২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: লড়াইয়ে ডেটা সায়েন্টিস্টদের সামিল করুন

ইউসুফ সরকার

Published : 29 Apr 2020, 01:31 PM

Updated : 01 Jul 2022, 05:36 PM

করোনাভাইরাস আমাদের জীবনে বহুমাত্রিক হুমকি নিয়ে হাজির হয়েছে। একদিকে যেমন গুণানুপাতিক হারে মানুষ আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে অন্যদিকে গৃহবন্দি মানুষ বন্দিদশার 'ব্রেকিং পয়েন্ট'এ পৌঁছে যাচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য দ্রুত একটা বিহিত প্রয়োজন।

সংক্রমণের সময় বিবেচনায় বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ যে বেড়ে চলেছে বলার অপেক্ষা রাখে না। সীমিত পরীক্ষা কেন্দ্রে যে সংখ্যক টেস্ট করা হয়, সেখানে দিন প্রতি ১০% থেকে ১৫% এর মতো কোভিড শনাক্ত করা যাচ্ছে। বিগত কয়েক দিনের হিসেবে আমরা দিনপ্রতি কোভিড শনাক্ত সংখ্যায় প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি বৃদ্ধি দেখতে পাচ্ছি। আমাদের ধারণা বহু আক্রান্ত মানুষকে সময়মত শনাক্ত করে আইসোলেট করতে না পারার কারণে সংক্রমণ বেড়ে চলেছে।

সীমিত টেস্টিং কিট এবং আনুসঙ্গিক অবকাঠামোর কারণে বাংলাদেশ সরকার একটি অগ্রাধিকারমূলক স্ক্রিনিং পদ্ধতি অনুসরণ করছে। স্ক্রিনিং-এর ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যে পর্যালোচনা করে অনুমান করা যায়; কোভিড-১৯ টেস্টের জন্য যারা যোগাযোগ করেন তাদের মধ্য থেকে একটি ছোট অংশকে উপসর্গ বিবেচনায় টেস্টের জন্য নির্ধারণ করা হয়। টেস্টের জন্য নির্ধারিত অংশটি মোট যোগাযোগ করা ব্যাক্তির সংখ্যার কত শতাংশ তা আমরা জানি না। তবে অনুমান করে নিতে পারি এই সংখ্যা খুব একটা বড় হবে না। আগ্রহের বিষয় হচ্ছে এই বিশেষ ভাবে নির্ধারিত ছোট অংশের মানুষের মধ্যেও মাত্র ১০ থেকে ১৫ শতাংশের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যা স্ক্রিনিং পদ্ধতিতে ত্রুটি নির্দেশ করে।

উপসর্গহীন ও উপসর্গসহ যোগাযোগ করা মানুষদের মধ্যে যাদের টেস্ট করা হয় না তাদেরকে মূলত টেলিফোনের মাধ্যমে ঔষধ দেওয়া হয় এবং আইসোলেশানে থাকার পরামর্শ দেওয়া হয়। এই রকম আইসোলেশনে থাকাদের ঠিক কতজন আইসোলেশানের নিয়মনীতি মেনে চলছেন তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। উপরন্তু, সাধারণভাবে ঘোরাফেরা করা মানুষদের মধ্যেও একটা অংশ উপসর্গহীনভাবে সংক্রমিত এবং প্রতিনিয়ত রোগটি ছড়িয়ে পড়ায় অবদান রাখছেন। মহামারী নিয়ন্ত্রণের জন্য এই ধরনের উপসর্গহীন সংক্রমিত মানুষদেরকেও খুঁজে বের করে টেস্ট করে আইসোলেট করা প্রয়োজন।

আমাদের সীমিত সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করেই কেবল এটি সম্ভব। টেস্ট অনুপাতে শনাক্তের হার বাড়ানোর দিকে মনোনিবেশ করা এখন একান্ত প্রয়োজন। আর এটি করার জন্য আমাদের দ্রুত এবং নির্ভরযোগ্য একটি স্ক্রিনিং পদ্ধতি দরকার যা রোগীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে রোগীর কোভিড-১৯ পজিটিভ হবার সম্ভাব্যতা যাচাই করে টেস্টের অগ্রাধিকার নির্ধারণ করবে। একই সময়ে একজন মানুষ নিজেই করোনাভাইরাস পজিটিভ হওয়ার সম্ভাব্যতা পরিমাপ করে এই সিদ্ধান্ত নিতে পারবেন যে, তার এখন কী করা উচিত। স্ক্রিনিং পদ্ধতির এই উন্নয়নে ডেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু তার জন্য প্রয়োজন বিস্তারিত ডেটা। সরকারের তরফ থেকে প্রকাশিত সারমর্মভিত্তিক তথ্যসমূহ একাজের জন্য যথেষ্ট নয়।

করোনাভাইরাসে সম্ভাব্য সংক্রমণ নির্ণয়ের জন্য সরকার নির্ধারিত বর্তমান অনলাইন স্ক্রিনিংয়ের কথাই ধরা যাক, একজন সম্ভাব্য রোগী যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিচ্ছে তার মধ্যে আছে বর্তমান উপসর্গসমূহ, বিদেশফেরত কারও সংস্পর্শে আসার ইতিহাস, করোনাভাইরাস আক্রান্ত কারও সংস্পর্শে এসেছেন কী না এমন সব তথ্য।

এই ডেটাগুলোর সঙ্গে ওই সকল রোগীদের যদি টেস্ট করা হয়ে থাকে তাহলে টেস্টের ফলাফল অথবা টেস্ট না করা হয়ে থাকলে, সে কি পরামর্শ পেয়েছিল, এ সকল ডেটা গবেষণার জন্য উন্মুক্ত করা প্রয়োজন। তাহলে এসব ডেটা ব্যবহার করে গবেষক এবং ডেটা সায়েন্টিস্টগণ বিভিন্ন মডেল-এর মাধ্যমে একজন মানুষের সংক্রমিত হবার সম্ভাব্যতা আরও সঠিকভাবে নিরূপণ করতে পারবেন। সরকারও সেটাকে স্ক্রিনিং টুল হিসাবে ব্যবহার করতে পারে। প্রাক্কলিত সম্ভাবনার ভিত্তিতে সরকার তাদের অগ্রাধিকার নির্ধারণ করে বর্তমান সীমিত টেস্ট ব্যবস্থাতেই অধিক সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত ও আইসলেট করতে পারবে।

শুধু স্ক্রিনিং ডেটাই নয়, মহামারী সম্পর্কিত সমস্ত ডেটা যেমন সংক্রমিত, সুস্থ্য হওয়া এবং মৃতদের জনতাত্ত্বিক তথ্য, তারা কেমন চিকিৎসা গ্রহণ করেছিলেন, তাদের শরীরে অন্য কোনও জটিলতা ছিল কি না ইত্যাদি উন্মুক্ত করা প্রয়োজন। সংখ্যাতাত্ত্বিকগণ ওইসকল ডেটা বিশ্লেষণ করে মহামারী নিয়ন্ত্রণ বা মৃত্যুহার কমানোর ব্যাপারে গুরুত্বপূর্ণ কৌশল প্রস্তাব করতে পারে, মডেলিং ও সিমুলেশনের মাধ্যমে কৌশলসমূহের সংবেদনশীলতা এবং গ্রহণযোগ্যতাও যাচাই করতে পারে। মহামারীর এই দুঃসময়ে ডেটা বিশ্লেষণভিত্তিক কৌশল গ্রহণ ভীষণ জরুরি। তাতে হয়তো দ্রুততর সময়ে মহামারী নিয়ন্ত্রণ করে জানমালের ক্ষতি অপেক্ষাকৃত কমানো যেত।

এর জন্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে ডেটা ব্যাংক তৈরি করতে পারে। অন্তত, কেন্দ্রীয়ভাবে কোভিড-১৯ এর ডেটা বিষয়ক একটি ম্যানেজমেন্ট টিম গঠন করতে পারে যেখান থেকে গবেষণার উদ্দেশ্য বিবেচনায় দ্রুত ডেটা সরবরাহ করা হবে। কারণ, বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে গবেষকদের পক্ষে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করা অনেক সময়সাপেক্ষ এবং অনিশ্চিত। এটি করা গেলে ডেটা সায়েন্টিস্টগণ অনায়াসে কোনো সৃজনশীল উপায় বের করতে পারত যা ডাক্তার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে মহামারী নিয়ন্ত্রণের কৌশল প্রণয়নে সহায়তা করত।

আমরা বলতে চাই, বিষয়টি দ্রুত আমলে নিয়ে সরকার যেন গবেষকদের জন্য ডেটা উন্মুক্ত করে। এতে দক্ষ গবেষকরা যেমন সরকারকে সহযোগিতা করতে পারবে, পাশাপাশি তরুণ গবেষকরা এই ডেটা ব্যবহার করে মূল্যবান বাস্তব পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন করতে পারবে যা এই বিষয়ে একটি দক্ষ জনশক্তি তৈরিতে সহায়ক হবে।

সহলেখক: মিজানুর রহমান। গবেষক, বাংলা ট্রিবিউন