২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রাসঙ্গিক বিএনপি প্রাসঙ্গিক আওয়ামীবিরোধী ভোট: পর্ব- ১

অপ্রাসঙ্গিক বিএনপি প্রাসঙ্গিক আওয়ামীবিরোধী ভোট:  পর্ব- ১
ছবি: আসাদুজ্জামান প্রামাণিক

বিজন সরকার

Published : 27 Feb 2016, 02:06 PM

Updated : 01 Jul 2022, 05:46 PM

মায়ের জরায়ুতে থাকা অবস্থায় শিশুরা মাতৃভাষার বিভিন্ন মেলোডি শুনতে পায়। ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই ওরা ভাষা শিক্ষার জন্য একটি নির্দিষ্ট ক্রমবিকাশী ধারা অনুসরণ করে। পরবর্তী জীবনে বিভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে এই মেলোডি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। জন্মের ঠিক পরপরই শব্দের উপর শিশুদের নিয়ন্ত্রণ-ক্ষমতা তেমন থাকে না। তবে কয়েক সপ্তাহ বয়সের শিশুরা মানব ভাষার বিভিন্ন শব্দের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য বুঝতে পারে। যেমন 'পা' এবং 'বা' এর মধ্যকার পার্থক্য।

ছয় মাস বয়সে অন্যান্য ভাষার শব্দের সঙ্গে মাতৃভাষার বিভিন্ন শব্দের পার্থক্য নিরূপণ; সাত থেকে আট মাসে বয়সে বা-বা-বা, দে-দে-দে এবং নে-নে-নে সিলেবলগুলি হড়বড় করে বলা; এক বছরের কাছাকাছি বয়সে ভিন্ন ভিন্ন ধরনের শব্দ যোগ করে বাক্যসদৃশ্য নতুন কাঠামো গঠন করার সক্ষমতা অর্জন করে শিশু। আমরা যখন বলি 'আবার দেখা হবে', তখন সে হাত তুলে বিদায় জানায়। কোনো মজার গেম খেলার সময় করতালি দেয়। কিছু খেতে বললে দৌড়ে রান্নাঘরের দিকে চলে যায়। এই সব বৈশিষ্ট্য হচ্ছে স্বাভাবিকভাবে শিশুর বেড়ে ওঠার লক্ষণ।

শিশুরা প্রথমে না-বোধক এবং পরে প্রশ্নবোধক বাক্য গঠন শিখে। প্রশ্নবোধক বাক্য শেখার ক্ষেত্রেও ওরা ক্রমবিকাশী ধারা অনুসরণ করে। প্রথমেই কী, কোথায়, কেন এবং যখন ভালোভাবে কর্মপদ্ধতি ও সময়ের উপর জ্ঞান অর্জন করে ঠিক তখনই কীভাবে এবং কেন প্রশ্নবোধক শব্দ বাক্যে ব্যবহার করে। যদি কোনো শিশুর মনোভাষা বিকাশে এই ক্রমবিকাশী ধারা অনুসরণের ব্যত্যয় ঘটে, বুঝতে হবে কোথাও সমস্যা আছে। সমস্যার উৎস দুটি: জীবতাত্ত্বিক ও পরিবেশগত।

ভাষা শিক্ষণের এই ক্রমবিকাশী ধারার দর্শনটি আমাদের সমাজ ব্যবস্থার প্রাত্যহিক জীবনপ্রণালীর বহু ক্ষেত্রে শতভাগ প্রয়োগযোগ্য। নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর আদর্শিক চেতনা নির্মাণের পদ্ধতির কথাই ধরুন। আদর্শিক অবস্থান নির্দিষ্ট হওয়ার আগে দীর্ঘ সময় ধরে চেতনার নানান দিক সাধারণ মানুষের মনোভূমিতে সন্নিবেশ করাতে হয়। কিংবা কোনো জনগোষ্ঠীর রাজনৈতিক পরিবেশে রাজনৈতিক দলগুলির মৌলিক আদর্শের আলোকে প্রতিনিধিত্বশীল গোত্র নির্মাণ করার ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করতে হয়। এই বটম আপ ক্রমবিকাশী ধারার দার্শনিক পদ্ধতির বাইরে গিয়ে কিছু নির্মাণ করতে গেলেই স্বাভাবিক অবস্থায় হাঙ্গামা দেখা দেয়।

এবার আসব লেখার শিরোনামে উল্লিখিত বিএনপির অপ্রাসঙ্গিকতার বিষয়টিতে। নির্মোহ বিশ্লেষণে দলটির ক্ষমতার রাজনীতিতে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে ওঠা স্বীকার করে নেওয়া আবশ্যক। দলটির উৎসমূল, বিকাশমান পদ্ধতি এবং প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে অপ্রাসঙ্গিকতার বিষয়টি গ্রহণযোগ্যভাবে বিশ্লেষণ করা সম্ভব।

শিশুদের ভাষা আয়ত্তের ক্রমবিকাশমান ধারার অণু-বিশ্লেষণটি বিএনপির ক্রমবিকাশমান ধারার সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে সমঞ্জস। যে স্বাভাবিক ক্রমবিকাশমান ধারা অনুসরণ করে নবজাতক স্বাভাবিক মাত্রায় ভাষা আয়ত্ত করে, একটি জনগোষ্ঠীর আদর্শিক চেতনা সুনির্দিষ্ট ও পরিপুষ্ট হয়, যে কোনো রাজনৈতিক দল জনগণের চিন্তার জগত ক্রমশ সত্যিকারের প্রতিনিধিত্বশীল করে তুলে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির বিকাশের ক্ষেত্রে সেই ক্রমবিকাশমান ধারার প্রতিরূপটি মৌলিকভাবেই অনুসরণ করা হয়নি।

বিএনপি গঠন করার জন্য দশকের পর দশক কোনো চেতনা সাধারণ মানুষের মননে সন্নিবেশ করতে হয়নি। মানুষের চিন্তার জগতে বপন করতে হয়নি কোনো আদর্শের বীজমন্ত্র। বলা যায়, একটি রাজনৈতিক আদর্শ টেকসই করার লক্ষ্যে নির্দিষ্ট গোত্রভিত্তিক সাধারণ মানুষের মননে যে আদর্শিক চেতনার বীজ অঙ্কুরোদগম হয়, তা দলটির জন্মে অনুপস্থিত ছিল। এটির জন্মের জন্য জরায়ু হিসেবে পুরানা পল্টনকে ব্যবহার করা হয়নি; গ্রামবাংলার মেঠো পথ আদর্শের ছায়ায় ঢাকতে হয়নি। এর জরায়ু ছিল সেনা ছাউনি। যে জরায়ুর ভিতর থেকে বিএনপির সাধারণ মানুষের নির্দিষ্ট আদর্শের চিৎকার স্বাভাবিকভাবে শুনতে পাওয়ার কথা নয়।

ছয় মাসের স্বাভাবিক শিশুর মাতৃভাষার শব্দের সঙ্গে অন্যান্য ভাষার শব্দের পার্থক্য নিরূপণ করার মতো সমাজের কোন অংশটি বিএনপির নিজস্ব আদর্শে প্রতিনিধিত্বশীল, আর কোন অংশটি আওয়ামী লীগবিরোধী বিকল্প না থাকায় বিএনপির দ্বারস্থ, সেই দুটির পার্থক্য নিরূপণ করতে পারছে না ওরা।

সাত থেকে আট মাস বয়সের শিশুর বা-বা-বা, নে-নে-নে এবং দে-দে-দে সিলেবলগুল হড়বড় করে বলার মতো বিএনপি নিজেদের আদর্শিক মন্ত্র সাধারণ মানুষের মননে সন্নিবেশ করতে পারছে না। এ অবস্থায় দলটিকে ভোটদানকারীর কত শতাংশ ভোটার দলটির কথিত আদর্শে বিশ্বাসী, সে প্রশ্ন এখন গবেষণায় আসা উচিত।

যেভাবে ভিন্ন ভিন্ন ধরনের শব্দ যোগ করে একটি স্বাভাবিকভাবে বেড়ে ওঠা এক বছরের শিশু বাক্যসাদৃশ্য নতুন কাঠামো গঠনের সক্ষমতার প্রমাণ দেয়, ধর্মীয় রাজনীতির উন্মুক্তকরণ এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিরাগভাজনপূর্ণ মানসিকতার বাজারজাতকরণের মাধ্যমে বিএনপি সমাজের মৌলিক কাঠামো খণ্ডিত করে বিপরীতমুখী আচরণ করেছে। ব্যক্তিগত মত হল, বিএনপির যদি উগ্রবাদী আদর্শের রাজনীতির কৌশলী প্রমোটার না হত, এখনও বাংলাদেশের মোট জনসংখ্যার ১৫-১৭ শতাংশ থাকত হিন্দু ধর্মাবলম্বী।

রাজনৈতিক দল হিসেবে ঠিকে থাকার জন্য যে সকল প্রাথমিক স্তরগুলি সনাতনী অর্থেই বাতলে দেওয়া বাধ্যতামূলক, বিএনপির জন্মের ছাঁচে তা দেখা যায়নি। প্রাথমিক স্তরগুলি কেন অপরিহার্য তা বুঝার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতে কংগ্রেসকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে দীর্ঘ দুই দশক জনগণের মনোভূমিতে স্বাধীনতার চেতনার বীজ বপন করতে হয়েছিল। মেজর জিয়াউর রহমানের দুই মিনিটের ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে তা আসেনি।

ভারতের সাধারণ মানুষের মুক্তি-আকাঙ্ক্ষা ভিত্তিমূল ধরে কংগ্রেস গঠিত হয়েছিল এবং দীর্ঘ কয়েক দশক ধরে মানুষের মনোজগতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গণমানুষের সেই আকাঙ্ক্ষা লালন করে একে বীজ থেকে গাছে রূপান্তরিত করেছিল। বলা যায়, একটি স্থায়িত্বশীল গনমানুষের আদর্শিক দল হিসেবে টিকে থাকার জন্য এগুলিই পূর্বশর্ত।

রাজনৈতিক কোলাহলের পরিবেশে বিএনপিকে কৃত্রিম পদ্ধতির মাধ্যমে বহুমাত্রিক ক্লোনিংএর সাহায্যে জীবনদান করা হয়েছে। দলটির বিকাশে স্বাভাবিক কোনো সত্তার সামান্যতম অবদান ছিল না। এ থেকেই জীবতাত্ত্বিক সমস্যা দলটির জন্য সহজাত হয়ে যায়। পরবর্তীতে তাদের উপর পরিবেশগত ফ্যাক্টরগুলির প্রভাব তাৎপর্যপূর্ণভাবে ক্রিয়াশীল হয়। এসবের প্রতিক্রিয়ার ফলে বিরূপ পরিবেশে দলটির নানান অস্বাভাবিক উপসর্গ প্রতীয়মান হচ্ছে। স্বাভাবিক সিদ্ধান্ত গ্রহণ এবং সেই মোতাবেক বিরোধীদলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে ওরা শতভাগ ব্যর্থ হয়েছে।

বিএনপির রাজনীতির চালিকা শক্তি হিসেবে পরিবেশগত ফ্যাক্টরগুলির মধ্যে ভারত-বিরোধিতা, পাকিস্তানি ভাবধারার রাজনীতির প্রতি আদর্শিক ঝোঁক, প্রয়োজনে-অপ্রয়োজনে মিথ্যাচার, দেশের মহাকাব্যিক স্বাধীনতার ইতিহাসের প্রতি অতিমাত্রায় এলার্জি, ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বিরাগভাজনপূর্ণ আচরণ, ধর্মীয় বিদ্বেষ নীরব বাজারজাতকরণে রাজনৈতিক সমর্থনসহ আরও বহু বিষয় রয়েছে।

দীর্ঘ দুই দশক ধরে উল্লিখিত বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক সহায়ক পরিবেশগত ফ্যাক্টরগুলি তাদের জীবতাত্ত্বিক সমস্যা আড়াল করে রেখেছিল। তবে একবিংশ শতাব্দীর নতুন বৈশ্বিক ভূরাজনীতির মেরুকরণে পরিবেশগত ফ্যাক্টরগুলি বিএনপির জন্য শাঁখের করাত হয়ে দেখা দিল, অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই। প্রযুক্তির কল্যাণে বিএনপির সহজাত মিথ্যাচার এবং স্বাধীনতার ইতিহাসবিরোধী অবস্থান যেমন লুকানো যাচ্ছে না, ঠিক তেমনি দলটির ধর্মীয় জঙ্গিবান্ধব উগ্রবাদী আদর্শিক চেতনা বহির্বিশ্বের কাছে অস্বীকার করাও যাচ্ছে না। ফলে দল হিসেবে বিএনপির ভাবনা কী তা জানার জন্য এখনও পশ্চিমা কূটনীতিকদের গুলশানের ফিরোজায় যেতে হয়।

তাই বলা যায়, বিএনপির রাজনীতিতে অবদানকারী পরিবেশগত ফ্যাক্টরগুলির কার্যকারিতা ক্রমশ হারানোর ফলে দলটির জীবতাত্বিক সমস্যার বিষয়টি গণমানুষের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে যাচ্ছে।

কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেওয়া বিএনপিকে কৃত্রিমভাবেই শেষ হতে হবে। দলটি যে একেবারেই নিঃশেষ হয়ে যাবে তা নয়। তবে এক দশক আগের মতো রমরমা রাজনীতির বাজার তাদের আর না পাবার সম্ভাবনাই প্রবল। দলটির অতীতে যা অর্জন তা খুব কষ্ট করে হয়নি। ফলে হারাতেও সময় বেশি লাগছে না। ইউকিউবিটরে জন্মের পর থেকে সাধারণ মানুষের ভিতরকার সুপ্ত বিদ্বেষপূর্ণ মানসিকতা পুঁজি করে তিনবার ক্ষমতায় গিয়েছে ওরা। ভাগ্যও সুপ্রসন্ন ছিল, কারণ বৈশ্বিক রাজনীতি ছিল তাদের অনুকূলে।

২০০১ সাল অবধি বিএনপির প্রতি পরিবেশগত ফ্যাক্টরগুলি বিরুপভাবে প্রতিক্রিয়াশীল হয়ে উঠেনি। মৌলিক সমস্যাগুলি দেখা দেয় ২০০১ সালের পরে। ঠিক তখন থেকেই তারা তিনটি বড় ধরনের ভুল আচরণ করে।

প্রথমত, ২০০১ সালের সরকারে জামায়াতে ইসলামীকে সঙ্গে নেওয়া। বিশ্বব্যাপী বিএনপি জঙ্গি-বান্ধব দল হিসেবে ২০০১-২০০৬ সালেই তকমা পেয়ে যায়। বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলি ধর্মীয় জঙ্গিবাদ ইস্যুতে তাদের যে বিশ্বাস করবে না, তা দলের যাদের মধ্যে সামান্যতম জ্ঞানবুদ্ধি আছে তারা স্বীকার করবেন।

দ্বিতীয়ত, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ার প্রতি বিএনপির আচরণগত অবস্থানের ফলে দেশের জনগণের কাছে তাদের পোস্ট মর্টেম করা হয়ে গেছে। দলটি ক্ষমতায় গেলে ১৯৭৫ সালের মতো একজন যুদ্ধাপরাধীরও বিচার হবে না সেটি জনগণের কাছে পরিষ্কার হয়ে পড়েছে।

সর্বশেষ ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করার আত্নঘাতী সিদ্ধান্তটি। নির্বাচনকালীন সরকারের দাবির স্বপক্ষে কোনো ধরনের সবল যৌক্তিকতা দলটি তুলে ধরতে পারেনি তারা। 'আপোসহীন' উপাধি আরও সুদৃঢ় করতে গিয়ে বিএনপি খাদে পড়ে গিয়েছে। পশ্চিমা বিশ্বের এক শীর্ষ কূটনীতিক বিএনপির নির্বাচনকালীন সরকার নিয়ে খালেদা জিয়ার গোঁয়ার্তুমির প্রতি বিস্ময় প্রকাশ করেছিলেন। নির্বাচনকালীন সরকার নিয়ে আন্দোলনের নামে যে কোনো ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড যে তারা সমর্থন করেন না, তা রাখডাক না করেই গণমাধ্যমকে জানিয়েছেন।

বিএনপি যে রাজনৈতিক হিসাবের কারণে নির্বাচনে যায়নি বলে দাবি করে আসছে, সেই বিষয়টি বর্তমান সরকার এবং এমনকি বাইরের দুনিয়ার কাছে তেমন সমস্যা মনে হচ্ছে না। বাইরের রাষ্ট্রগুলি, এমনকি খোদ আমেরিকাও সরকারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতেই ব্যস্ত। বাংলাদেশের গণতন্ত্রের স্বাস্থ্য তেমন ভালো নয়, এই ধরনের কথা পশ্চিমারা এখনও বলার জন্যই বলে। আর এতেই বিএনপি আশাবাদী হয়ে পড়ে। দলটি ভাবতে থাকে, এই বুঝি বার্নিকার্ট বিউটেনিসের মতো ফণা তুলবেন। জামায়াত-বিএনপি জোট সরকারের এক কোটি বত্রিশ লক্ষ ভুয়া ভোটার নিয়ে আনোয়ার চৌধুরীর প্রশ্ন উত্থাপনের মতো এলিসন ব্ল্যাক ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে সরব হবেন।

উগ্রবাদ-বান্ধব গণতন্ত্রের চেয়ে উগ্রবাদ-বিমুখ নিয়ন্ত্রিত গণতন্ত্র যে বহুলাংশে নিরাপদ সেই ধারণাটি বিএনপির হাই কমান্ড না বুঝলেও তা থেকে পশ্চিমারা ভালোই ফল পাচ্ছে। বিএনপি এই ক্ষেত্রে মিশরের অবস্থাটি গবেষণা করে দেখতে পারে।

তাছাড়া শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক এবং জঙ্গি গোষ্ঠীবিরোধী ইমেজ তৈরি হয়েছে, সেটির কারণেই কোনো রাষ্ট্র ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে জোরালো প্রশ্ন তুলবে না। অধিকন্তু, বাংলাদেশ এখন ৩৪ বিলিয়ন ডলার রপ্তানি করে এবং ২৮ বিলিয়ন ডলার রিজার্ভ রাখার সক্ষমতা অর্জন করে ফেলেছে। ফলে প্রথম বিশ্বের বহু দেশ নিজেদের তাগিদেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে বাধ্য।

বিএনপিকে বুঝতে হবে এটি ১৯৭৮ নয়, ২০১৬। আমেরিকা ও রাশিয়া দুই মেরুর প্রধান হলেও এই নতুন সময়ে এক হয়ে ধর্মীয় সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে চাচ্ছে। ইরান পশ্চিম এশিয়ার টেকসই মোড়ল হিসেবে আবির্ভূত হচ্ছে। আর তেলনির্ভর সৌদি আরব চলে যাচ্ছে পিছনের আসনে। ভারত এখন আমেরিকার সবচেয়ে বড় কৌশলী অংশীদার এবং বিশ্বস্ত বন্ধু। বিএনপির বোঝার দরকার ছিল যে, একাত্তরের মতো সপ্তম নৌবহর নিয়ে আমেরিকা নির্বাচনকালীন সরকারের দাবিতে ভারত মহাসাগর দিয়ে চট্রগ্রামে নোঙ্গর করবে না।

বিএনপি যদি আজ ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করত, পুরো রাজনৈতিক সমীকরণটি পাল্টে যেত। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সব দলের অংশগ্রহণে নির্বাচনের আহ্বান জানালেন, তাদের উচিত ছিল আহ্বানটিতে স্বাগত জানানো। কোনো সিস্টেমের বাইরে থেকে সিস্টেম পরিবর্তন সম্ভব নয়, ভিতরে প্রবেশ আব্যশক। প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সরকারের প্রধান মেনে সে সরকারে অংশগ্রহণ করেও বিএনপি একটি পর্যায়ে সুযোগ এবং প্রয়োজন সাপেক্ষে পদত্যাগ করতে পারত। তখন নির্বাচনকালীন সরকারের ত্রুটি নিয়ে অভিযোগ করলে জনগণ শুনত এবং যে কোনো অভিযোগের বিশ্বস্ততা বেশি থাকত। তা না করে বিএনপি বারবার সরকারের কাছে বানানো ফ্রি কিকের জন্য বল দিয়েছে।

তর্কের খ্যাতিরে যদি মেনেই নিই যে, বিএনপি নির্বাচনে গেলে তাদের বিরোধী দলে বসিয়ে সরকার নির্বাচনের বৈধতা নিবে, তাতেও বর্তমানে বিএনপির বিপন্ন হওয়ার সম্ভাবনার চেয়ে রাজনৈতিক লাভ হত বেশি। সংসদে এবং সংসদের বাইরে সরকারকে চাপে রাখা যেত। ত্রুটিপূর্ণ নির্বাচন নিয়ে জনমত গঠনের সুযোগ থাকত। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সংসদ থেকে পদত্যাগ করা যেত এবং রাজপথে থাকার মতো সাংগঠনিক কর্মতৎপরতা থাকত। দলের কোন স্থায়ী কমিটির সদস্য সরকারের সঙ্গে গোপনে আঁতাত করছে, তার পিছনে স্পাই লাগানোর প্রয়োজন পড়ত না।

তাদের সামনে এখন দুটি পথ খোলা। শেখ হাসিনা সরকারের অধীনেই ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে ট্র্যাকে ফিরে আসা অথবা ভাঙনের ফলে আগামী কয়েক বছরের মধ্যে জাতীয় পার্টির মতো একটি ছোট দলে পরিণত হওয়া। নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে যদি ওরা ২০১৩ সালের মতো আচরণ করে, তাহলে ওদের কোমা-মুখী যাত্রা থেকে উদ্ধারের পথ উন্মুক্ত থাকবে না।

তার মানে, বিএনপি যে আমাদের জাতীয় রাজনীতিতে বেশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছে, তা নির্দ্বিধায় বলা যায়।