২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু অবান্তর চিন্তা ও পদ্মা সেতু

নাদিরা মজুমদার

Published : 17 Jul 2012, 10:16 PM

Updated : 01 Jul 2022, 05:51 PM

চেক দেশের প্রেসিডেন্টে ভাৎস্লাভ ক্লাউসের একটা অভ্যাস রয়েছে-ভাল অভ্যাস। তিনি যখনই রাষ্ট্রীয় সফরে কোথাও যান, সেখান থেকে প্রতিদিনের দিনলিপি লিখে পাঠিয়ে দেন। যেহেতু দিনলিপি, তাই দেড়দুই পাতায় ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি সুন্দরভাবে গুছিয়ে লেখেন; পাঠিয়ে দেন 'প্রাভো' নামক নামকরা এক দৈনিকে ও নভিংকি নামক সার্ভারে। ফলে, প্রেসিডেন্ট যখন তখনও দেশের বাইরে, দেশের লোকেরা সঙ্গেসঙ্গে অতিথি দেশটি সম্বন্ধে বাড়তি কিছু জেনে যায়। এই চেক প্রেসিডেন্ট ক্লাউস সস্ত্রীক মালয়েশিয়াতে রাষ্ট্রীয় ভ্রমণে যান, এবং ছয়ঘন্টার সময় পার্থক্য সত্ত্বেও প্রতিদিন দিনলিপি পাঠাচ্ছেন। এই লেখাটি শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি স্বদেশে ফিরে আসেননি; মালয়াশিয়া থেকে তাঁর যাওয়ার কথা ইন্দোনেশিয়াতে। তাঁর প্রথম দিনের দিনলিপি পড়তে পড়তে মন কেমন অবান্তর চিন্তায় ভরে যায়। পদ্মা-সেতুর জন্য বিশ্ব ব্যাঙ্কের অর্থ নেই; অর্থ যে নেই, সেতো বিগত দুই বছরের পুরানো খবর। তবু সরকার, বিরোধী দল, -এবং সেই পরিপ্রেক্ষিতে মানুষজন যার যার মতো করে অনেককিছু বলে যাচ্ছে। তদুপরি বাংলাদেশের মতো অনুন্নত দেশের রাজনৈতিক কালচার ও অবস্থার বিন্যাস এমনভাবে সৃষ্ট যে মেনেই নেয়া হয় যে নেতিবাচক ঘটনার জন্য কেবলমাত্র যে দায়ী, সে হল তাদের সরকার। সরকারেরও নেতিবাচক পরিস্থিতির মোকাবেলায়, যুক্তিপূর্ণ কোন উত্তর প্রায়শই, রেডি থাকে না। তাই সবগুলো বক্তব্যকে চিপড়েনিকড়ে যে নির্যাস পাওয়া যাবে, তাকে মৃত্যু সম্বন্ধে আমাদের ধারণাকে তুলনা করা চলে-অর্থাৎ, আমাদের সবাইকেই মরতে হবে, জানা সত্ত্বেও, সত্যি সত্যিই যখন মৃত্যু ঘটে, তখন আমাদের শোক, মর্মপীড়া, কপাল চাপড়ানোর শেষ নেই কোন!

প্রেসিডেন্ট ক্লাউসের দিনলিপি প্রসঙ্গে পরে আসব। তার আগে অবান্তর চিন্তার কথা কিছু বলা যাক। শুধু তো পদ্মা-সেতু বলে নয়, যে কোন প্রজেক্টের-তা সে মিনি মেগা যাই হোক, সব কিছুর পেছনে থাকে দরকারী বেদরকারী অজস্র ঘটনাবলীর পরম্পপরাগত বন্ধন। যেমন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সাড়ে সাত টাকা বড়োজোর আটটাকা দিলে একটি ডলার পাওয়া যেত। কিন্তু ডলারের বিপরীতে টাকার মূল্যের নিম্নগামিতার ট্রেন্ডটি বজায় থাকে। ডলার তথা বৈদেশিক মুদ্রার অনটন ছিল প্রধাণ কারণ। পাকিস্তানের কাছে স্বাধীন বাংলাদেশের পাওনা বিষয়সম্পত্তির অন্যতম এই বৈদেশিক মুদ্রার ভাগও অন্তর্ভুক্ত। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের পূর্ব শর্ত হিসেবে পাকিস্তান এখনো পর্যন্ত দায়িত্বটি পালন করেনি। যাহোক, দেশের অর্থনীতিতে রফতানিখাতের অস্থিতিশীলতার প্রভাব কমিয়ে আনার জন্য বাংলদেশ সরকার ১৯৭৪ সালে আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রস্তাবিত "ক্ষতিপূরণমূলক সহজলভ্য অর্থ প্রদানব্যবস্থা' (কমপেনসেটরি ফাইন্যান্সিং ফ্যাসিলিটি-সিএফএফ)টি গ্রহণ করতে বাধ্য হয়। ফলস্বরূপ, ১৯৭৫ সালে বাংলাদেশী মুদ্রার প্রথমদফার অবমূল্যায়ণ করা হয় ৫৬ শতাংশ। বিশ্ব ব্যাঙ্কও সহৃদয়তার প্রকাশ হিসেবে "বাংলাদেশ সাহায্যদল" প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হয়। বাংলাদেশের মুদ্রার অতপর অবমূল্যায়ণ অব্যাহত থাকে; ব্যালান্স অব পেমেন্টের সমস্যাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডলারের সরকারী ও অসরকারী – দুই রকমের হার, রফতানি ও আমদানি খাতে ব্যবহার হতে থাকে। ১৯৮৭ সালের মাঝামাঝি সময়ে সরকারী হার ডলার প্রতি ৩১ টাকায় উপনীত হয়। পরবর্তীকালে দুই হারকে এক করে একটিমাত্র হার চালু হয়। ক্রমশ ডলারপ্রতি টাকার পরিমাণ বাড়তেই থাকে।

দ্বিতীয় অবান্তর চিন্তা। আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্বব্যাঙ্ক ও অন্যান্য দৃশ্যত বা কোয়াজি-আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলো বছরের পর বছর তৃতীয় বিশ্বের নানা দেশে, মিনি মেগা নানা ধরণের প্রজেক্টে অর্থ ঢালছে, দাতাদেশের উৎকৃষ্ট মানের লোকবল প্রজেক্ট বাস্কবায়ণে বুদ্ধি দিচ্ছে, তাদের তৈরি উৎকৃষ্ট মানের 'মেটিরিয়াল' ব্যবহার হচ্ছে; কিন্তু দশ বছর, পনেরো বছর, বা আরো র্দীঘমেয়াদীর ভিত্তিতে, উন্নয়ণের স্বাদ ধরাছোঁয়ার মধ্যে কেন অনুভূত হয় না, আস্বাদিত হয় না? দেশের অর্থ ব্যবস্থায় চকচকে একটা ভাব দেখা যায় না কেন? আন্তর্জাতিক অর্থ তহবিল, বিশ্ব ব্যাঙ্ক বিগত কয়েকবছর ধরে যে সমালোচনাবিদ্ধ, প্রশ্নবিদ্ধ, কারণ কি তাই? এমনকি নোবেলবিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসও তো বিশ্ব ব্যাঙ্কের পরর্বতী সম্ভাব্য প্রধাণ হওয়ার সম্ভাবনাকে বিনয়ের সঙ্গে নাকচ করার সময়ে ঐ সংস্থাদুটোর সমালোচনায় দ্বিধাগ্রস্ত হননি। অবশ্য গ্রহীতাদেশগুলোও দোষশূন্য নয়; তাদের দোষের পাল্লাও কম ভারী নয়।

পরর্বতী অবান্তর চিন্তা। আন্তর্জাতিক টেন্ডার হলে দূনীতি থাকবেই। এক্ষেত্রে দূর্নীতির আতুরঘর সাধারণত দাতাদেশ। প্রজেক্ট অনুযায়ী দাতাদেশের বিভিন্ন কোম্পানি তখন টেন্ডার পাওয়ার প্রতিযোগিতায় নামে। কোম্পানিগুলো বিভিন্ন পর্যায়ে সংশিষ্ট গ্রহীতাদেশের প্রভাবশালীদের সুনজর পাওয়ার প্রচেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। কেবল বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বরং উন্নয়ণশীল, উন্নতদেশ নির্বিশেষে সর্বত্র সুনজর প্রাপ্তির প্রতিযোগিতা চলছে। ফলে, নতুন এক বাণিজ্যিক কালচার বেশ মজবুতভিত্তির উপরে গড়ে উঠেছে। একে কিছুটা অন্তত প্রতিহত করার জন্য, বিশেষ করে অনুন্নত দেশেগুলোতে বড়ো দেশগুলো কর্তৃক দূর্নীতির পরিমাণ কমানোর জন্য অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ণ সংস্থা (ওইসিডি) উৎকোচ-বিরোধী একটি কনভেনশন তৈরি করেছে। ওইসিডি'র সদস্য দেশগুলো কনভেনশনের বিধি মানতে বাধ্য। তাছাড়াও, রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পেরু ইত্যাদি দেশও ওইসিডি'র ওয়ার্কিং কমিটিতে অংশ নিয়ে থাকে। ১৯৯৯ সাল থেকে কনভেনশনটি চালু রয়েছে। এক অর্থে কনভেনশনটি কেবলমাত্র ধনীদেশের র্দূনীতি কমাতে সাহায্য করছে; উন্নয়ণশীল দেশগুলো অন্তর্ভুক্ত নয়। এই প্রসঙ্গে ক্যানাডীয় নাইকো'র কথা মনে পড়ছে। ক্যানাডীয় বিচার বিভাগের রায় মতে জরিমানার পয়সা গুনে ও তিন বছরের অবেক্ষণব্যবস্থা বা প্রবেশনের শাস্কি মেনে নিতে বাধ্য হয় সে। বা আরেকটি 'তাজা' ঘটনার কথা বলা যাক। নব্বইয়ের দশকের শেষের দিকে চেক রিপাবলিকে রাষ্ট্রয়াত্ত মসতেৎস্কা কয়লা খনিটির ব্যক্তিগত মালিকানাধীন প্রক্রিয়ার সময়ে খনির ম্যানেজাররা যে অসৎ উপায় অবলম্বন করে ও বিপুল পরিমাণ সম্পদের অধিকারী হয়ে সুইজারল্যান্ডে চলে যায় বসবাস করতে, সেই সুইজারল্যান্ড তাদেরকে বর্তমানে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বিচারে ম্যানেজারদের যে শুধু হাজত বাস হবে তাই নয়, চেক রিপাবলিকও তার চুরি করা অর্থ সম্পদের বিরাট একটা অংশ ফিরে পাবে। এধরণের আরো অনেক উদাহরণ দেয়া যায়। তাই উদাহরণপর্ব থাকুক এবারে!

বরং আরেকটি অবান্তর চিন্তার কথা বলি। মুক্ত অর্থনীতি'র দ্রুত সম্প্রসারণের এই স্বল্পস্থায়ী মুহূর্তে, ব্শ্বিায়িত অর্থব্যবস্থা দ্রুত পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে পড়ে। প্রথমদিকে টুকটাক এদেশে সেদেশে অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়; তারপরে নামে দুযোর্গের আসল ঢল। নূহ নবীর মহাবন্যার মতো। সাব-প্রাইম ঋণ প্রথমে যুক্তরাষ্ট্রে ও ইউরোপের হাতে গোণা কয়েকটি দেশের আর্থ-ব্যবস্থাকে মুহূর্তে ধূলিস্মাৎ করে ফেলে। কিন্তু কালক্রমে, দুরারোগ্য ব্যাধির মতো তা ইউরোপীয় ইউনিয়ণের ইউরোজোনেও ঢুকে পড়ে। তখন সাহায্যকর্মের জন্য আন্তর্জাতিক অর্থ তহবিল নামক তৃতীয় বিশ্বের "লাইফ বোটে"র ডাক পড়ে।

আন্তর্জাতিক র্অথ তহবিলের কাজ মুদ্রা-সহযোগিতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ করে দেয়া, চাকরির বাজার প্রসারে সাহায্য করা, অর্থনৈতিক প্রবৃদ্ধির নিশ্চয়তা, দারিদ্র্যমোচন ইত্যাদি, আর বিশ্ব ব্যাঙ্কের কাজ হল – ঋণ দেয়া, বুদ্ধি পরামর্শ দেয়া ইত্যাদি। উভয় সংস্থার কাজের সমন্বয়ের জন্য রয়েছে সম্মিলিত ইকোনোমিক ও ফাইন্যান্সিয়াল কমিটি এবং বিশ্বব্যাঙ্ক-আইএমএফ ডেভেলপমেন্ট কমিটি। রোগাক্রান্ত ইউরোজোনের ডাকে লাইফবোটকে সাড়া দিতেই হল। ২০১০ সাল থেকে লাইফবোট পৃথিবীর ঐ অঞ্চলের উদ্ধারকর্মে ব্যতিব্যস্ত রয়েছে। দেশগুলো ধনী ছিল বলে তাদের প্রয়োজনের পরিমাণও বেশি। বিস্কারিত আলোচনার সময় নেই এখন। তবে ব্যাপারটি অনেকটা সেরকম আর কি, যেমন: ধনী আত্মীয়ের মেয়ের বিয়ের উপহার যে দামের হয়, গরিব আত্মীয়ের মেয়ের বিয়ের উপহারটি দামে অন্য রকম হয়ে থাকে।

আরেকটি অবান্তর চিন্তা। ইউরোজোনের বিরামহীন 'নেই নেই' ' আরো দাও, আরো দাও' দেখেশুনে অনেকেই যখন ভাবছে যে দীনতা ও দরিদ্রদশাও শেষ পর্যন্ত বিশ্বায়িত হতে যাচ্ছ্বে, তখনই হয়ে গেল জি-২০'য়ের যুগান্তকারী র্শীষবৈঠক। এই বৈঠকেই "প্রথম বিশ্ব" অবলীলায় "তৃতীয় বিশ্বে"র ভুমিকা দখল করে নিল। যুক্তরাষ্ট্র কাণাকড়ি কিচ্ছুই দান করলো না, তবু ৪৫৬ বিলিয়ণ (১ বিলিয়ণ=একের পরে নয়টি শূন্য) ডলার জমা হল আন্তর্জাতিক অর্থ তহবিলে; প্রধাণ দাতা ছিল ব্রিকসের দেশগুলো; তারপরেও আলাদাভাবে চীনকে ৪৩ বিলিয়ণ ডলার ও ভারতকে ১০ বিলিয়ণ ডলার করে দিতে হল। এই 'ফায়ার ওয়ালে'র প্রায় সবটুকুই যাচ্ছে ইউরোজোনে। ত্রাণকর্মের মাধ্যমে ইউরোজোনের সফল রক্ষার ওপরে বিশ্বায়িত র্অথনীতির ভবিষ্যত নির্ভর করছে। এরমধ্যে অবশ্য সত্য অনেকটাই রয়েছে। বিশ্ব অর্থব্যবস্থার এই ক্রান্তিকালে উন্নয়নশীল ও অপেক্ষাকৃত কম উন্নয়নশীলদেশগুলোর অনেকেরই প্রয়োজনীয় প্রস্তুতি নেই; অধিকাংশই 'নিজের পায়ে' দাঁড়াতে পারেনি এখনো। বা অন্যভাবে, কনজাম্পশন, বিনিয়োগ ও রফতানি-অর্থনীতির অপরিহার্য এই তিনের সমন্বয়হীনতার দরূণ সৃষ্ট পরিস্থিতির সুবর্ণ সুযোগটি নিতে পারছে না। ফলে উন্নয়ণশীল ও অপেক্ষাকৃত কম উন্নয়ণশীল দেশগুলোকে দীর্ঘমেয়াদি আর্থ-বাজারীয় উদ্বায়িতা ও দুর্বলতর প্রবৃদ্ধির শিকার হতে হচ্ছে। এ আমার কথা নয়, বিশ্ব ব্যাঙ্কই বলছে। তদুপরি, সমস্যা আরো গভীর হওয়ার কারণ হল যে লাইফ-বোট প্রদত্ত সহায়সাহায্য তৃতীয় বিশ্বের গ্রহীতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে কেমনভাবে যেন নিবিড়ভাবে সম্পর্কযুক্ত করে রাখা হয়েছে।

চেক প্রেসিডেন্ট ক্লাউসের দিনলিপির কিছুটা পড়া যাক! তাতে একঘেয়েমিজনিত ঘুমঘুমভাবটি চলে যাবে হয়ত। ক্লাউস পেশাগতভাবে ছিলেন অর্থনীতিবিদ; ছিলেন অর্থমন্ত্রী, প্রধাণমন্ত্রী, এবং বর্তমানে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট। তাঁর ব্যক্তিত্যের গ্লেমার ও গাট সেখানেই যে তিনি খারাপকে খারাপ বলতে বেপরোয়া, লোকে কি বলল আর বলবে, তার কোন তোয়াক্কা করেন না তিনি। ইউরোপীয় ইউনিয়ণ প্রশ্নে তিনি ইউরো-স্কেপ্টিক নামে বিখ্যাত এবং ইইউ' র রাজস্ব বা ফিস্কাল ইউনিয়ণের ঘোর সমালোচকও বটে। ফিস্কাল ইউনিয়ণের কথায় আরেকটি অবান্তর চিন্তা চলে এল। মনে থাকতে থাকতে চিন্তাটি বলে নিই আগে।

জি-২০'য়ের ঐতিহাসিক মেক্সিকো বৈঠকের সপ্তাহখানেকের মধ্যে ইইউ'র সদস্যদের রাষ্ট্রপ্রধাণরা ইইউ'র রাজধানী ব্রাসেলসে দুইদিনের মিটিংয়ে বসেন; স্বাভাবিকভাবেই আইএমএফের ৪৫৬ বিলিয়ণ ডলারের ভাগবাটোয়ারার প্রক্রিয়া আলোচনার মূল বিষয় ছিল; আর ছিল ফিস্কাল ইউনিয়ণ প্রসঙ্গ। ফিস্কাল ইউনিয়ণকে কার্যকরী করতে আরো কিছু অর্থ লাগবে। এই পরিপ্রেক্ষিতে পরবর্তী দুটো ঘটনা এরকম: এক, ন্যাটো'র কাঠামোতে আফগানিস্তানকে অসাধারণ বা বিশিষ্ট মর্যাদা দেয়া হল। ফলস্বরূপ, আফগানিস্তানের যে আরো বাড়তি অর্থের প্রয়োজন হবে, তার যোগানের ব্যবস্থা নিশ্চিত করতে হিলারি ক্লিনটন স্বয়ং জাপানে চলে গেলেন। আন্তর্জাতিক পর্যায়ে সহায়সাহায্য বাবদ জাপান বেশ ভাল পরিমাণের অর্থ বরাদ্দ করে থাকে। ক্লিনটনের অনুরোধ রাখতে জাপান আফগানিস্তানকে মোটা অঙ্কের অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। ক্লিনটন খুশিমনে জাপান থেকে চলে যান। ইত্যবসরে ইইউ'র ব্রাসেলস মিটিং'ও শেষ হয়ে যায়। এবারে জাপানে যান আইএমএফ প্রধাণ ক্রিষ্টিন ল্যাগার্ড; ফিস্কাল ইউনিয়ণের জন্য জাপানের তিনি সাহায্যপ্রার্থি হন। জাপান ফরাসি মহিলার আবেদনে রাজি হয়। অর্থাৎ জাপানি সাহায্য বরাদ্দের সিংহভাগটি ব্যয় হয়ে গেল।

এবারে ক্লাউসের দিনলিপিতে আসা যাক। লেখেন ২০১২ সালের জুন মাসের ৫ তারিখে। "…ক্রুবদল ও জ্বালানি নেয়ার জন্য দিল্লীতে ষ্টপওভার হয়। স্থানীয় সময় ভোর সাতটা, অথচ বাইরের তাপমাত্রা এর মধ্যেই ৩৫ সেলসিয়াস। প্লেন আবার উড়ছে- ভারত, বাংলাদেশ ও বার্মার উপর দিয়ে; অবশেষে যাত্রা শেষ হল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এসে। প্রধাণমন্ত্রী থাকাকালীণ, ১৯৯৬ সালে প্রথম এখানে এসেছিলাম। প্রচন্ড গরম, দেয়ালে টিকটিকির ঘুরে বেড়ানো, সদ্য সমাপ্ত পৃথিবীর সর্বোচ্চ দালান পেট্রোনাস টাওয়ারের কথা সব ঠিক মনে রয়েছে; আর মনে আছে আমার প্রশ্নের : আপনাদের সামাজিক পদ্ধতি কিসের ওপরে প্রতিষ্ঠিত? মালয়েশিয়ার প্রধাণমন্ত্রী মোহাম্মদ মহাথিরের জবাব ছিল: পরিবার, অন্যকিছুর তো দরকার নেই। সাহিত্য থেকে বিষয়টি জানতাম বটে তবে সরাসরি শোনা হয় এই প্রথম।"

"মালয়েশিয়া তখন ১৯৯৭ সালের মুদ্রাসংকটের পৌর্বিক মুহূর্তে দাঁড়িয়ে আছে; সংকট উত্তোরণের জন্য উদ্ভট অযৌক্তিক অতিউচ্চহারের টারিফ বসানোর ফর্মূলা বাৎলায় আন্তর্জাতিক অর্থ তহবিল। তখন এই অঞ্চলে একমাত্র প্রধাণমন্ত্রী মহাথিরই আইএমএফের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তাকে অবলীলায় অবজ্ঞাও করেন। অতি উত্তম কাজই তিনি করেছিলেন। আমিও আইএমএফের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলাম, কিন্তু মহাথিরের মতো রাজনৈতিক শক্তিবল আমার ছিল না (কালভোদা ও লুক্সের সঙ্গে জটিল কোয়ালিশন এবং বিরোধী দলে ছিল জেমান); তদুপরি, কেন্দ্রীয় ব্যাঙ্কের তশোভস্কি (কেন্দ্রীয ব্যাঙ্কের গভর্নর – লেখক) আমাকে ফাঁকি দিয়ে, দেশের স্বার্থের বিরুদ্ধে, আইএমএফের সঙ্গে আড়ালে আবডালে যে সখ্যতা গড়ে তুলেছিল, ওঁর (মহাথির- লেখক) সেরকম ঝামেলা ছিল না কোন"।

"তখনই মালয়েশিয়াকে আমার দ্রুত অগ্রসরমান দেশ বলে মনে হয়েছে। সঙ্গে বাড়তি সুবিধা হিসেবে রয়েছে জ্বালানি তেলের সঞ্চয়। ফলে, অর্থনৈতিক দিক দিয়ে অপরিহার্যভাবেই অনেক এগিয়ে রয়েছে। এখানেও তাপমাত্রা কেমন স্যাঁতস্যাঁতে, ভেজা ভেজা; বিকেল পাঁচটা বাজে, দেশের সঙ্গে সময়ের পার্থক্য ছয় ঘন্টা, অথচ তাপমাত্রা ৩২ সেলসিয়াস"।

"১.৩ মিলিয়ণ জনবসতির কুয়ালালামপুর (মালয়েশিয়ার জনসংখ্যা প্রায় ৩০ মিলিয়ণ) বিগত ষোলো বছরের মধ্যে একেবারে বদলে গেছে। দেশটিকে জড়িয়ে তৈরি হয়েছে আধুনিক হাইওয়ে (এবং সর্বত্র টোলের উপস্থিতি লক্ষ্যণীয়), উঁচুউঁচু দালান শয়ে শয়ে না হলেও অনেকগুলোই রয়েছে, সর্বত্র মহা উদ্যমে নির্মানকার্য চলছে, দেখলে তো মনে প্রায় সবকয়টি দালানই নতুন। ঔপনিবেশিক অতীত আর দেখা যায় না কোথাও, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে ইউরোপমুখিতা হারিয়ে যাচ্ছে; তবে মুসলিম মহিলাদের ওড়নাধারণের সংখ্যা বেড়েছে বলে মনে হল, আর শহরের কেন্দ্রে সব আধুনিক দোকানপাট-জগৎখ্যাত সব নামকরা পণ্যদ্রব্যে ভর্তি। …. সর্বত্র পাম আর পাম, পামের সারি, পাম তেল দেশটির অন্যতম প্রধাণ একটি রফতানি সামগ্রি"।"

সর্বশেষের আগের অবান্তর চিন্তায় আসা যাক। প্রেসিডেন্ট ক্লাউসের এতো সুন্দর পরিপাটি করে লেখা দিনলিপি অনেকদিন পরে পড়া হল।

এবারে আবার আগের প্রসঙ্গ আসছি। যেকোন মাপের আন্তর্জাতিক প্রকল্পের মতো পদ্মা-সেতু'র মধ্যেও দুর্নীতি থাকাটা অবাস্তব নয়; না থাকলেই বরং বাস্তববর্জিত বিষয় সে। আন্তর্জাতিক টেন্ডারে দুর্নীতি থাকেও, এবং দুর্নীতির সূত্রপাত হয় আন্তর্জাতিক টেন্ডার প্রার্থির চায়ের টেবিল থেকে। এদের দৌরাত্ম্য কমানোর সাধ্য কি তৃতীয় বিশ্বের গ্রহীতা দেশের রয়েছে! তবে স্থানীয় র্দুনীতি কমানোর জন্য দেশের গণতন্ত্রী রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলে, অনেকটা সাফল্য অর্জন সম্ভব।
তবে বিশ্ব ব্যাঙ্ক যে অর্থ দিতে পারবে না, তা অনেক আগেই বোঝা গেছে। চিঠিটি পাওয়ার বেশ আগে থেকেই, সম্ভাব্য বিকল্প অর্থায়ণের উৎস সন্ধানের প্রয়াস থেকে বলা যায় যে সরকারও বুঝতে পেরেছিল যে অবস্থাটি ১৯৯৬/৯৭ সালে বাণিজ্যিকভিত্তিতে সৌরশক্তি উৎপাদনের মহাআশাটি যেমন ব্যর্থ হয়েছিল, পদ্মা-সেতু প্রকল্পটির কপালেও তাই ঘটতে যাচ্ছে। পদ্মা-সেতু'র অর্থায়ণের অপারগতা প্রকাশে যে কারণই দেখানো হোক, তাতে অপমান, লজ্জাবোধ, মর্যাদাহানি ইত্যাদি প্রকাশ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করে, আমরা নিজেরা কি সামান্য ইতিবাচক হলে ভাল হয় না? তৃতীয় বিশ্বের দেশ বলে আমাদের অবস্থান অত্যন্ত দুর্বল – দুর্বলকে পদাঘাত করা তো সহজ! এরমধ্যে পদাঘাতকারির কোন বাহাদুরি নেই। সৌরশক্তি উৎপাদনের মতো পদ্মা-সেতুও জাতীয় ইস্যুর অন্তর্গত। নেহাত পদ্মা-সেতু বহুল প্রচারিত বলে এমন তোলপাড় হচ্ছে। বাংলাদেশসহ তৃতীয় বিশ্বের অনেক দেশেই অনেক "পদ্মা-সেতু" হতে পারেনি। এই সংস্থাদুটো যেভাবে চলছে, সেভাবে চলা যদি অব্যাহত থাকে, তবে বলা যায় যে কম করে পরর্বতী দশবছরে দাতাদেশের সহায়সাহায্য নিয়ে কোন মেগা-প্রজেক্টের বাস্তবায়ণের সম্ভাবনাও যথেষ্ট ক্ষীণ। খোদ আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্ব ব্যাঙ্ক বর্তমানে আগা-পাছতলা সংস্কার প্রক্রিয়ার অপেক্ষা করছে; যুক্তরাষ্ট্র ও ইউরোজোনকে বিপুল সাহায্য ও ধার দেয়ার অন্যতম একটি শর্ত এটি। তদুপরি, ব্রিকস দেশগুলো নিজেরাই ঋণ-ব্যাঙ্ক স্থাপন করছে; নিজেদের মধ্যে আর-৫ (রুশদের রুবল, চীনের রেনমিনবি বা আরএমবি, ভারতের রুপী, ব্রাজিলের রিয়াল, ও দক্ষিণ আফ্রিকার র‌্যান্ড) য়ের মাধ্যমে লেনদেন হচ্ছে, এবং আগামি বছরের ব্রিকস শীর্ষবৈঠকে পেশের জন্য "কারেন্সি সোয়াপ" পরিকল্পনা প্রস্তুতির কাজও চলছে।

সর্বশেষ অবান্তর চিন্তা। সেই মনের জোরকে, যাকে অন্তর্নিহিত, স্বকীয় বা ইনট্রিনসিক জোর বলা চলে, তা আমাদের সবার মধ্যেই রয়েছে। আমরা যদি নিজেরাই পদ্মা-সেতু বানাতে চাই তো এরমধ্যে আজগুবির কি কিছু আছে? মোটেই না। আকাশ-কুসুমই বা হবে কেন? ইয়াহিয়া-ভূট্টো সাহেবও আমাদের সম্বন্ধে তাই ভেবেছিলেন! কেন, মুক্তিযুদ্ধ করে আমরা কি স্বাধীন বাংলাদেশ করিনি? স্বকীয়, ইনট্রিনসিক জোর থাকলে কি না হয়! বা আরেকটি দৃষ্টান্ত দেয়া যাক! বাংলাদেশে কোথায় আছে পাহাড়পর্বতের মালা? কোথাও নেই। অথচ কমকরে বাংলাদেশের চারচারটি তরুণ রক্ত কি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ "সাগরমাতা" ওরফে "চমলুংমা"য় (১৯৫৩ সাল থেকে শৃঙ্গটির আদি নাম মুছে দিয়ে বলা হচ্ছে মাউন্ট এভারেষ্ট) বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে আসেনি? বিজ্ঞ প্রবীণ রক্তের ও তরুণ রক্তের সুষম সমন্বয় হলে প্রায় সব 'নিয়ত'ই সফল হয়। এই মুহূর্তে তাই বলতে ইচ্ছা করছে – সেই নেতৃত্বই সর্বশ্রেষ্ঠ, যে নেতৃত্ব আমাদেরকে 'আজগুবি'র কথা' বলে, আকাশকুসুমের কথা শোনায়! শানিয়ে দেয় আমাদের ভেতরকার সুপ্ত স্বকীয়, ইনট্রিনসিক জোরটিকে।

পুনশ্চ। পদ্মা-সেতু মেগা প্রকল্প; জাতীয় প্রকল্পও বটে। এই পরিপ্রেক্ষিতে বিনাপারিশ্রমিকেও অনেকে পেশাগতভাবে, কেউবা আর্থিকভাবে সহায়সাহায্য করতে পারে। উনবিংশ শতাব্দিতে চেকরা যেমন জাতীয় অস্তিত্ব রক্ষার স্বার্থে যে যেভাবে পেরেছে, সহায়সাহায্য দিয়ে পৃথিবীর একমাত্র ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেছিল, অনেকটা সেরকমভাবে। তাছাড়াও, আসলে, বিশ্বের বর্তমান র্আথ-বিপর্যয় ও মহামন্দার কারণ মানুষের মহালোভ, যা থেকে জন্ম দুর্নীতির। দুর্নীতি নামক মহাব্যাধিতে বাংলাদেশও জর্জরিত। দুর্নীতির আকার ও পরিসর কমানো গেলে আন্তর্জাতিক অর্থ তহবিল বা বিশ্ব ব্যাঙ্ক যেমন তৃতীয় বিশ্বের সব প্রজেক্টের অর্থায়ণ করতে পারত, ঠিক তেমনি জাতীয় জীবনের এই মহালগ্নে দুর্নীতির আকার ও পরিসর কমানো গেলে, তাতেও যেকোন মেগা-প্রজেক্টের অর্থায়ণ সম্ভব।

মেগা-প্রজেক্ট বাস্কবায়ণের সামষ্টিক প্রভাবকে অস্বীকার করা যায় না। তাই যেমন, রোম হয়েছিল, কিন্তু একদিনে নয়। রোমতুল্য পদ্মা-সেতুও হবে, বেশ কিছু সময় লাগবে, লাগুক না ক্ষতি কি?

নাদিরা মজুমদার : বিশ্লেষক, লেখক, সাংবাদিক।