২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষশুরুর ভাবনা

ফারসীম মান্নান মোহাম্মদী

Published : 05 Jan 2012, 11:39 AM

Updated : 01 Jul 2022, 05:52 PM

২০১২ শুরু হয়ে গেল। জীর্ণ-পুরাতনকে হটিয়ে এলো নতুন বছর – নতুন আশা, নতুন ভাবনার আশা-নিরাশার দোলাচল নিয়ে। বর্ষশুরুর ক্ষণটার অবশ্য মানসিক অভিঘাত ছাড়া বিশেষ আর কিছু নেই। এটা এমন কোনো ক্ষণ নয় যখন প্রকৃতির কোনো এক অমোঘ পরিবর্তন সূচিত হয় – যেমন ২১ শে মার্চ বা ২২ শে সেপ্টেম্বর হয়ে থাকে। এই দুই দিনে দিন-রাত সমান হয়, কিংবা ২১শে জুন বা ২২ শে ডিসেম্বর দিনের দৈর্ঘ্য উত্তর গোলার্ধে যথাক্রমে সর্বোচ্চ ও সর্বনিম্ন হয়। আমাদের আধুনিক বছরের শুরু এরকম কোনো জ্যোতির্বৈজ্ঞানিক দিনেও হয় না। প্রচলিত পঞ্জিকার নিয়মানুসারে এটা ৩১ শে ডিসেম্বরের পরদিন পয়লা জানুয়ারিতে পড়ে – যেটা আসলে যেকোনো দিন। এর কোনো বিশেষত্ব নেই। পাশ্চাত্যে এটি ছুটির দিনও বটে, আমাদের জন্য তা-ও নয়।

বর্ষগণনার সুপ্রাচীন কালের ঐতিহ্য আছে। কাল-গণনা একটি মৌলিক গাণিতিক কাজ – এর জন্য চাই জ্যোতিবির্জ্ঞানের ধারনা, কিছু পর্যবেক্ষণ এবং মৌলিক কিছু গাণিতিক ধ্যান-ধারণা। প্রকৃতি সময় গণনার জন্য আমাদের দিয়েছে সূর্য ও চাঁদ। চাঁদ আবার ক্ষয়প্রাপ্ত হতে থাকে, একসময়ে হারিয়ে যায় (অমাবস্যা), আবার দেখা দেয় এবং এক সময়ে পূর্ণ থালার মতো হয় (পূর্ণিমা)। এই পুরো চক্রটি একটি 'মাসের' ধারণা দেয়। ২৪ ঘন্টা সময়কে দিন ও রাত দুইভাগে ভাগ করে (যদিও এই দুইভাগ সমান নয়)। দিনমানে সূর্যের অবস্থান দিনের সময় নির্ধারণ করে; রাতে নানান নক্ষত্র ও তারামন্ডলীর আবির্ভাব ও তিরোধান কাল-গণনার প্রাকৃতিক মাপকাঠি। এই সব প্রাকৃতিক মাপকাঠি আধুনিক মানুষের চোখ এড়িয়ে যেতে পারে না। কাজেই উদ্ভবের পর থেকেই মানুষের সময়-গণনার প্রাথমিক ধারণা ও চেতনা ছিলই। তাছাড়া জীবজগৎও একটা ছন্দ মেনে চলে। বুকের ধুকপুকানি তো চলছেই রাত-দিন চব্বিশ-ঘন্টা। ফলে বরফযুগেও মানুষের কাল-গণনার চেতনা প্রচলিত ছিল। বরফযুগের শেষে যখন এখানে-ওখানে মিনি-সভ্যতার পত্তন শুরু হলো, তখন থেকেই কাল-গণনার পোক্ত প্রমাণ আমরা হাতে পাই। এমনকি পুরাপলিয় যুগের স্টোনহেঞ্জের মতো স্থাপনাও আসলে এক ধরনের সূর্য-মন্দির যা আসলে সূর্যের অবস্থান ও লৌকিক আচার-অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত।

কালগণনার বিস্তারিত বিবরণ আমরা পাই সুমের-আক্কাদ-ব্যাবিলন অঞ্চলে। তাছাড়া প্রাচীন মিশরেও কাল-গণনার স্থানীয় পদ্ধতি প্রচলিত ছিল। তবে আধুনিক গণনা-পদ্ধতির পূর্বসূরী ছিল মুলে ব্যাবিলনিয়, এবং কিছুটা মিশরীয়। যেমন ৬০-ভিত্তিক ঘন্টা-মিনিট-সেকেন্ড – এটা ব্যাবিলনীয় সংযোজন; সপ্তাহের সাত দিন সম্ভবত মিশরীয় সংযোজন। এসব প্রাচীন সভ্যতার ক্যালেন্ডারে চাঁদ-সূর্য এবং প্রাকৃতিক বৈশিষ্ট্যমন্ডিত দিনগুলোর গুরুত্ব ছিল। এসব গুরুত্ব আধুনিক গ্রেগরিয় সিস্টেমে আর নেই। এখন বছর শুরুর দিনটির কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্য নেই – এটি একটি যেকোনো দিন এবং বেশ বিমূর্ত।

কিন্তু মনোজগতে ও সংস্কৃতিতে ক্যালেন্ডারের অবদান সাংঘাতিক। ক্যালেন্ডারের একেকটি দিন কত গুরুত্বই না বয়ে আনে আমাদের জীবনে। সেই ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই ২০১১ শেষে হাজির হয়েছে ২০১২। টেবিলে টেবিলে নতুন ডেস্ক-ক্যালেন্ডারের সমারোহ দেখা দেবে অচিরেই, আমাদের এক বছরের পুরনো সঙ্গী পুরাতন ক্যালেন্ডারটি চলে যাবে ডাস্টবিনে। একটি সুদৃশ্য নতুন ক্যালেন্ডারের সাথে আগামীদিনের সুন্দর স্বপ্নগুলো কেমন হতে পারে –

১. আমরা আশা করতে পারি, জেনেভার সার্নে অবস্থিত 'লার্জ হ্যাড্রন কোলাইডারে' ঈশ্বর কণার সুনির্দিষ্ট ও প্রত্যক্ষ প্রমাণটি ২০১২ তেই পাওয়া যাবে।
২. 'কেপলার' নভোযান আরো কিছু দ্বিতীয়, তৃতীয় এরকম বহুতর পৃথিবীর সন্ধান দেবে।
৩. মঙ্গলের মাটির নিচে অণুজীবের সম্ভাব্যতা যাচাই করা সম্ভব হবে।
৪. বিশ্ব জলবায়ু সমস্যার সামান্য হলেও কিছুটা অগ্রগতি হবে।
৫. বাংলাদেশ জলবায়ু ফাণ্ডের বুদ্ধিদীপ্ত ব্যবহারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করবে।
৬. বাংলাদেশে ন্যানোটেকনোলজি বিষয়ে নতুন গবেষণাগার স্থাপনের সূচনা ঘটবে।
৭. পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে বাস্তবায়নের সমস্যা দূর হবে। তিস্তা নদীর জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হবে।
৮. মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে, গুম খুন বন্ধ হবে।
৯. যানজট কমে আসবে, মহাসড়কগুলো নিরাপদ হবে। গাড়ি চালকদের সচেতনতা বাড়বে, বিআরটিএ'র সার্ভিস আরো সুন্দর ও ভদ্রজনোচিত হবে।
১০. যে কয়ভাগই হোক, ঢাকা শহর তিলোত্তমাই থাকবে, অন্তত রাখার দৃশ্যমান চেষ্টা থাকবে।
১১. রাজনৈতিক সমঝোতার মাধ্যমে স্থিতিশীলতা আসবে।
১২. শিক্ষাপ্রতিষ্ঠান দুর্বৃত্ত মুক্ত হবে।
১৩. অমর একুশে বই মেলাটি সুন্দর ও ধুলিমুক্তভাবে আয়োজিত হবে।
১৪. টিভি চ্যানেগুলিতে বিজ্ঞাপনের সংখ্যা হ্রাস পেয়ে ভালো অনুষ্ঠান ও সার্বিক গুণগত মান বৃদ্ধি পাবে।
১৫. ঢাকা শহরে খোড়াখুড়ি বন্ধ হবে।
১৬. বিজ্ঞান-চেতনা বৃদ্ধি পাবে, বিজ্ঞান বইয়ের জন্য পুরস্কার ঘোষণা হবে।
১৭. শিক্ষানীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নীতির বাস্তবায়ন শুরু হবে। আগামী বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়বে, স্কুলে ঝরে-পড়ার হার কমবে।
১৮. শব্দদূষণ (হর্ন, মাইক) হ্রাস পাবে।
১৯. বাঙালির জাতীয় চরিত্র আরো ঋজু ও দৃঢ় হবে। আমাদের সাংস্কৃতিক উনতা কিছুটা কমবে। জাতীয় জীবনে মানবিকতা ও ভালোবাসা বাড়বে।
২০. ২০১৩ পর্যন্ত অন্তত সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা যাবে।

এই হতে পারে একজন সাধারণ নাগরিকের বর্ষশুরুর ভাবনা। এই ন্যূনতম স্বপ্নগুলোর একটিমাত্র বাস্তবায়িত হলেও সুশীল মানুষেরা শান্তি পাবে। এইটুকু শান্তি নাগরিকেরা আশা করতেই পারে। পারে না কি? মানুষ বারবার আশাহত হয়, পুনর্বার নতুন আশা নিয়ে বাঁচবার জন্য। ২০১২'র শেষের দিকে এক কবির আর্তনাদ শুনুন:
"আমার হাতে এখন আর কোনো তাস নেই, আগামী আর কেবল স্বপ্ন ছাড়া" (-রিসি দলাই, মাসিক 'উত্তরাধিকার', কার্তিক ১৪১৮, ডিসেম্বর ২০১১ সংখ্যা, পৃ.৯৪)

'আগামী' আর 'স্বপ্ন'ই মানুষের নতুন জয়গাথা রচনা করে। মানুষ বাঁচে 'আগামী' আর 'স্বপ্ন'কে ধারণ করে। অগ্নিগর্ভ 'আগামী' আর মৃত্যুহীন 'স্বপ্ন'কে পুঁজি করে নাহয় আরেকটি বছর পার করি।

ফারসীম মান্নান মোহাম্মদী:বিজ্ঞান গবেষক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।