স্যরি, এভরিথিং ইজ টু লেইট খালেদা জিয়া
খবরে দেখলাম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে বিএনপির কথা ভাবা হচ্ছে। এর আগেও আমরা শাহ নজমুল হুদাকে দেখেছিলাম। গদিচ্যুত বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে শেখ হাসিনা বন্দনা করে দল বানিয়েছিলেন। তারও আগে কর্নেল অলি দল ভেঙে দল করেছিলেন।
এমন আরো কিছু মানুষ আসা যাওয়ায় থাকে। তারা যতটা না লোকসান করতে পারে তারচেয়ে বেশি করে দলের ভেতরে থাকা সুবিধাবাদীরা। মীর্জা ফখরুল সাহেবকে দেখলে যেমন মনে হবে সত্যি তিনি চিন্তিত বা অসহায় ব্যারিস্টার মওদুদকে দেখলে কেন জানি তা মনে হয়না।
এই কারণে এবার যদি দল ভাঙে আর খালেদা জিয়া যদি কারাগারেই থাকেন তবে বিএনপি আর আগের জায়গায় ফিরতে পারবে বলে মনে হয়না। খেয়াল করবেন পুত্র তারেক জিয়ার জন্যই আজ তাদের এই হাল। তার ছায়াসঙ্গী বাবর-গিয়াসদের মানুষ ভোলেনি। এর ওপর যোগ হয়েছে লন্ডনের হামলা। এ নিয়ে লেখালেখি হলেও আমার ধারণা বিষয়টি আরও পরিষ্কার করা দরকার।
লন্ডন হামলার ঘটনা বিএনপিকে আরো পিছিয়ে দিয়েছে। এমনিতেই ব্যাকফুটে থাকা দল। সময় ভালো যাচ্ছেনা তাদের। এখন দরকার ধৈর্য আর সংযম। বলা সহজ, মানা কঠিন। কিন্তু উপায় কি তাদের? যে মামলায় খালেদা জিয়া কারাগারে তার দায় একা আওয়ামী লীগের? বুঝলাম তারা সরকারে থাকায় বিচার ও শাস্তি নিশ্চিত করতে পেরেছে। কিন্তু এই মামলার মূল নায়ক কারা? সেই ওয়ান ইলেভেনের নায়কদের ব্যাপারে বিএনপি নীরব কেন? লন্ডনে কারা থাকে কাদের বসবাস সবাই জানে।
আর এই বসবাস কী কী বিষয়কে জটিল করে তুলছে তার আরো একটা ন্যাক্কারজনক প্রমাণ মিললো খালেদা জিয়ার রায়ের পর। বেগম জিয়া গ্রেপ্তার হবার আগে নাকি বলে গিয়েছেন, যেন কোন সহিংস পথ অবলম্বন করা না হয়। তিনি যে একথা বলেছেন, তার কারণ নিশ্চয়ই লন্ডনের ফাও বিএনপিওয়ালারা জানে। তারপরও তারা মানেনি। মানেতো নি-ই বরং মানুষের মনে রাগ ও ক্রোধের মাত্রা বাড়িয়ে নিজেদের আরো একবার সর্বনাশের দিকে টেনে নিয়ে গেল। বিদেশে দেশের রাজনীতি ও রাজনৈতিক দল যদি নিয়ম না মেনে বাড়তে থাকে এমন অবস্থা হবেই। এটা সব দলের জন্য সত্য।
প্রতিবাদ এক বিষয় আর নাশকতা আরেক। বিএনপি বেশ অনেকদিন থেকে এই সত্য মানছে না। না মানার কারণে প্রশাসন থেকে বাহিনী, এমনকি জনমনেও তাদের নিয়ে সংশয় বেড়েছে। এখন দেশের বাইরে দূতাবাসে এমন হামলা জাতির ভাবমূর্তি ও দেশের জন্য অহিতকর। বিশেষত লন্ডনের মর জায়গায় এমন সহিংসতার আইনি বিচার বা সমাধান নাহলে বাংলাদেশের ভবিষ্যত বিদেশে আতঙ্কে থাকবে বৈকি।
দেশ স্বাধীন হবার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত বঙ্গবন্ধু সরাসরি দেশের মাটিতে পা রাখেননি। তিনি কেমন আছেন, কোথায় আছেন, কীভাবে আসবেন এইসব জটিলতার অবসান ঘুচেছিল যখন তিনি দিল্লী হয়ে দেশে ফিরেছিলেন।
তার আগে তাঁর যাত্রা বিরতি ঘটেছিল লন্ডনে। বিলেতের সাথে আমাদের সম্পর্ক বহুশত বছরের। একদা আমরা তাদের প্রজাও ছিলাম। প্রায় দুশ' বছর ইংরেজের শাসনকে অনেকে গোলামী আমল বললেও, এটা মানতে হবে আমাদের আধুনিকতা, লেখাপড়া, খাবার-দাবার পোশাক-আচরণ, ভাষা ব্যবহারে বিলেতের অবদান অনেক। দুনিয়ার গণতন্ত্রের পিঠস্থান বিলেত বা ইংল্যান্ড।
মহারাণী ভিক্টোরিয়ার আমলে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না বলে যে কথাটা প্রচলিত আছে তার মানে বৃটিশের শাসনে থাকা দেশগুলো এত বিস্তৃত ছিলো যে একদেশে রাত হলে আরেকদেশে তখন উদিত হতো নবীন সূর্য।
যে কথা বলছিলাম, যে কেউ বঙ্গবন্ধুকে সম্মান বা অভ্যর্থনা জানানোর আগেই বৃটেন জানিয়েছিল। তখনকার প্রধানমন্ত্রী এডোয়ার্ড হিথ নতুন রাষ্ট্র বাংলাদেশের জনককে সম্মান জানিয়ে দেখা করা ছাড়াও দিয়েছিলেন রাষ্ট্রপ্রধানের মর্যাদা। অথচ তখনো আমাদের দেশ ভালোভাবে পরিচিতি পায়নি। কে না জানে পশ্চিমা দেশের এক বিশাল অংশ আমেরিকার কারণে আমাদের স্বাধীনতাকে সেভাবে সমর্থন জানাতে পারেনি।
তাছাড়া তখনো দেশের সিংহাসনে বসেননি বঙ্গবন্ধু। তারপর ও গণতন্ত্রের আদিভূমি ইংল্যান্ডের নেতারা জানতেন ইনি-ই সেই মানুষ যাঁর অঙ্গুলি হেলনে, যাঁর বজ্রকণ্ঠে, যাঁর অদৃশ্য শক্তির বলে- স্বাধীন হয়েছে পাকিস্তানের মত বলশালী সামরিক দেশের পেট চিরে এক নতুন রাষ্ট্র, বাংলাদেশ।
বঙ্গবন্ধু কতটা দূরদর্শী আর গণতন্ত্রপ্রেমী ছিলেন তাঁর প্রমাণও ছিলো এই যাত্রায়। ভুট্টো -ইয়াহিয়া পাকিস্তানের শেষ ইজ্জত বাঁচানোর জন্য তাঁকে সরাসরি ঢাকা বা ভারতে যেতে দিতে নারাজ ছিলো। তাঁরা তাঁকে দুটো পছন্দ দিয়েছিল হয় ইরান নয় তুরস্ক। শেষমেষ ইংল্যান্ড। বঙ্গবন্ধু লন্ডনকেই বেছে নিয়েছিলেন।
ইতিহাসের সেই চমৎকার গৌরবময় অধ্যায়ের পিঠস্থান বিলেতে আজ আমরা কি দেখলাম? অনেকদিন থেকেই আমরা দেখছি বিলেত দেশটির পরিবেশ জঘন্য আর রক্তাক্ত করার অপচেষ্টা চলছে। লন্ডন তো মাঝখানে বোমা আর মারামারির জন্য খ্যাতি পাচ্ছিলো। বিলেতে ভারত পাকিস্তান ক্রিকেট খেলা শেযে হানাহানি পাকিদের জান্তব উল্লাস বহুবার সংবাদ শিরোনাম হয়েছে।
আমাদের দেশের মানুষ উপনিবেশ ও বৃটিশ শাসনের কারণে যুগের পর যুগ সেখানে বসবাস করছে। দুনিয়ার আর কোনও দেশে অভিবাসন বা বসবাসে আমাদের ইতিহাস এতটা পুরনো বা প্রাচীন না। স্বাভাবিকভাবেই বিলেতে সবদল ও মতের বাংলাদেশিরা থাকেন। প্রজন্মের পর প্রজন্ম জন্ম নিয়ে এই আকার হয়েছে বিশাল। সেখানে সম্প্রতি বঙ্গবন্ধুর নাতনী নির্বাচিত হয়েছেন এমপি। আবার খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ও আছে সেখানে।
আমরা সবাই জানি রাজাকারদের এক বিশাল অংশের বাস ও স্বাধীনতাবিরোধীদের ব্যাপক দাপট সেখানে। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নেপথ্য খলনায়ক আছে সে দেশে। আছে তাদের বাহিনী। মিডিয়াসহ মস্তানতন্ত্র। সেই মস্তানতন্ত্রের শিকার হয়েছেন লাঞ্ছিত হয়েছেন মন্ত্রীসহ অনেক বিখ্যাত জন।
এবার যখন খালেদা জিয়া গ্রেপ্তার হলেন দেশের মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়াই ছিলো স্বাভাবিক। দেশের জনগণের মনে বা চিন্তায় রাজনীতির জন্য এখন আর তেমন কোন শ্রদ্ধাবোধ নাই। তারা বুঝে গেছেন সবই হয় এইদেশে। হতে পারে। কারণ নীতি আদর্শ এগুলো এখন মুখের কথা। শেখ হাসিনার নেতৃত্বে যে বিশাল পরিবর্তন ঘটেছে তার নাম মূলত উন্নয়ন। সে ধারায় মানুষ নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। তাদের হাতে আন্দোলন বা সংগ্রামের সময় নাই। ফলে দেশে সেন্টিমেন্ট থাকলেও তার কোনও মারমুখো প্রকাশ থাকবেনা । দেশে সুবিধা করতে পারা না পারা নেতৃত্বের কৌশল ও ভূমিকার ওপর নির্ভর। সেটা করতে না পারা বিএনপি কী করলো?
সেই তারেক রহমানের আদেশে অথবা তার থাকার জেরে বিলেতে তারা হাই কমিশনের অফিস ঘেরাওয়ের নামে বঙ্গবন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়লো। না আওয়ামী লীগ এই মামলা করেছিল, না জনক এর কিছু জানেন। এইসব কুলঙ্গাররা ভুলে যায় জাতির পিতার হাত না থাকলে খালেদা জিয়ার জীবনই হতো আরেক ধরনের। তাঁর কল্যানে ঘর-সংসার ফিরে পাওয়া নেতার পুত্র যদি এই ঘটনার পেছনে থাকে তো সময় তাকে আরো অনেক বেশি শাস্তি দেবে। তাছাড়া যাদের ইন্ধনে যাদের অংশগ্রহণে বিলেতের মত দেশে বাংলাদেশ ও তার জাতির পিতাকে অপমান করার এই অপচেষ্টা করা হয়েছে তার যোগ্য বিচার বা শাস্তি নাহলে এই ধরনের অপকাজ কখনো বন্ধ হবেনা।
তারা খুব ভালো জানে এসব দিয়ে বেগম জিয়াকে কারাগার মুক্ত করা কিংবা তার জেল খাটা বন্ধ করা যাবেনা। দেশে কিছু করতে না পারার আক্রোশ আর রাজনীত যে পচে গলে এখন বিদেশেও গন্ধ ছড়াচ্ছে এটা তার বড় উদাহরণ। বিলেতের মত দেশে এমন পাশবিক উন্মাদনা অগ্রহণযোগ্য।
সবচেয়ে বড়কথা আমাদের ইতিহাসের গর্ব ও বঙ্গবন্ধুর ফিরে আসার প্রথম বিদেশি স্থানের এই অপমান জাতিকে ছোট বই বড় করেনি। আমরা অচিরে এর জবাব ও জবাবদিহিতা আশা করি। এর সাথে খালেদা জিয়ার বিচার ও শাস্তির কোন সম্পর্ক নাই। সম্পর্ক- জাতি, দেশ ও জনকের। ভিডিওতে দেখলাম বঙ্গবন্ধুর ছবিকে ঘিরে যত আক্রোশ। দেখলেই বোঝা যায় মোটিভ কী!
তাদের উদ্দেশ্য যদি প্রতিবাদ হতো তারা ব্যানার ফেস্টুন নিয়ে তাই করতেন। বক্তৃতা দিতেন। তাদের নেত্রী নাকি আগেই বলে গেছেন যে সহিংসতা না হয়। শান্তিপূর্ণ সবকিছু করার কথা বলা হয়ে থাকলে এটা কিসের ইঙ্গিত? বিএনপি এখনো মানছে না তাদের মূল পরাজয় ও এসব দু:খের কারণ তাদের একগুঁয়ে মনোভাব। তাদের জঙ্গিপণা। আর তাদের মূর্খ কর্মীবাহিনী।
কৌশলের পরিবর্তে গায়ের জোরের দিন শেষ। কিন্তু এরা তা মানেনা। দেশের পর বিলেতের মত সভ্য দেশে এমন অরাজকতা তৈরী করার বাহিনী বিএনপিকে শেষ করে দিলেও তাই অবাক হবার কিছু থাকবেনা।
রাজনীতির দানব দেশ পেরিয়ে আজ বিদেশেও আমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। অপরিণামদর্শী নেতৃত্ব আর ভবিষ্যত বিমুখ রাজনীতি যেন বেশিদূর এগুতে না পারে। সে যে দল হোক না কেন আমাদের সবার ওপর আছে দেশ। থাকবে জাতি ও রাষ্ট্রের সম্মান। সেটা ভুলে দেশে-বিদেশে হিংসা চরিতার্থ করার মানুষগুলোকে রুখতে হবে। যার দায় বিলেতের সাধারণ বাংলাদেশিদের ও আছে। তারা যেন নিজ নিজ ভূমিকা ভুলে না যায়। সবাই মিলে বসবাস আর শান্তিতে থাকার জন্য মুক্তিযু্দ্ধে স্বাধীন দেশের রাজনীতি থেকে হিংসা আর প্রতিশোধ দূর হোক। এ দায় বিএনপির একার না। এর দায় সরকারী দল এবং অন্যান্যদেরও নিতে হবে।
জানিনা বিএনপি ভাঙবে কি না । তবে তাদের মনে রাখতে হবে সুখের পায়রারা দু:খের সময় থাকেনা। উড়াল দেয়া ড: কামাল হোসেন যত কথাই বলুন, আজ কিন্তু হাওয়া। ইতিহাসে তিনি কোনদিন কারো জন্য কিছু করেছেন এমন নজির নাই। উপরন্তু আমাদের যৌবনে তিনি একবার রাষ্ট্রপতি পদে দাঁড়ালে ঢাকার এক কুখ্যাত মস্তানের ভয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। যেমন হয়েছিল একাত্তরেও। এরা পাশে দাঁড়াতে জানেনা।
বাদবাকীরা যেমন মান্না বা কাদের সিদ্দিকী, তাদের নিজেদেরই ঠিক নাই। তারা কি করে ঝুঁকি নেবেন? খালেদা জিয়ার সবচেয়ে বড় ব্যর্থতা সংস্কৃতি বিরোধিতা। তিনি তাঁর রমরমা সময়ে কবি শামসুর রাহমানের কান টেনে দিতে চেয়েছিলেন। এমন একজন কবি সাহিত্যিক নাই যাঁরা মূলধারা অনুগামী অথচ তাঁর দলে। এখন তিনি নিশ্চয়ই বুঝছেন কাকে বলে সংস্কৃতি ও রুচির শক্তি। কিন্তু টু লেইট।
এখন যদি তিনি বা তাঁর ছায়া ও দল বিদেশের ষড়যন্ত্র মারামারি বন্ধ করে দেশে নিজেদের গঠনমূলক পথে আনতে না পারে আরো দেরি হবে। আরো পিছিয়ে একসময় নাইও হয়ে যেতে পারে দল। স্যরি খালেদা জিয়া এভরি থিং ইজ টু লেইট ফর ইউ নাউ।
