত নন। এরকম প্রেক্ষাপটে ষোল কোটি মানুষের দেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে শিল্পকলা একাডেমির মাধ্যমে মে মাসে শ চারেক সংস্কৃতিকর্মীকে পাঁচ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে। সাহায্যের এই বহর দেখে আমার একটি গল্পের কথা মনে পড়ছে। আমার শৈশবকালে টাঙ্গাইলের মধুপুরে সাথী, মাধবী আর বাণী সিনেমা হল নামে তিনটি প্রেক্ষাগৃহ ছিল। এই সময়ে চতুর্থ প্রেক্ষাগৃহটি নির্মাণ করা হয় ওই তিনটির চেয়ে আকারে বেশ বড় করে। এত বড় দালান ওই সময়ে সারা টাঙ্গাইলেই ছিল না। এই ঘর দেখিয়ে একবার এক ভিক্ষুক চাচীকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা চাচী, বলেন তো এই দালান বানাতে কত টাকা খরচ হয়েছে? উনি উত্তরে জানালেন, যে বড় ঘর এক হাজার টাকার কমে হয়নি। এখন সংস্কৃতি জগতের কর্তৃপক্ষের উদ্যোগ দেখে মনে হয়, 'যে বড় দুর্যোগ পাঁচ হাজার টাকার কমে সংস্কৃতিকর্মীরা মাসের পর মাস আয় রোজগারহীন কেমন চলবেন?' দারুণ সব ব্যাপার। উদ্যোক্তারা ধন্যবাদ পেতেই পারেন।
এই চারশ জনকে আবার শিল্পকলায় ডেকে স্বাস্থ্যবিধি না মেনে লাইন ধরে দাঁড় করিয়ে হাতে টাকা ধরিয়ে দেওয়া হলো। আমার প্রশ্ন, এই ডিজিটাল যুগে অনলাইনে টাকা দেবার সহজ ব্যবস্থা থাকতে এই লোক দেখানো মেলের আয়োজন কেন?
এখানে আমার আরো একটি আমআদমী প্রশ্ন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতিকর্মীদের তথ্যপঞ্জি কেন নাই?
সংস্কৃতি অঙ্গনে নানা স্তরে বেশ কয়েকটি জাতীয় সংগঠন ক্রিয়াশীল- যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশান, চারুশিল্পী পরিষদ, অভিনয় শিল্পী পরিষদ, জাতীয় কবিতা পরিষদ উল্লেখযোগ্য। সংস্কৃতি মন্ত্রণালয়ের নানা কমিটিতে এদের প্রতিনিধিত্বও থাকে। প্রশ্নটা এই সব সংগঠনের কাছেও; তথ্য নাই কেন? ঘোরতর সময়ে এই সব পেশাদারি সংগঠনের কার্যকর ভূমিকা না থাকলে কখন থাকবে? মন্ত্রী বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নজরে আসার জন্যে দৌড়ঝাপ করা জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনের মোড়লদের কাজ হতে পারে না।
বর্তমান সরকার টানা প্রায় বার বছর ধরে ক্ষমতায়। তাই আগের সরকারগুলোর উপর দায় চাপানোর সংগত কোন যুক্তি এখন আর নাই। এই এক যুগে সরকারের অন্যান্য প্রায় সব মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও সংস্কৃতি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য উন্নয়ন বা সংস্কার কী হয়েছে, আমার জানা নাই। এই মন্ত্রণালয় চলছে বিএনপি-জামাত সরকারের আমলে ২০০৬ সালে প্রণীত জাতীয় সংস্কৃতি নীতি অনুসরণ করে। আমার প্রশ্ন, এই এক যুগে সংস্কৃতি মন্ত্রণালয় কেন একটি যুগোপযোগী সংস্কৃতি নীতি দিতে ব্যর্থ হল? নতুন সংস্কৃতি নীতি প্রণয়নের পাশাপাশি সময় এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়কেও পুনর্গঠন করার। বিগত বছরগুলোতে এই মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রবিধানমালা এমনভাবে করা হয়েছে, যার ফাঁক ফোকর দিয়ে প্রতিষ্ঠানগুলো যেভাবে পরিচালিত হচ্ছে সেসবের স্বায়ত্বশাসন বলে তেমন বৈশিষ্ট্য আর দৃশ্যমান নয়।
অন্যদিকে স্বাধীনতার পঞ্চাশ বছরেও এই মন্ত্রণালয়ের কর্মযজ্ঞের জন্যে পেশাদার জনবল তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে কিছু কিছু নির্বাহী পদে প্রশাসনের বাইরে থেকে বেশিরভাগ ক্ষেত্রে বয়সের ভারে নুয়ে পড়া সংস্কৃতি অঙ্গনের কাউকে কাউকে নিয়োগ দেওয়া হয় চুক্তি ভিত্তিতে। এসব চর্চার ফলে আদতে লাগসই কোন অগ্রগতি হয় না। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এই চর্চা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের জন্যে, পুলিশের জন্যে, কূটনীতরি জন্যে, রাজস্বের জন্যে যদি আলাদা ক্যাডার ব্যবস্থা থাকতে পারে, তাহলে সংস্কৃতি প্রশাসনের জন্য স্বতন্ত্র ক্যাডার ব্যবস্থা কেন নয়?
এই করোনাকালে অন্যান্য কার্যকর গণতান্ত্রিক দেশগুলো যে ধরনের কর্মসূচি নিয়েছে, সে সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। ওসব দেশে খাতভিত্তিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। সংস্কৃতি নিয়ে যেসব সংগঠন ও প্রতিষ্ঠান কাজ করে তাদের অতিরিক্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। যাতে তারা তাদের ক্ষতি পুষিয়ে সাংস্কৃতিক কার্যক্রমের ধারা ধরে রাখতে পারেন, অবকাঠামোও যাতে হুমকির মধ্যে না পড়ে। ব্যক্তি পর্যায়ে সাংস্কৃতিক কর্মী বিশেষ করে শিল্পী, নৃত্যশিল্পী, আলোকচিত্রী, নাটক চলচ্চিত্রের কর্মী, লেখক, অনুবাদক সকলের জন্যে বিশেষ বরাদ্দ, প্রকল্প বরাদ্দ এবং কর্মবৃত্তির ব্যবস্থ করা হয়েছে। তাতে তারা খেয়ে পরেও বাঁচল, সাংস্কৃতিক কর্মকাণ্ডও চালু থাকল। সরকারি উদ্যোগের পাশাপাশি পেশাজীবি সংগঠনগুলো অর্থ সংগ্রহ করে আপদকালীন তহবিল গঠন করেছে।
এর বিপরীতে আমাদের অবস্থা কী? আমাদের সংস্কৃতি অঙ্গনের মোড়লদের অনেকের এত এত টাকা তাদের কেউ কেউ ঈদ করতে নানা দেশে ছুটতে পারেন। অনেক হর্তাকর্তা ব্যাংক-বীমা-পত্রিকা-টেলিভিশনসহ নানা ঠিকাদারির সঙ্গে যুক্ত। অথচ তারা তাদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারিদের পাওনা ঠিকমত দেন কিনা সন্দেহ। আর এরাই সংস্কৃতি নিয়ে হাঁকডাক করেন। দুর্নীতি লোভ আর দুই নম্বরী এমন পর্যায়ে গেছে ঠগ বাছতে গাঁ উজাড়ের মত অবস্থা।
এই জন্যেই কি সরকারের উচুঁ মহল থেকে সংস্কৃতির বাজেট বাড়ানোর জন্যে ইতস্তত?
২০১৯ সালে একুশে গ্রন্থমেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি পুরস্কারের অর্থমূল্য বাড়ানোর জন্যে বলেছিলেন। অথচ সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সেই আহ্বানকেও সম্মান করেননি। তাহলে সরকার সংস্কৃতির বাজেট কিভাবে বাড়াবেন? অর্থমন্ত্রী যদি সংস্কৃতির মোড়লদের এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আমলাদের বাজেট বাড়ানোর জন্যে কর্মপরিকল্পনা উপস্থাপনা করতে বলেন, সংশ্লিষ্টরা কী বলবেন?
ধরুন, সংস্কৃতি মন্ত্রণালয়ের জন্যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হল- কিছু অবকাঠামো নির্মাণের বিপরীতে নেওয়া ঠিকাদারি প্রকল্পে টাকা ভাগ বাটোয়ারা হল, তা নিশ্চয়ই কাম্য নয়। সংস্কৃতির জন্যে যুযোগপযোগী গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সমাজ ও মানবসম্পদ তৈরির জন্যে বিশেষ করে শিশু তরুণদের সামনে অবারিত ও লাগসই সুযোগ তৈরি করে, সেই রকম কর্মপরিকল্পনা এবং সংস্কার দরকার। ঝোঁকের মাথায় পরিকল্পনাহীন বাজেট বাড়িয়ে লাভ কার?
প্রসঙ্গক্রমে বলে নেওয়া যায়, শিল্পকলা একাডেমির সারাদেশব্যাপী অফিস ও সংগঠন থাকার পরও তারা এই সংকটকালে সংস্কৃতিকর্মীদের একটা গ্রহণযোগ্য তালিকা পর্যন্ত হাজির করতে পারেনি। আরো একটি প্রশ্ন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ভদ্রলোক লিয়াকত আলী লাকী একই সঙ্গে সরকারের আমলা, অন্যদিকে গ্রুপথিয়েটার ফেডারেশনেরও বড় কর্তা। অথচ তার চাকরির বড় শর্ত হল সকল ধরনের সংগঠন থেকে তার দায়িত্ব ছেড়ে আসবেন। নিয়ম ভাঙার এই দায় কে নেবেন?
করোনাভাইরাসের এই সংকট থাকতে থাকতেই আলোচনা শুরু করা যায়। কেননা সংকট কেটে গেলে যেই লাউ সেই কদুর মতই মোড়লরা আবার মোড়লগিরিতে ফিরে আসবেন। যদিও তারা সংকটের সময় অন্তরীণ থাকেন।
সরকারের একটা সংস্কৃতি মন্ত্রণালয় থাকলেও বিগত নির্বাচনের পূর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংস্কৃতির জন্যে আলাদা কোন অধ্যায় ছিল না। আর ওই ইশতেহারে সংস্কৃতি নিয়ে আলাদা করে কিছু বলাও হয়নি। যদিও যুব উন্নয়ন অধ্যায়ে সারাদেশে অর্ধসহ¯স্র যুব কমপ্লেক্স নির্মাণের কথা বলা হয়েছে। এই ইশতেহার প্রণয়নের আগে এবং পরে সংস্কৃতির অঙ্গনে যারা হর্তাকর্তা তারা কোথায় ছিলেন? এক একজন ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায় সরকার ও আওয়ামী লীগ থেকে অনুকম্পা কম নেননি।
অর্থমন্ত্রী যদি দলীয় ইশতেহার পড়ে বাজেট প্রণয়ন করে থাকেন, তাহলে সংস্কৃতির জন্যে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ানোর সুযোগ তার সামনে খোলা নাই।
তাই বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের হাত গুটিয়ে থাকারও কোন কারণ নাই। তাদের উচিত বিএনপি-জামাত প্রণীত সংস্কৃতি নীতি ২০০৬ থেকে বেরিয়ে এসে নতুন একটি যুগোপযোগী আধুনিক সংস্কৃতি নীতি প্রণয়ন করা; সুবিধাভোগী হর্তাকর্তাদের মুখের দিকে তাকিয়ে থেকে নয়; বরং সময় ও বাস্তবতার নিরীখে।
