ট্রাম্পের সম্ভাব্য বিদেশনীতি ও বাংলাদেশে স্বস্তির হাওয়া
ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার সাধারণ জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে। প্রয়োজনের তুলনায় বেশি ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে প্রাক্তন ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্প বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। ট্রাম্প প্রাইমারি ভোটের সময় থেকেই তাঁর অভ্যন্তরীণ ও বিদেশনীতি কেমন হবে তা স্পষ্ট করেন।
সে সময় থেকেই ট্রাম্পের প্রস্তাবিত বিদেশনীতি নিয়ে আমেরিকার মিত্র দেশগুলো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। দেশের ভেতরেও ট্রাম্পের বিদেশনীতির সমালোচনার ঝড় ওঠে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের উচ্চস্তরের নেতারা ট্রাম্পের বিদেশনীতির তীব্র বিরোধিতা করেন। তাতেও কাজ হয়নি। ট্রাম্প দলীয় মনোনয়ন নিশ্চিত করেছেন। এমনকি যেদিন তিনি রিপাবলিকান দল থেকে মনোনয়ন গ্রহণ করেন, সগর্বে বলেছিলেন, "আমেরিকার বিদ্যমান সমস্যা আমি একাই সমাধান করতে পারব।"
ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান দলের প্রভাবশালী নেতাদের দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে তেমন মতবিরোধ নেই, রয়েছে ট্রাম্পের প্রস্তাবিত বিদেশনীতি নিয়ে। আমেরিকার মিত্র বলে যেসব দেশ দীর্ঘ কয়েক দশক ধরে পরিচিত, সে দেশগুলো ট্রাম্পের সম্ভাব্য পররাষ্ট্রনীতি নিয়ে চরম সংশয়ে রয়েছে। অনেক মিত্রই উৎকণ্ঠিত তাদের নিরাপত্তা নিয়ে।
প্রাইমারি ভোটের সময় থেকেই ট্রাম্প বলে আসছিলেন যে, তিনি হোয়াইট হাউসে গেলে মেক্সিকো-আমেরিকার সীমান্তে উঁচু সীমান্ত-প্রাচীর নির্মাণ করবেন। তাঁর প্রস্তাবিত সীমান্ত-প্রাচীর আমেরিকার নির্বাচনে বড় ইস্যু ছিল। এ ইস্যুতে হিস্পানিকদের অধিকাংশ ভোট হিলারি ভোটবাক্সে পড়ে। প্রাইমারি ভোটের সময় থেকে প্রেসিডেন্সি নির্বাচনের ভোটগ্রহণের আগ পর্যন্ত সীমান্ত-প্রাচীর নির্মাণ ছিল 'হট ইস্যু'।
যাহোক, গত সেপ্টেম্বর থেকেই ট্রাম্প আমেরিকাকে 'নাফটা' (The North American Free Trade Agreement) থেকে বের করে নিয়ে আসার কথা বলছেন। নাফটার ফলে আমেরিকার অধিকাংশ কোম্পানি স্বল্পমূল্যে শ্রমের জন্য ফ্যাক্টরিগুলো মেক্সিকোতে সরিয়ে নিচ্ছে। সেখানে পণ্য তৈরি করে আমেরিকাতে শুল্কমুক্ত সুবিধাতে বিক্রি করতে পারছে তারা। ফলে আমেরিকার হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে।
ট্রাম্প আমেরিকাকে নাফটা থেকে সরিয়ে কোম্পানিগুলো তাদের দেশে ফিরিয়ে আনতে চান। তেমন প্রতিশ্রুতিই তিনি আমেরিকার জনগণকে দিয়েছেন। তাঁর এমন প্রতিশ্রুতির ফলেই আমেরিকার কর্মজীবী সম্প্রদায়ের অধিকাংশ ভোট পেয়েছেন তিনি। ফলে এটি নিশ্চিত যে, ট্রাম্পের মেক্সিকো-নীতি দীর্ঘদিন ধরে চলে আসা দেশটির প্রতি আমেরিকার নীতির বিপরীতমুখী। তাঁর জয়ের আগে থেকেই মেক্সিকো নাফটা বাতিল হয়ে যাওয়ার প্রভাব মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছিল। কাজেই মেক্সিকো-আমেরিকার সম্পর্ক যে নতুন স্তরে যাচ্ছে সেটি নিশ্চিত।
ট্রাম্প প্রশাসন দক্ষিণ আমেরিকায় তাদের পররাষ্ট্রনীতির তেমন কোনো পরিবর্তন করবে– সে সম্ভাবনা নেই। কেবল কিউবার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে। বারাক ওবামার কিউবা সফরের মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে যে সম্পর্কের সূচনা হয়েছে, তা বাধাপ্রাপ্ত হবে। কারণ, ফ্লোরিডাতে কিউবার সরকারবিরোধী যে কিউবান জনগোষ্ঠী বসবাস করে, তারা ট্রাম্পকে ভোট দিয়েছে। কিউবান ভোট-ব্যাংক ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি আমেরিকা-কিউবার বিদ্যমান সম্পর্কের ওপর প্রভাব ফেলবে।
ইউরোপের ক্ষেত্রে নতুন প্রশাসনের পররাষ্ট্রনীতির বহু পরিবর্তন দেখা দেবে। ট্রাম্প নির্বাচনী প্রচার-প্রচারণায় ও বিতর্কে সেসব পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত দেন। ন্যাটোর (The North Atlantic Treaty Organization) প্রয়োজনীয়তা হালকা করে দেখলে চলবে না; বরং একে কিভাবে আরও শক্তিশালী করার যায় সে দিকে নজর দিতে হবে। তবে ন্যাটোর খরচের জন্য সদস্য রাষ্ট্রগুলোর উপর ধার্যকৃত চাঁদার পরিমাণ সংস্কারের প্রস্তাব ট্রাম্প প্রশাসন দেবে। কারণ, ন্যাটোর খরচের বড় একটি অংশ আমেরিকা দিয়ে থাকে। ট্রাম্প প্রশাসন চাইবে ন্যাটোর বাজেটে সদস্য রাষ্ট্রগুলোর একটি যথার্থ ও যৌক্তিক অর্থনৈতিক অবদান থাকুক।
দ্বিতীয় আরেকটি ইস্যুতে ট্রাম্প প্রশাসন আমূল পরিবর্তন আনবে। সেটি হল রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এ সম্পর্কের যৌক্তিকতা প্রাইমারি ভোটের সময় থেকেই বলে আসছেন তিনি। যদিও আমেরিকার গণমাধ্যম, মূলধারার রাজনৈতিক ও সুশীল সমাজ রাশিয়াকে শত্রু হিসেবেই গণ্য করে। ট্রাম্পের যুক্তি হল, রাশিয়া সিরিয়া ও ইরাক থেকে আইএসকে নির্মূল করতে চায়। আমেরিকাও আইএসকে নির্মূল করতে চায়। ট্রাম্প রাশিয়ার সঙ্গে এক হয়ে সে কাজটি করতে কোনো দোষ দেখছেন না।
ট্রাম্পের মতে, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আমেরিকার প্রথম শত্রু রাশিয়া নয়, ধর্মীয় জঙ্গিবাদ। ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে বাণিজ্য সুবিধাসহ অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করতে চাইবে। ফলে রাশিয়ার প্রতি আমেরিকার পররাষ্ট্রনীতির যে আমূল পরিবর্তন আসছে সেটি প্রায় নিশ্চিত। এমনকি আমেরিকাকে ক্রিমিয়ার বিষয় নিয়ে আগের মতো সরব হতে না-ও দেখা যেতে পারে।
আরেকটি ইস্যুতে ট্রাম্প প্রশাসন পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে। ইউরোপজুড়ে কট্টর জাতীয়তাবাদের শ্লোগান শোনা যাচ্ছে, সেটির প্রতি ট্রাম্প প্রশাসনের সমর্থন দেখা যাবে। অভিবাসনবিরোধী রাজনৈতিক নেতা ও দলগুলোর সঙ্গে নতুন সরকারের একটি অদৃশ্য শক্তিশালী সম্পর্ক স্থাপন হওয়ার সম্ভাবনা বেশি।
উদাহরণস্বরূপ, ইউকের নাইজেল ফারাজ, হাঙ্গেরির ভিক্টর ওরবান, ফ্রান্সের মেরিন লি পেন ও নেদারল্যান্ডের গ্রেট উইল্ডারসের রাজনৈতিক দলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক গভীর হতে পারে। ট্রাম্প প্রায়ই ইউরোপের উদার রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করছেন। অপরদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারে নাইজেল ফারাজ ও গ্রেট উইল্ডারকে অংশ নিতে দেখা গেছে।
ট্রাম্প প্রশাসন এশিয়ামুখী পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন আনবেন। বারাক ওবামা ও হিলারির সময় গৃহীত পদক্ষেপগুলোর পরিবর্তনের সম্ভাবনা বেশি, বিশেষ করে ইরাক ও সিরিয়ার আইএসের ক্ষেত্রে। রাশিয়াসহ ইউরোপের মিত্র দেশগুলোকে সঙ্গে নিয়ে ইরাক ও সিরিয়ায় বড় ধরনের হামলা করে আইএসকে ধ্বংস করে দেওয়ার চূড়ান্ত নীতি গ্রহণ করবে ট্রাম্প প্রশাসন। ধ্বংস করার পরও যদি আইএসের কর্মকাণ্ড চলতে থাকে, সে ক্ষেত্রে নতুন সরকার একটি সামাজিক আন্দোলন বিনির্মাণ করতে পারে। এটি কেমন হবে, তা এই পরিসরে বলা সম্ভব নয়। তবে ট্রাম্প বিভিন্ন সময় সে ইঙ্গিত দিয়েছেন।
এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করে ইরাক ও সিরিয়াতে একটি 'সেইফ জোন' তৈরি করতে পারে ট্রাম্প-প্রশাসন। এ পরিকল্পনার কথা ট্রাম্প বিভিন্ন সময় বলে আসছেন। সেই জোন গঠন করার জন্য অর্থায়নের জন্য ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোকে চাপ দেবে। ইরাক ও সিরিয়াতে 'সেইফ জোন' গঠন করার ট্রাম্পের পরিকল্পনাতে ইউরোপের দেশগুলোও সমর্থন দেবে।
ট্রাম্প প্রশাসন সিরিয়ার বৈধ শাসক বাশার আল আসাদ প্রশ্নে সরার জন্য কোনো পরিকল্পনায় যাবে না, বরং তাঁকে পাশে রেখেই কিভাবে এই এলাকায় একটি স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা যায়, সে দিকে নজর দিবে। প্রসঙ্গত, বিগত মার্কিন সরকারেরগুলোর মতো, বিশেষ করে 'আরব বসন্তে'র নামে ওবামা প্রশাসন পশ্চিম এশিয়ার শাসকগোষ্ঠীদের সরানোর প্রকল্পে যে মদদ দিয়েছিল, সেদিকে ট্রাম্প প্রশাসন যাবে না।
তবে ইরানের প্রতি ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি কঠোর হতে পারে। ইরানের সঙ্গে আমেরিকার যে চুক্তি হয়েছে, সেটির ভবিষ্যৎ বড় ধরনের শঙ্কার মধ্যে পড়ল। আমেরিকা ইরানকে যে চুক্তির আওতায় ১৫০ বিলিয়ন ডলার দিয়েছে, সে চুক্তি বাতিল করে ট্রাম্প প্রশাসন ইরানকে সে অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ দিতে পারে। পশ্চিম এশিয়ায় ইরানের পরমাণু কর্মসূচি ট্রাম্প প্রশাসনের জন্য একমাত্র বিবাদের বিষয় হয়ে উঠতে পারে।
ফিলিস্তিন ও ইজরাইলের বিষয়ে ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসের আগের প্রশাসনের নীতিতেই স্থির থাকবে। সৌদি আরবের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করা মানেই সৌদি আরবের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়া। তবে সৌদি আরব যদি জঙ্গিবাদের অর্থায়ন চালু রাখে, সে ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন দেশটির ভেতরেই বড় ধরনের চাপে পড়বে। সে চাপের প্রভাব আমেরিকা-সৌদি আরব সম্পর্কে পড়বে।
চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের আমূল পরিবর্তন আনতে পারে ট্রাম্প প্রশাসন। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি ৫০০ বিলিয়ন ডলারের বেশি। চীন 'ওয়ার্ড ট্রেড অর্গানাইজেশন'-এর (WTO) সদস্য হওয়ার পরই আমেরিকার হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে যায়। ফলে ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে যেসব বাণিজ্য চুক্তি রয়েছে সেগুলো পর্যালোচনা করবে। দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বিবাদ বাড়তে পারে। ট্রাম্প প্রশাসন এ অঞ্চলের আমেরিকার মিত্র দেশগুলোর সঙ্গে চীনের বিরুদ্ধে আমেরিকার শক্তি ব্যবহারের নানা দিক নিয়ে দেন-দরবার করতে পারে। ট্রাম্প প্রশাসন দেশটির মিত্রদের জন্য নিজ দেশের জনগণের ট্যাক্সের টাকা ব্যয় করবে না। মিত্র দেশগুলোকেই সামরিক খরচ বহন করতে হবে।
ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র সম্পর্ক বজায় রাখবে। তবে ট্রাম্প দেশ দুটির সঙ্গে আমেরিকার বাণিজ্য ও সামরিক চুক্তিগুলো আবারও পর্যালোচনা করতে পারে। দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমেরিকার সামরিক ব্যয় মেটানোর জন্য ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়ার সরকারকে চাপ দিতে পারে।
দক্ষিণ এশিয়াতে ভারতকেই বেছে নেবে ট্রাম্প প্রশাসন, পাকিস্তানকে নয়। ট্রাম্প নির্বাচনী জনসভায় ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ওপর জোর দেন। ট্রাম্প প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনী সরানোর কোন পরিকল্পনা করবে না। পাকিস্তানের হাতে পারমাণবিক বোমা ও জঙ্গি দুটোই থাকায় আফগানিস্তানে কিছু মার্কিন সেনা রেখে দেওয়ার পরিকল্পনা ট্রাম্প বহু আগেই ঘোষণা করেছিলেন। চীনের উত্থান ঠেকাতে ট্রাম্প প্রশাসন আগের সরকারগুলোর মতোই ভারতের সঙ্গে বহু-পক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।
ট্রাম্প বিভিন্ন ভাষণে দেশটির অভ্যন্তরীণ কিছু বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান। সেসব বিষয় অন্যান্য দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। তিনি ঘোষণা দিলেন, মার্কিন প্রশাসনের যে কোনো স্তরের কর্মকর্তা ও রাজনীতিবিদ অর্থের বিনিময়ে কোনো বিদেশি শক্তির পক্ষে তদবির করতে যেন না পারে তেমন একটি আইন প্রণয়ন করবেন। পরিষ্কারভাবে বললে, ট্রাম্প প্রশাসন অন্য কোনো দেশের সরকার হটিয়ে নিজের পছন্দের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার মতো ঝুঁকিপূর্ণ কাজ করবে না।
এর ফলে তৃতীয় বিশ্বের বহু দেশের মতো বাংলাদেশও কিছুটা নিরাপদ। দুর্ভাগ্যক্রমে যদি হিলারির ক্লিনটন জয়ী হয়ে হোয়াইট হাউসে যেতেন, তবে বাংলাদেশকে বেশকিছু সমস্যায় পড়তে হত। হিলারির রাজনৈতিক কিছু দুর্বলতা আছে। নিজের রাজনৈতিক অবস্থানের রক্ষার জন্য নৈতিকতা বহু ক্ষেত্রেই জলাঞ্জলি দিয়েছেন তিনি। হিলারি প্রেসিডেন্টে হিসেবে জয়ী হলে গণতন্ত্র উদ্ধারের নামে বাংলাদেশের জনগণের ওপর আরেকটি 'পেট্রোল বোমা'র আন্দোলন চাপিয়ে দেওয়া হত।
হিলারি প্রশাসনের পররাষ্ট্র বিভাগের কর্মকর্তাদের ঘন ঘন সফরের ঘটনা ঘটত। তৃতীয় বিশ্বের রাজনীতিবিদের পাশাপাশি দেশগুলোর কথিত সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের নামে গণতন্ত্রের গুরুত্ব নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে নসিহত করতে দেখা যেত।
ট্রাম্পের বিজয়ের ফলে বাংলাদেশের সে সম্ভাবনা নেই; বাংলাদেশ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে।
