১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস: আদিবাসীদের জীবন দর্শন প্রাধ্যান্য দিতে হবে

খোকন সুইটেন মুরমু

Published : 05 Jun 2022, 07:19 PM

Updated : 22 Jul 2022, 03:48 AM

"এই বন যতদূর ঠিক ততদূর আমরা বাড়ি,

এই মাটিতে পোতা আছে আমার নাড়ি।

সেই নাড়ি ধরে কারা জানি টান দিয়েছে, তাই রুখতে-

পীরেন স্ন্যাল জান দিয়েছে।"

আদিবাসীদের ব্যান্ড হিসেবে পরিচিত 'মাদল' এর একটি বিখ্যাত গানের কিছু লাইন এটি। একই গানে উঠে এসেছে দেড় যুগেরও বেশি সময় আগে টাঙ্গাইলের মধুপুরে ইকোপার্ক-বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত পীরেন স্ন্যালের প্রাণ বিসর্জন দেওয়ার বিবরণও।  

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লেখাটি এই গানটির কথা টানলাম এ কারণে যে, এর পঙক্তিগুলোয় আদিবাসীদের সঙ্গে প্রাণ ও প্রকৃতির যে সম্পর্ক এবং প্রতিবেশ নিয়ে তাদের যে জীবন দর্শন- তা ফুটে উঠেছে। 

আদিবাসীরা ধরিত্রীকে নিজের মায়ের সমতুল্য মনে করে। সেই জন্য আদিবাসীরা ভূমির কেনা বেচা বা বণ্টনের দর্শনকে কখনও আমলে নেননি। আধুনিক সমাজের বণ্টন প্রথা ও উন্নয়নের ছোঁয়া এখনও আদিবাসী জীবনকে তেমনভাবে প্রলুব্ধ করতে পারেনি। আদিবাসীদের কাছে বাড়ি বলতে বন। কারণ এই বন-ই জন্ম থেকে মৃত্যু অবধি আদিবাসী জীবনকে লালন-পালন করে। তাই বাইরের উন্নয়ন পরিকল্পনা বা এজেন্ডা, যা বন ও বনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে তা আদিবাসীদের নাড়িকে টেনে ধরার মতোই।

'বিশ্ব পরিবেশ দিবস'টি 'ইকো দিবস' হিসেবেও পরিচিত। বিশ্বব্যাপী পরিবেশগত সমস্যা সর্ম্পকে জনগণকে সচেতন করার জন্য দিবসটি ১৯৭৪ সাল থেকে পালিত হচ্ছে। জাতিসংঘ এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, 'Only One Earth', বা বাংলা করল দাঁড়ায় 'একটি মাত্র পৃথিবী'। 

বাস্তবে কথাটি সরল, কিন্তু এর গভীরতা অনেক বেশি। পৃথিবী নামক এ গ্রহটিই আমাদের একমাত্র বাসস্থান। মহাবিশ্বের কোটি কোটি ছায়াপথের মধ্যে রয়েছে কোটি কোটি গ্রহ ও নক্ষত্রপুঞ্জের সমাহার। কিন্তু তার মধ্যে পৃথিবী একটাই। যে পরিবেশ অন্য কোন গ্রহ ও নক্ষত্রের মধ্যে নেই। তথাপিও দিনকে দিন মানুষ পরিবেশকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে। 

পরিবেশ বিপর্যয়ের ফলে জনজীবনে নেমে আসছে দুর্ভোগ। পৃথিবীতে বায়ুমণ্ডলের বিশুদ্ধতা, প্রাণের বৈচিত্র্যতা ও সমাহার এবং বাস্তুসংস্থান রক্ষা করা মানুষের দায়িত্ব। কিন্তু প্রতিনিয়তই মানুষ এ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। বাংলাদেশসহ সারা বিশ্বের আদিবাসীরা এক্ষেত্রে একটু আলাদা। তারা পরিবেশ ধ্বংস নয় বরং প্রতিবেশ সংরক্ষণে বিশ্বাসী।

জাতিসংঘের মতে, বিশ্বের মোট এক চতুর্থাংশ ভূমি যা আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর মালিকানাধীন, পরিচালিত ও ব্যবহৃত হয়ে আসছে সেখানকার প্রকৃতি অন্যান্য অঞ্চলের তুলনায় কম ক্ষয় হচ্ছে। উপরন্তু জলবায়ু এবং বাস্তুতন্ত্রের প্রভাবও স্থানীয় জীবন-জীবিকার মধ্যে ফেলছে অনুকূল প্রভাব। অথচ বিশ্বের মোট দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আবার ১৫ শতাংশই আদিবাসী। যদিও ভৌগলিকভাবে, আদিবাসীরাই প্রকৃত ধন-সম্পদের মালিক। কারণ আদিবাসী জনগণ যে এলাকায় বসবাস করেন, তা প্রাকৃতিক সম্পদে ভরপুর। 

আদিবাসী অধ্যুষিত সুবিশাল পাহাড় ও বনভূমির নিচে মজুত রয়েছে হাজার বছরের লোহা, বক্সাইট, তামা, পিতল, সোনা-হীরাসহ নানা দামি খনিজ। কোথাওবা বিস্তৃর্ণ বনভূমির মধ্যে রয়েছে হাজার রকমের দামি বৃক্ষ, সরীসৃপ ও বন্যপ্রাণীর সমাহার। সেই সাথে পাহাড়ি গিরি-ঝরনা, জঙলি ছরা, স্রোতস্বিনী নদী। 

প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্যের সমাহার আধুনিক যুগেও বুকে আগলে রেখেছেন ভূমিপুত্র আদিবাসীরাই।

অথচ আধুনিক রাষ্ট্রের নগরায়ন, শিল্পায়ন, বনায়ন ও পর্যটন এবং সর্বোপরি বিশ্বায়নের প্রতিঘাতে আজকে সবচেয়ে বেশি জর্জরিত হচ্ছে এই নিরপরাধ আদিবাসীরাই। বন ও বনের আদিবাসী মানুষেরা প্রকৃতি ও পরিবেশ নির্ভর জীবন-যাপন করে থাকে। বন থেকে খাদ্য সংগ্রহ করে থাকে। গিরি বা ঝরনার বিশুদ্ধ পানি খান। প্রকৃতির নির্মল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেন।

কিন্তু সারা বিশ্বে আদিবাসী মানুষেরা আধুনিক উন্নয়নের আগ্রাসনের শিকার। বাংলাদেশের আদিবাসীরা এর বাইরে নন। এদেশেও এখন আদিবাসী অধ্যুষিত অঞ্চলে আধুনিক পর্যটন ও উন্নয়নের নামে বন থেকে অবাধে গাছ কাটা, ঝিরি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, বনায়নের নামে প্রতিবেশ প্রতিকূল চারা- যেমন আকাশমনি, ইউক্যালিপটাস, রাবার ইত্যাদি রোপন, সংরক্ষিত বনায়নের নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ, পাহাড় কাটা, ইট ভাটা স্থাপন, রাবার ড্যাম স্থাপন, ফায়ারিং রেঞ্জ স্থাপন ও কৃত্রিম লেইক খনন ইত্যাদি পরিবেশ প্রতিকূল কার্যক্রম ঘটে চলছে। যা আদিবাসী জীবন ও জীবিকাকে করে তুলছে বিপর্যস্ত। দারিদ্রের চরম প্রান্তিক পর্যায়ে ঠেলে দেওয়া হচ্ছে এক সময়ের স্বচ্ছল আদিবাসী মানুষদের।

আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করে কাপেং ফাউন্ডেশন। সংগঠনটি ২০২০ সালে 'বাংলাদেশের আদিবাসীদের বার্ষিক মানবাধিকার রিপোর্ট- ২০২০' প্রকাশ করে। প্রতিবেদনের ৬৭ শতাংশই পরিবেশ বিপর্যয় সর্ম্পকিত। পরিবেশ বিপর্যয় সংক্রান্ত এসব প্রতিবেদনে উঠে এসেছে- কীভাবে আদিবাসী জাতিসত্তাগুলোর পরিবেশ বিষয়ক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। 

পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার লামা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম সহ বিভিন্ন উপজেলায় চলছে অবাধে ঝিরি থেকে পাথর উত্তোলন, বালু উত্তোলন ও পাহাড় কাটা। যার ফলে সেখানে বিশুদ্ধ খাবারের পানির অভাব, বৃষ্টির সময় পাহাড় ধস ও ইট ভাটার নোংরা ধোঁয়া পরিবেশকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। 

সেখানকার আদিবাসীদের অভিযোগ, বান্দরবন জেলা প্রশাসনকে সুপ্রিম কোর্ট থেকে অবাধে ঝিরি থেকে পাথর উত্তোলন, বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধের আদেশ দিলেও তা বাস্তবে কার্যকর করা হচ্ছে না। কারণ এ কাজের সাথে স্থানীয় ক্ষমতাবান নেতারা জড়িত। অভিযোগ রয়েছে প্রভাবশালী সরকারি নেতাদের বিরুদ্ধেও। 

একই ভাবে নেত্রকোনার মহাদেও নদী থেকেও চলছে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন, সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে উত্তোলন হচ্ছে চুনাপাথর ও নুড়ি পাথর, টাঙ্গাইল জেলার মধুপুর বনভূমিতে স্থাপন করা হয়েছে একটি বাহিনীর ফায়ারিং রেঞ্জ এবং বর্তমানে কৃত্রিম লেইক খননের প্রস্তুতি চলছে। 

দিনাজপুর জেলার বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সারসা বিলের মধ্যে পর্যটনের নামে স্থাপন করা হয়েছে রাবার ড্যাম। এর ফলে সেখানকার আদিবাসীরা ইরি ও বোরো কোন মৌসুমেই ধান চাষ করতে পারছেন না। রাবার ড্যাম জলাবদ্ধতা তৈরি করছে, যা ধান চাষের অন্তরায়। স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্যের সাথে একাধিক বার আদিবাসীরা বসলেও কোন সমাধান পায়নি। 

আলোচ্য এসকল পরিবেশ প্রতিকূল কার্যক্রমের ফলে দেশের বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে অনেক আদিবাসী নিজ বাসভূমি থেকে হয়েছে বাস্তুচ্যুত ও উদ্বাস্তু।

আদিবাসীদের জীবনে উন্নয়নের ছোঁয়া আনতে রাষ্ট্র বদ্ধপরিকর। সেজন্য বৈশ্বিক বিভিন্ন উন্নয়ন এজেন্ডার সাথে তাল মিলিয়ে পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলোয়ও রাষ্ট্র নিজের মতো করে আদিবাসীদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা সাজায়। রাষ্ট্রের সাথে আদিবাসী উন্নয়ন দর্শনের সংঘর্ষ বাঁধে এখানেই। কারণ আদিবাসীদের জীবন উন্নয়ন দর্শন ও আধুনিক রাষ্ট্রের উন্নয়ন দর্শনের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। আদিবাসীরা কখনও প্রকৃতির ক্ষতি করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেননি, আজও করতে চান না। বিপরীত মেরুর এ সমাজ দর্শনের জন্য রাষ্ট্র আদিবাসী এলাকায় উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় আদিবাসীদের বাদ দিয়েই অনেক ক্ষেত্রেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে থাকেন। কিন্তু পরে প্রকল্প বাস্তবায়নের সময় দেখা দেয় বিপত্তি। হাজারো আদিবাসী নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য প্রকল্প সমূহের বিরোধিতা করতে বাধ্য হন। 

আদিবাসীরা বাধা দিলে লাঠির জোরে তাদেরকে হঠিয়ে দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। কোনও ক্ষেত্রে হয়ত আদিবাসীরা প্রতিবাদ করে সাময়িকভাবে প্রকল্প বন্ধ করতে সক্ষম হন। কিন্তু সেটা আদতে কোন টেকসই সমাধান নয়। বর্তমান পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তুলতে হলে টেকসই উন্নয়ন এজেন্ডার ১৭টি লক্ষ্যমাত্রার প্রত্যেকটির গুরুত্ব অপরিহার্য। তেমনভাবেই আদিবাসীদের প্রাকৃতিক দর্শনও সমান গুরুত্বপূর্ণ। তাই রাষ্ট্রের উচিত কোন ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সময় প্রকৃতিবাদী আদিবাসীদের দর্শন ও চেতনাকে গুরুত্ব দেওয়া। যা পরিবেশ বিপর্যয় ঠেকাতে অনন্য গুরুত্ব রাখবে।