আর নয় ‘রক্তাক্ত প্রান্তর’
বাংলাদেশের চলমান রাজনীতি তার নরম-গরম আন্দোলনের তরঙ্গ পেরিয়ে অবশেষে চরম স্তরে প্রবেশ করছে বলে মনে হচ্ছে। ধোঁয়া উঠতে শুরু করেছে, যে কোনো সময়ে আগুন জ্বলবে। আবার ভস্মীভূত হতে পারে আমাদের ছেঁড়াখোড়া গণতন্ত্রের অনিশ্চিত ভবিষ্যৎ। জন্ম নিতে পারে অন্য-কোনো অশুভ এক-এগারো। প্রধানমন্ত্রীর একটি সাম্প্রতিক মন্তব্য ও বিরোধী দলীয় নেত্রীর তাৎক্ষণিক বিরোধিতাই এই আশঙ্কার উৎস।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে এক সাক্ষাৎকারে বলেছেন আগামী সংসদ নির্বাচনের জন্যে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা, যেখানে বিরোধীদলেরও প্রতিনিধিত্ব থাকতে পারে। পুরো রূপরেখা না জানিয়ে খুব কম কথায় ছোট মন্ত্রিসভার আকারে একটি প্রস্তাব ছুঁড়ে দিয়েছেন তিনি। আর দেখতে চেয়েছেন প্রধান বিরোধীদলসহ অন্যরা কে কী বলেন।
পাকা জহুরীর খেল খেলেছেন তিনি। তবে বিরোধী দলীয় প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কম যান না। তিনিও নতুন কোনো চিন্তা-ভাবনার অবকাশ না রেখে তাৎক্ষণিকভাবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সেইসঙ্গে নিজের অবস্থানে অটল থেকে আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন। কাল বিলম্ব না করে বিরোধী দলীয় নেতানেত্রীরা তার কথারই প্রতিধ্বনি করে যাচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতা-নেত্রীরাও প্রধানমন্ত্রীর প্রস্তাবের সূত্র ধরে বিরোধীদলকে সংসদে এসে এই অন্তবর্তীকালীন মন্ত্রিসভার রূপরেখা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছেন। বলা বাহুল্য, তাতে এখনো কোনো সাড়া মেলেনি। মিলবে যে অদূর ভবিষ্যতে, তারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং বিরোধীদল ঈদের পর আরো ক্ষুরধার আন্দোলনের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। অর্থাৎ সহজ সমাধানের রাস্তা ক্রমেই সংকুচিত হয়ে আসছে।
তবে আশার ক্ষীণ দ্যুতিও দেখা গেছে। এর ভিতরেই তৃতীয় পক্ষের মতামত শোনা গেছে ব্যারিস্টার রফিকুল হকের কথায়, যিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব পুরোপুরি উড়িয়ে না দিয়ে ভেবে-চিন্তে মতামত দেয়ার অনুরোধ জানিয়েছেন বিরোধীদলকে। বলা বাহুল্য, এক-এগারোর পর ব্যারিস্টার রফিকুল হক উভয় নেত্রীর অভিন্ন আইনজীবী নিযুক্ত হয়েছিলেন। অর্থাৎ দুর্দিনে তিনি দুজনের কাছে প্রায় সমান আস্থাভাজন। অতিসম্প্রতি সরকার-বিরোধী আন্দোলনে তিনি কোনো কোনো সময়ে বিএনপি-র পক্ষ সমর্থন করেছেন। ফলে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও অন্যরা তার কথাকে গুরুত্বসহকারে গ্রহণ করবেন, এটাই প্রত্যাশিত । কিন্তু সে প্রত্যাশাও পুরণ হয়নি। বাংলাদেশের গণতান্ত্রিক বৈরিতার ইতিহাসের দিকে তাকালে মনে হয়, এমনটি হওয়াটাই স্বাভাবিক। কথা চলুক, কিন্তু তালগাছটা বেহাৎ হয়ে যাক, এটা তো হতেই পারে না।
সরকার পক্ষের মূল যুক্তি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করে গণতন্ত্রের ধারাবাহিকতা নিরাপদ ও অব্যাহত রাখা। এর অর্থ হচ্ছে, সংবিধানের ৫ম সংশোধনীর ১২৩(৩)(ক) ধারা অনুযায়ী সংসদ ও সংসদ সদস্যের পদ অটুট রেখে বর্তমান মন্ত্রিসভার অধীনে নির্বাচন করা। এতে তাদের বাড়তি লাভ কি-কি ও কতপ্রকার, তা সহজেই অনুমানযোগ্য। আর বিরোধীদল সুবোধ্যকারণেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড়। তারা ক্ষমতাসীন দলকে নির্বাচনে সম্ভাব্য বাড়তি সুবিধা লাভ থেকে বিযুক্ত রাখতে বদ্ধপরিকর। তাই একসময়ে তারা যে তত্ত্বাবধায়কের বিরোধিতা করেছে, তাকেই আজ তাদের বিকল্পহীন দাবি বলে জানিয়ে দিয়েছে। একই কথা প্রযোজ্য আওয়ামী লীগের জন্যেও। আজ তারা অতীতে তাদের উত্থাপিত দাবির শুধু বিরোধিতাই করছে না, বরং সেই দাবি বিবেচনার ক্ষেত্রটিকে বিযুক্ত করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের ধারাটিকেই বিলুপ্ত করেছে। এটাকেই বলা যেতে পারে ইতিহাসের কূটাভাস। এ-ক্ষেত্রে আওয়ামী লীগ সঙ্গতভাবেই নিকট অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী ভূমিকার প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছে। আর এ কথাও সত্য, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত দলকেও কোনো পরাজিত পক্ষ সহজে মেনে নিতে চায়নি। বরং তারা প্রতিটি নির্বাচনের পরেই সূক্ষ্ম কারচুপির অভিযোগ এনেছে। অর্থাৎ গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে এখন তত্ত্বাবধায়ক সরকারও সর্বস্বীকৃত ব্যবস্থা নয়।
এই পর্যায়ে উভয় দলের বিদ্যমান অবস্থাও বেশ ঘোলাটে। বিরোধী দল যতই তোড়জোড় করুক, সরকারী দল ও মহাজোট এখনো তাদের অবস্থানে অনড়। মহাজোটের শরীক দল জাতীয় পার্টি প্রধান এরশাদ বলেছেন, কে নির্বাচন করলো না-করলো তা তাদের ভাববার বিষয় নয়, তারা বরং তিনশ আসনেই তাদের প্রার্থী দেবেন। অন্যদিকে নির্বাচন কমিশনও বলছে, তারা সংবিধানকে অনুসরণ করে সরকার প্রস্তাবিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠান করতে আগ্রহী। তাদের মতে, জনগণ সংবিধানের পরিবর্তন মেনে নিয়েছে। তবে এ কথার যথার্থতা কেবল ভবিষ্যতেই প্রমাণিত হবে।
সে যাই হোক, বিরোধী দলের আন্দোলনকে ঠেকিয়ে সরকার যদি বাকি সময়টুকু এভাবে কথার যুদ্ধ চালিয়ে পার করতে পারে, তাহলে পরিস্থিতি হয়তো তাদের অনুকূলে চলে আসবে । আবার হতে পারে ঠিক উল্টোটাও। রাজপথের যুদ্ধে ব্যর্থ হলে বিরোধীদল নিশ্চিতভাবেই নির্বাচন বয়কট করতে পারে। তখন প্রধান বিরোধীদলহীন নির্বাচন আন্তর্জাতিক সমাজের কাছে সহজে গ্রহণযোগ্যতা ও বৈধতা পাবে বলে মনে হয় না। ফলে দ্রুততম সময়ের মধ্যে আবার নির্বাচন দিতে হবে। এই অবস্থা দেশ ও জাতির জন্যে কাম্য হতে পারে না। কেননা এতে অকল্পনীয় অর্থহানি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। আর তা গোটা জাতিকেও ঠেলে দেবে চরম বিপর্যয়ের দিকে।
অন্যদিকে, যদি সরকার ও বিরোধীদল নিজ নিজ অবস্থানে অটল ঠেকে রাজপথে চরম সহিংসতায় লিপ্ত হয়, তাহলে তা-ও জাতিকে এক-এগারোর চেয়েও ভয়ঙ্করতর পরিস্থিতির মুখোমুখি করবে। বাংলাদেশ হবে আরেক রক্তাক্ত প্রান্তর।
তাহলে উপায় কি? না, খোলা নেই কোনো লৌকিক বা অলৌকিক উপায়। কেননা নিজ নিজ প্রক্রিয়ায় নির্বাচনী বৈতরণী পার হয়ে ক্ষমতায় আরোহণের প্রশ্নে উভয় পক্ষ অনড়। ন্যুনতম পর্যায়ে যে পারস্পরিক আস্থা ও সহনশীলতা গণতন্ত্রের প্রাথমিক শর্ত, তা উভয় জোটের মধ্যে পুরোপুরি অনুপস্থিত বলে মনে হয়। অথচ তার পুনরুদ্ধারই একমাত্র সমাধান। তা নাহলে আমাদের এই লোকদেখানো 'গণতন্ত্র, গণতন্ত্র' খেলাটি জাতির জন্যে কোনো সুফল বয়ে আনবে না। স্বাধীনতা-উত্তর চল্লিশ বছরেও যে আমরা গ্রহণযোগ্য গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে প্রবেশ করতে পারিনি, তার মূল কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর সীমাহীন ক্ষমতালিপ্সা ও অপরিণামদর্শিতা। তাইতো পদ্ধতির পর পদ্ধতি পরিবর্তিত হয়েছে, সংবিধানে একের পর সংশোধনী এসেছে, কিন্তু জাতির কপাল খোলেনি। এই পরিস্থিতি পাল্টাতেই হবে। আমাদের অবশ্যই ফিরে আসতে হবে একটি বোধগম্য সমাধানে। দেশ ও জাতির স্বার্থেই এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নির্দলীয় হোক, সর্বদলীয় হোক, বহুদলীয় হোক, একটি সমঝোতাপূর্ণ সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালনা করার কোনো বিকল্প নেই। আর এটি করতে হবে সংবিধানের ধারা ও ধারাবাহিকতাকে লঙ্ঘন না করেই। বিশেষজ্ঞদের মতে, সংবিধানের ৫ম সংশোধনীর ১২৩(৩)(খ) ধারা প্রয়োগ করা হলে সুফল পাওয়া যেতে পারে। তবে এ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়েই আরো বিশদ আলোচনা প্রয়োজন।
যদি বর্তমান সংবিধান এই ধরনের সমঝোতাপূর্ণ সরকারকে সমর্থন না করে, তাহলে সংবিধানে আবশ্যকীয় সংশোধনী আনা যেতে পারে। আর এ উদ্যোগ নেয়ার দায়িত্ব মূলত সরকার পক্ষের। কেননা সংসদে তারাই সংখ্যাগরিষ্ঠ। আর এই প্রক্রিয়ায় বিরোধীদল ইতিবাচক ভূমিকা নিয়ে সংসদে উপস্থিত থাকবে, এটাই সকলের কাম্য। এটাই সংসদীয় রীতি। যারাই এর ব্যত্যয় ঘটাবে, তারাই পরিণামে ক্ষতিগ্রস্ত হবে।
অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 'নির্দলীয়' বা 'সর্বদলীয়' বা 'বহুদলীয়' সরকারের প্রশ্নটি বিবেচনার আগে এই তিনটি শব্দের অর্থের যাথার্থ্য ও প্রয়োগযোগ্যতা সম্পর্কেও বিবেচনা করা জরুরী।
গণতান্ত্রিক সমাজ মানে বিভিন্ন মতাদর্শের ভিত্তিতে গঠিত বিভিন্ন রাজনৈতিক দলের মিলিত সমাজ। তার বাইরে যারা আছেন তারা মূলত সুশীল সমাজ ও সর্বস্তরের গণমানুষ । তারাই নির্ণায়ক ভোট-ব্যাংক। আসলে তারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো-না-কোনো দলের সমর্থক। অস্বীকার করার উপায় নেই, নির্বাচন কমিশনসহ যারা নির্বাচনী কাজে জড়িত, তাদেরও ব্যক্তিগত পক্ষপাত আছে কোনো-না-কোনো দলের প্রতি। এমনকি বাংলাদেশে কোনো পাগলকেও দলহীন ভাবার কোনো কারণ নেই। পাগল অন্যকে স্বীকার করে না বটে, কিন্তু নিজেকেই একশ বা হাজার বা কোটিজন মনে করে। তার দল একার দল। তাই সেও আত্মদলীয়। অর্থাৎ যে কোনো বিচারেই নির্দলীয় কথাটি সোনার পাথরবাটি মাত্র। ফলে নির্দলীয় সরকারের চিন্তা আসলে অমূলক চিন্তা। উপরন্তু, অতীতে কয়েকটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও কর্মপদ্ধতি দেখেও আমরা আঁচ করেছি সরকারি কাজে যুক্ত হয়ে শতভাগ নিরপেক্ষ থাকা সম্ভব নয়। তাই শতভাগ নির্দলীয় ব্যক্তি খুঁজে বের করা প্রায় শতভাগ অসম্ভব। এই অসম্ভব চিন্তা বাদ দিয়ে বরং সহজ ও সম্ভবপর চিন্তায় মনোনিবেশ করাই মঙ্গল। অর্থাৎ সর্বদলীয় সরকার গঠনের চিন্তাই বাস্তবতাসম্মত বলে মনে হয়। তবে এ ক্ষেত্রে আরেকটু সংযোজন করা যেতে পারে। বাংলাদেশে নামসর্বস্ব দলের কমতি নেই। সর্বদলীয় মানে বাংলাদেশে বিরাজমান সকল বিধিসম্মত দলের প্রতিনিধির সমন্বয়। তাদের সকলের প্রতিনিধিত্ব নেয়া হলে সরকারের আকার হবে অনেক বড়। এটিও প্রার্থিত নয়। তাই বৈধ পথে যাচাই বাছাইয়ের পথে এগোতে হতে পারে। এক্ষেত্রে বিগত নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন দলের কথা বিবেচনা করা যেতে পারে, যারা সংসদে অন্তত একটি করে আসন পেয়েছে। আলোচনার মাধ্যমে এইসব দলের প্রতিনিধি নিয়ে এই বহুদলীয় সরকার গঠিত হতে পারে। লেভেল প্লেয়িং-এর স্বার্থে নির্বাচনের সময়ে সংসদের সকল সদস্যের কার্যকারিতাও স্থগিত রাখা জরুরি।
তবে সবচেয়ে বড় প্রশ্ন দুটি : কোন দল থেকে থাকবেন কতজন সদস্য ? আর কে হবেন এই বহুদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান? এই সমস্যার সমাধানও পূর্বোক্ত নিরিখে করা যেতে পারে। যেহেতু পারস্পরিক আস্থা ও সহিষ্ণুতা এই বহুদলীয় সরকারের ভিত্তি, সেহেতু এই সহমর্মিতার সদাচারকে এখানেও কাজে লাগাতে হবে।
ধরা যাক, প্রস্তাবিত বহুদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীপর্যায়ের সদস্য সংখ্যা ২১। সংখ্যানুপাতিক গুরুত্ব বিবেচনা করে এতে সরকারি জোটের সদস্য-সংখ্যা, আর বিরোধীজোটের সদস্য-সংখ্যা উভয় জোটের মধ্যে আলোচনার মাধ্যমে স্থির করা যেতে পারে। উভয় জোট থেকে সমসংখ্যক সদস্য নেয়া হবে, নাকি কমবেশি করা হবে তা পক্ষসমূহ স্থির করবে। তবে এ-ক্ষেত্রে বড় ধরনের ব্যবধান না রাখাই ভালো। মন্ত্রিপরিষদে যে কোনো মৌলিক ও নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে মতানৈক্য দেখা দিলে তা নিরসনের জন্যে অন্তত দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১৪ জনের সম্মতির বিধান রাখা যেতে পারে। যে ক্ষেত্রে এই সম্মতি পাওয়া যাবে না, সেক্ষেত্রে বিকল্প কার্যক্রম নিয়ে চিন্তা করতে হবে। একটি সিদ্ধান্তের ক্ষেত্রে এই ধরনের তিনটি বিকল্প উদ্যোগ উপর্যুপরি ব্যর্থ হলে পুরো বিষয়টি রাষ্ট্রপতির গোচরীভূত করা যেতে পারে। তিনি এক্ষেত্রে যা গ্রহণযোগ্য বিবেচনা করবেন, তা-ই কার্যকর করা হবে। প্রস্তাবিত ২১-সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন মন্ত্রিপরিষদে বর্তমান প্রধানমন্ত্রী বা সরকার দলীয় একজন সদস্য সরকার প্রধান এবং বিরোধী দলীয় একজন সদস্য উপ-সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার মুহূর্তেই সকল সদস্যকে সর্বোচ্চ নিরপেক্ষ আচরণের শপথ নিতে হবে।
প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বহুদলীয় সরকার (৯০-দিন মেয়াদী) নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলের জন্য এই মর্মে একটি সদাচার দলিল সম্পাদন ও জারি করতে পারে যে, নির্বাচনের পর যে দল বা জোটই ক্ষমতায় যাক, তারা পরাজিত পক্ষের প্রতি কোনোরূপ আক্রোশমূলক বা প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে না। কেবল বাস্তব ক্ষেত্রে আইনশৃঙ্খলাভঙ্গকারী ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা গ্রহণ করা যাবে। নির্বাচনজনিত যে কোনো অভিযোগ নির্বাচন কমিশনে প্রেরিত হবে। নির্বাচন কমিশনকে সম্ভাব্য সকল উপায়ে শক্তিশালী করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্তে তাদের সায় থাকতে হবে। কোনো বিষয়ে কমিশন আপত্তি উত্থাপন করলে অন্তর্বর্তীকালীন সরকার তা বাস্তবতার নিরিখে পুনর্বিবেচনা করতে পারে।
বলা বাহুল্য, এই সমঝোতা-প্রস্তাব ও রূপরেখা দুটি বিবদমান দলকে একটি ন্যুনতম সমতলে আনার প্রয়াস মাত্র। এটি সম্পন্ন হলে সরকার ও বিরোধীদল এই বহুদলীয় ও সমঝোতাপূর্ণ সরকারের কাঠামোতে পারস্পরিক আলোচনার ভিত্তিতে আরো গ্রহণযোগ্য পরিবর্তন আনতে পারে। উদ্ভূত কোনো নতুন পরিস্থিতিতে সেটিই হবে স্বাভাবিক।
জানি, আমাদের মতো পারস্পরিক আস্থাহীন ও প্রতিহিংসাপরায়ণ সমাজে এই প্রস্তাব এক ধরনের আকাশ-কুসুম কল্পনা। কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে এই আকাশ-কুসুমকে মাটির কুসুম রূপে প্রস্ফুটিত করতে পারাটাই জাতির জন্যে শুভবুদ্ধির পরিচায়ক। মুক্তিযুদ্ধের চেতনাধারী সকল প্রজন্মের রাজনীতিবিদদের কাছে এটিই আমাদের বিনীত প্রার্থনা। প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিকে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ব্যক্তিগত ও দলগত মতপার্থক্যের ঊর্ধে উঠে অবশ্যই আস্থার রাজনীতি ও গণতান্ত্রিক সদাচারে ফিরে আসতে হবে। তা নাহলে ইতিহাস তার নিজস্ব গতিতে প্রতিশোধ নেবে। এদেশে গণতন্ত্রের সামরিকায়নের বিভীষিকাও আমরা দেখেছি। তার রেশ এখনো কাটেনি। সেটিকে আর কোনো সুযোগে বাড়তে বা মাথা তুলতে দেয়া না। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আর কোনো রক্তাক্ত প্রান্তর চাই না।
০৮.০৮.২০১২
মুহম্মদ নূরুল হুদা: কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট।
