২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে

ফাহাম আব্দুস সালাম

Published : 10 Nov 2011, 11:18 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

বাঙালির মিডিয়োক্রিটি স্বতঃসিদ্ধ না, তবে প্রসিদ্ধ, অন্তত তার নিজের মনোজগতে ও আলাপচারিতায়। বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে নীরদ চৌধুরী হয়ে আজকের এই লেখক পর্যন্ত– এ নিয়ে অনুযোগ ও আলোচনা হয়েছে বিস্তর। বলাই বাহুল্য, তাদের মনোযোগ বাঙালির প্রবণতায়; মিডিয়োক্রিটির তো ঠিক সংজ্ঞা হয় না, হয় লক্ষণ। এই লক্ষণ বাঙালির চেতনায়, আচরণে ও অভিজ্ঞতায় সর্বগ্রাসী কিন্তু সার্বজনীন বলা যাবে না কোনো মতেই; ব্যতিক্রম তো আছেই। দুর্ভাগ্য! ব্যতিক্রম আমাদের ক্ষেত্রে উৎসাহ না, পরশ্রীকাতরতার খোরাক।

উচ্চাভিলাষে বাঙালির প্রতিভা কিংবদন্তীসম, অসীমকে ছুঁয়ে দেখার স্পর্ধায় তার আজন্ম অধিকার। বিপ্লবের চেয়ে এক কণা কম হলে সমাজের পরিবর্তন হবে না বলে তার মনঃস্থির, মাস্টার্স পর্যন্ত না পৌঁছুলে অর্জিত জ্ঞানকে সে বলবে ছাইপাঁশ, অন্যের সততা নিরূপণে কেবল পৌরাণিক মানদণ্ডেই তার সম্মতি। তার লক্ষ্য অসীমে, কিন্তু অভীষ্টে পৌঁছানোর আগে কিছু মাইলস্টোনকে স্পর্শ করেই সন্তুষ্টির স্বাদ পায়। সমস্যা এতোটুকু হলে নালিশ ছিলো না। অভীষ্টের মাঝপথে সে অন্যকে তো বটেই এমন কি নিজেকেও বোঝাতে সক্ষম হয় যে এই তো অনেক, কে পারে এতোটুকু আসতে। আমার আলোচ্য মিডিয়োক্রিটিজনিত অত্যাচারের শুরু আত্মঘাতী এই উপলব্ধির পর থেকেই।

বিদ্যার্জনে আমাদের ঐতিহ্য হাজার বছরের। ইন্দোনেশিয়ার প্রথম মহিলা অর্থনীতিতে পিএইচডি করেছেন এই তো সেদিন, ১৯৮৬ সালে (মারি এল্কা পানগেস্তু, য়ুনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস থেকে) অথচ এই গরীব দেশের রওনক জাহানের পিএইচডি ১৯৭০ এ হার্ভার্ড থেকে (এরও বহু আগে ১৯৩৯ এ বেগাম শায়িস্তা ইক্রামুল্লাহ উর্দু ছোটো গল্পের ওপর গবেষণা করে পিএইচডি পেয়েছেন য়ুনিভার্সিটি অফ লন্ডন থেকে। তার পিতা হাসান সুহরাওয়ার্দি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন)। জ্ঞানার্জনের এই সমৃদ্ধ পরম্পরার ফলাফল কী, প্রশ্ন আসবে স্বভাবতই, কী দিয়েছি আমরা পৃথিবীকে? বলার মতোন আছে চারটেই মাত্র অর্জন: মসলিন, বোজোন, ওরাল স্যালাইন ও মাইক্রোক্রেডিট। জগদীশ চন্দ্র বসুর প্ল্যান্ট ফিজিওলজির ওপর কাজও খুব গুরুত্বপূর্ণ মানি। এফ আর খানের টিউবুলার ডিজাইন, অমর গোপাল বসুর Bose Speakers, কিংবা অমর্ত্য সেনের ডেভেলপমেন্ট একেনমিক্স ও সোশাল চয়েস থিওরির ওপর কাজ এই তালিকায় আনতে সঙ্কোচ হয়। এরকম আরো বহু কৃতী বাঙালি আছেন কিন্তু তাদের কাজ তো ঠিক এদেশের না।

আমার আগ্রহ এই না-মেলা-হিসাব নিয়েই। কেন আমরা বড় কিছু, মোড়-বদলে-দেয়া কিছু, যুগনির্দেশনকারী কিছু দিতে পারি না পৃথিবীকে? এমন তো নয় যে আমরা প্রতিভাহীন, বিদ্যাহীন, ঐতিহ্যহীন কোনো হটেনটট জাতি। বড় কিছু করার জন্য যা প্রয়োজন, আমাদের কি অভাব রয়েছে– ক্ষুধা, একাগ্রতা, পরিশ্রম ও সর্বোপরি কল্পনাশক্তির? কিন্তু কেন এমন হবে? আমাদের এতো বড় জিনপুল থেকে তো অসংখ্য সফল মানুষ বেড়িয়ে আসার কথা ছিলো কেবল পরিসংখ্যানের জোড়েই, যেখানে মানসম্পন্ন শিক্ষালাভ কষ্টসাধ্য হলেও অসম্ভব না। তাহলে কি সমস্যা আরো ভেতরে, একদম গভীরে?

নিজের এই সময়, অভিজ্ঞতা ও পরিপার্শ্ব থেকে আমাকে, আমার জাতিকে বোঝার চেষ্টা করি আর সবার মতোন। সুবিধা বলুন কিংবা কুবিধা, এতোটুকুই, যে আমার কর্মক্ষেত্রে বহু জাতির মানুষের সমাবেশ। আজকের পৃথিবীর কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ঢু মারলে এমন কোনো জাতি নেই যার আলোকিত মানুষদের সচলায়তন প্রত্যক্ষ না করে সময় কাটানো যাবে। আমার আগ্রহ এদের নিয়েও। এরাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমার ও আমার জাতির মিডিয়োক্রিটি। নির্মোহ হওয়ার অনুশীলনে পুরো জাতিটাকেই ফেলি আত্মদর্শনের যূপকাষ্ঠে, সবিস্তারেই বলা যাক।

১. বাঙালির লাইফস্টাইল

সফল মানুষদের শ্রেষ্ঠতম অবদানকে আমরা যেন শিরোপা ভেবে ভুল না করি। আবিষ্কার কিংবা সৃজন, গন্তব্যই শুধুমাত্র না, পথ চলাটারও নাম; সহজে বললে একটা লাইফস্টাইল যার জন্য প্রয়োজন সাধনা ও একাগ্রতার। বাঙালির নাগরিক জীবন উপার্জন, বিনোদন আর সামাজিকতায় ব্যস্ত-ক্লিষ্ট, সেখানে সাধনার কোন অবসর?

য়োরোপে রেনেসাঁর জন্ম দিয়েছিলো ফ্লোরেন্স। সাহিত্য, শিল্পকলা, স্থাপত্য এমন কোনো বিষয় নেই যার জন্য আসে নি কোনো ফ্লোরেন্টাইন জিনিয়াস। ডা ভিঞ্চি, মাইকেলেঞ্জেলো, বতিচেলি, ম্যাকিয়াভেলি, দান্তে, পেত্রার্ক, ব্রুনেলেস্কি – কতো মহাপুরুষের নাম যে জড়িয়ে আছে এই শহরের সাথে, বলে শেষ করা যাবে না। মধ্যযুগে শহরটা কত বড় ছিলো জানা আছে? সম্ভবত আমাদের ঢাকা শহরের উত্তরার চেয়েও একটু ছোটো। য়োরোপে এতো জায়গা থাকতে এতো সব আলোকিত মানুষ এক সাথে এতো ছোটো একটা জায়গা থেকে বেরিয়ে আসলো কেন? ইতিহাসের সরল পাঠ বলবে মেডিচি পরিবারের উদার পৃষ্ঠপোষকতার জন্যে। কিন্তু বাস্তবতা হলো মানুষের সৃজনশীল প্রতিভার বিস্ফোরণের জন্যে নগরের প্রয়োজন হয়, যেখানে প্রতিযোগিতা হয় শ্রেষ্ঠদের মাঝে, যুদ্ধ হয় আইডিয়ার।

আমাদের দেশে প্রতিভার বিস্ফোরণ হলে হবে ঢাকা শহরে, বলার অপেক্ষা রাখে না। সেখানে একজন প্রতিভাধর মানুষের প্রাত্যহিকতা কেমন? অফিসে যাওয়া এবং আসাই এখানে এক সংগ্রাম, ব্যয় হবে অন্তত ঘণ্টা তিনেক। পেশা, তা সে যেটাই হোক, ডাক্তারি কিংবা মাস্তানি আদতে সে আপোষের ডেরা, নিজেকে বাঁচানোর পাঁয়তারা। বাড়ী ফিরলেন তো শুরু হোলো টেলিভিশনের অত্যাচার। বাঙালি মধ্যবিত্তের মতো এতো বিনোদনভূক মানুষ পৃথিবীর আর কোথাও আছে বলে মনে হয় না। সৃজনশীল মানুষটি এই উপদ্রব থেকে না হয় নিজেকে দূরেই রাখলেন কিন্তু তার ওপর নির্ঘাত নাজিল হবে আরো ভয়ঙ্কর কিছু, সামাজিকতার উপদ্রব। আজ আমার ভাগ্নির জন্মদিন তো কাল শ্যালিকার বিয়ে। একটু যশ এসেছে তো আরোও বিপদ; সবাইকে উৎসাহ দেয়ার দায়িত্ব আপনার কাঁধে, আজ অমুক অনুষ্ঠানের মধ্যমণি তো কাল তমুক অনুষ্ঠানের শিরোমণি, কোনো নিস্তার নেই। এর পর থাকবে সরাসরি আক্রমণের উপদ্রব। এই আক্রমণ কখনো-সখনো এতোটাই ভয়ঙ্কর যে বহু কৃতধী মানুষকে দেশ ছাড়তে হয়েছে অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্যে।

তপন রায় চৌধুরীর বাঙালনামায় এমন একটি বিবরণ পাওয়া যাবে। এই অসামান্য পণ্ডিতটি যৌবনে বিয়ে করেছিলেন প্রতিমা রায় চৌধুরীকে যার ছিলো এটা দ্বিতীয় বিয়ে (তিনি অকালবিধবা হয়েছিলেন) এবং তিনি ছিলেন তপন রায়ের চেয়ে বয়সে বড়। এই নিয়ে কলকাতার বিদ্বৎসমাজ (?) যে কেমন কদর্যভাবে হামলে পড়েছিলো, পড়লে ঘিন ঘিন করে। বিধবা হওয়ার পর সম্ভ্রান্ত ঘরের প্রতিমাকে বারো বছরের বন্ধুপুত্র থেকে নিয়ে বাহাত্তর বছরের পিতৃবন্ধুও শয্যাসঙ্গী হওয়ার উদার আহবান জানাতেন। ন হন্যতে উল্লেখ আছে যে ত্রিশের দশকে মৈত্রেয়ী দেবী মাত্র ষোলো বছর বয়সেও অবগত ছিলেন যে রোমানিয়ান স্কলার মির্চা এলিয়াদের সাথে প্রেমের কথা জানাজানি হয়ে গেলে কেবল সমাজ না একটি সাহিত্য পত্রিকার (শনিবারের চিঠি) সম্পাদকের আক্রমণ থেকেও রক্ষা পাওয়া যাবে না। যারা কলকাতার সমাজের অন্য আরেক ধরনের কদর্যতা নিয়ে জানতে আগ্রহী তারা বছর তিনেক আগের প্রথম আলোর একটি ঈদ সংখ্যায় প্রকাশিত দুশ্চরিত্র রমেশের বিবরণটি পড়ে দেখতে পারেন। বাঙালি মুসলমানের সমাজ অনন্ত পশ্চাতপদতায় রুদ্ধ থাকলেও ঠিক এ ধরনের সঙ্কীর্ণ হয়তো ছিলো না (অনেকেই জেনে বিস্মিত হবেন যে মোটামুটি ১৮২০ পর্যন্ত বাংলায় কর্মরত প্রায় প্রতিটি ইংরেজ কর্মচারীর বঙ্গীয় মুসলিম স্ত্রী অথবা রক্ষিতা ছিলো। সমাজটা পুরোপুরি অবরুদ্ধ হলে সেটা কি সম্ভব হতো? এ প্রসঙ্গে আগ্রহীদের জন্য William Dalrymple এর White Mughals অবশ্যপাঠ্য)। কিন্তু তা সত্ত্বেও এ সমাজের রয়েছে আরো বহু ধরনের ভণ্ডামি, মিথ্যাচার আর বিচার-প্রিয় দর্শক যারা আপনাকে চেপে ধরবে, চেপে ধরবে আষ্ঠে-পৃষ্ঠে।

পশ্চিমা সভ্যতা ও সাহিত্যের একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান হোলো সিক্রেসি বা গোপনীয়তা। সাধারণ মানুষ তো বটেই এমন কি বিখ্যাত মানুষদের পাবলিক ও প্রাইভেট লাইফের মাঝেও রয়েছে মোটা দাগ। মানুষের যা কিছু গোপনীয় তার যে খুব সামান্যই সুন্দর। বিখ্যাত মানুষদের জীবন নিয়ে সাধারণ মানুষদের আগ্রহ অবশ্যই আছে কিন্তু এই দাগটি অতিক্রম করার ব্যাপারে যথেষ্ট অনাগ্রহও থাকে। এই তো সেদিনের কথা: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরঁর মৃত্যুর (১৯৯৬) কিছুদিন আগেই কেবল জানা গেলো যে তার একটি অবৈধ সন্তান আছে। এ নিয়ে মিডিয়া কিন্তু নীতিবাগীশের ভুমিকা নিয়ে হামলে পড়ে নি। এদিক দিয়ে আমরা আবার খুল্লাম খুল্লায় বিশ্বাসী। কারো কিছু গোপনীয় থাকতে পারবে না। প্রধানমন্ত্রী শোল মাছের ঝোল পছন্দ করেন না ট্যাংরা মাছের চচ্চড়ি এও পত্রিকার পাঠকদের জানা চাই। Privacy'র কোনো বাংলা শব্দ হয় না জেনে কেন জানি তাই খুব আশ্চর্য হতে পারি না। কুৎসিত কৌতূহলের ফলাফল কদর্যতা ছাড়া আর কী; কিন্তু তার চেয়েও খারাপ একজন মানুষের সারা জীবনের কাজকে কয়েকটি ভুল দিয়ে পরিমাপ করার প্রবণতা।

এতোসব মনোযোগহারী অনুষঙ্গ কাঁধে নিয়ে তপস্বীর ব্রতে নিজেকে নিবিষ্ট করা কি আদৌ সম্ভব, এই শহরে? এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল য়ুনিভার্সিটির স্কলার ব্রায়ান শ্মীড। পুরস্কার ঘোষণার পর বারাক ওবামা যখন ফোনে অভিনন্দন জানাচ্ছিলেন সে সময় শ্মীড চিন্তা করছিলেন পরের দিন ক্লাসে কী পড়াবেন! হ্যাঁ, নোবেল পাওয়ার পরের দিনও তিনি আন্ডারগ্র্যাডের ছোকরাদের ক্লাস নিয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলছিলেন, বড় কাজ কোনোদিন অর্থের অভাবে মনে হয় আটকে যায় না, যায় প্রতিভা, সাধনা আর কল্পনার অভাবে। অসুস্থ নাগরিক ব্যস্ততার কারণে কিনা জানি না আমরা বাংলাদেশীরা ক্রমাগতই বিস্মৃত হচ্ছি ছেলেবেলার সেই চিরন্তন নীতিকথাগুলো থেকে, যা কিছু সহজে আসে তা সহজে চলেও যায়। সাফল্য চাতুর্যের জোড়ে নিপতিত হয় না, সেটা আসে সাধনার জোড়েই।

২. বাঙালির জেনোফোবিয়া

বাঙালির জেনোফোবিয়া উৎকট না, প্রশান্ত তার প্রকাশ কিন্তু সমস্যা হলো সেটা উদযাপিত, দেশপ্রেমের অনুষঙ্গ বলে পায় অনুমোদন।

সম্ভবত ৮০'র দশকে আমেরিকার ভার্নাকুলারে স্থান পায় Melting Pot শব্দযুগল । নানান দেশের নানান মত, মিশে যাবে এক হাঁড়িতে। গত দশকে বিশ্বসভায় ভারতের উত্থানকে বিখ্যাত ভারতীয় কূটনীতিক (এবং লেখক এবং রাজনীতিবিদ) শশী থারুর Melting Pot এর সাথে তুলনা করেছেন "থালী" বলে। এক থালায় অনেক তরকারী কিন্তু কোনোটাই কোনোটার সাথে মেশে না, সহাবস্থান করে (বৃত্তাকার থালীতে ছোটো ছোটো রেকাবিতে পরিবেশিত হবে তরকারী)। ভিন্নতাকে গ্রহণ করার ব্যাপারে বাঙালির মনোভাব ঠিক এই থালীর মতোন। নানান দেশের নানান মতকে সে সহ্য করবে, সীমা অতিক্রম না করলে মেনেও নেবে কিন্তু কখনোই অবগাহন করবে না। বাঙালির বিচিত্র জেনোফোবিয়ার এটাই সারবত্তা।

আমার অস্ট্রেলিয়ান বন্ধু স্টিভ পিএইচডি শুরুর আগে টাকা বাঁচিয়ে ভারতে গিয়েছিলো একা, শুধুমাত্র সে দেশটাকে জানতে। সে কোনো ধনী মানুষের সন্তান না, সাধারণ ঘরের ছেলে। সেকেন্ড হ্যান্ড মোটোর সাইকেল কিনে কলকাতা থেকে চেন্নাই, দিল্লী ঘুরে ফিরে এসেছে আবার কলকাতায় (আমার ভারতীয় বন্ধুদের মত: মোটোর সাইকেলে এক-দেড় হাজার কিলোমিটার চষে বেড়ানোর দুঃসাহস নিজ দেশেও তারা দেখাতো না)। গত বছর পাকিস্তানেও গেছে। দেশ-দুটোতে সে শুধু কৌতূহলের কারণেই যায় নি, শেখার জন্যেও গেছে। কোরান পড়েছে, মহাভারত পড়ছে এবং রবীন্দ্রনাথের ঘরে বাইরে নিয়ে কথা বলবে অনর্গল। আমার কাছে সে প্রায়ই অনুরোধ করে কোনো সমসাময়িক বাঙালি লেখকের উপন্যাসের অনুবাদ আছে কি না? উপমহাদেশের বহু বিষয়ে সে মুগ্ধ এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের সংস্কৃতির বহু কিছু সে কনশাসলি গ্রহণ করতে চায়। বাংলাদেশে আমার অসংখ্য পরিচিত মানুষ স্টিভের চেয়ে অনেক অনেক ধনী ও ক্ষমতাধর। কোনোদিনও তো দেখলাম না একটা নন-ইংলিশ স্পীকিং কান্ট্রিতে কেউ গিয়ে এতোটা কষ্ট করেছে উপার্জন না, দেশটাকে চেনার জন্য।

রোমান, আরব ও আজকের আমেরিকান সভ্যতার একটা মিল হলো এই প্রতিটি সভ্যতার কেন্দ্রগুলো ছিলো চরিত্রে কসমোপলিটান (মধ্যযুগে ফ্লোরেন্সেও এসেছিলো য়োরোপের বিভিন্ন প্রান্তের মানুষ)। নানান দেশের নানান মানুষ তাদের আইডিয়া দিয়ে সমৃদ্ধ করেছিলো এসব সভ্যতা। আমরা বাংলাদেশীরা ভিন দেশের মানুষকে তো বটেই, এমন কি নিজের দেশের অন্য জেলার মানুষকেও ভিন্ন বলে মানি। বেশি না মাত্র একশ বছর আগেও বাঙ্গালি লেখকরা "আসমুদ্রহিমাচল" বলে ভারতকে জ্ঞান করেছে কিন্তু বাংলার বাইরে দেরাদুন কিংবা দিল্লীতে বসবাস করলে লিখেছে "প্রবাস জীবন"। নিজের গণ্ডীর বাইরে না যাওয়ার এই অস্বস্তির মূলে রয়েছে আমাদের সহজাত জেনোফোবিয়া। সেটা এতোই সহজাত ও স্বাভাবিক যে Xenophobia কে নির্দিষ্ট করার জন্য আমরা কোনো বাংলা শব্দের প্রয়োজনীয়তাও অনুভব করি নি।

তার মানে এই না যে আমরা বিদেশীদের ঘৃণা করি। বরং আমাদের মতো ওয়েলকামিং জাতি পৃথিবীতে কমই আছে। কিন্তু আমাদের অভ্যর্থনা মানুষটার জন্য, তার ভাবনাটার জন্য না। বিদেশীদের আমরা বোতল-বন্দী করি কৌলীন্যে নয় তো তাচ্ছিল্যে; কেন জানি সমকক্ষ ভাবতে পারি না। মনে করি, এরা যেন "ভিন্ন" কেউ। এমন মনোভাব প্রজন্মান্তরে ঐতিহ্য রক্ষা, ধর্ম রক্ষা প্রভৃতি কাজের জন্য খুবই সহায়ক, কিন্তু প্রতিভা বিকাশের জন্যে মারাত্মক। ইতিহাস বলে, মিডিয়োক্রিটির ভূতটা হোমোজিনিয়াস সমাজেই বেশি চেপে ধরে।

৩.বাঙালির ভাষা

মৌলিক কিছু অনুভূতি ছাড়া মানুষের ভাবনা ভাষা নিরপেক্ষ না। খিদে লাগার প্রকাশ ইংরেজ, আরব কিংবা বাঙালি সবার জন্যেই এক, কিন্তু জটিলতর কিংবা বিমূর্ত কোনো বিষয় (যেমন বিজ্ঞান বা দর্শন) নিয়ে চিন্তা শুরু করলে দেখা যায় যে সেটা আপনার জানা শব্দগুলোকে ঘিরেই বাড়তে শুরু করে। আমাদের অনুভূতি ভাষাতীত হতে পারে কিন্তু ভাবনা বেশীরভাগ সময়ই না। বরং শব্দই ধরে রাখে চিন্তাকে, সূক্ষ্মতর চিন্তাকে। তাই একজন লেখক একটি নির্দিষ্ট ভাষায় শুধু লেখেনই না ভাবেনও বটে। নীরদ চৌধুরী এ কারণেই বলেছিলেন যে তিনি যখন ইংরেজিতে লেখেন ভুলে যান যে তিনি বাংলা জানেন এবং যখন বাংলা লেখেন তখন ভুলে যান যে তিনি ইংরেজি জানেন। ভাষার সাথে ভাবনার এই গাঁট-ছড়ার খুবই গুরুত্বপূর্ণ একটি দিক হলো, যে শব্দ আপনার জানা ভাষায় নেই সেই শব্দের দ্যোতক ভাবনা আপনার মগজে সহজে আসবে না (সবসময় না যদিও)। একটা ছোট্ট উদাহরণ দেয়া যাক। আপনারা যারা কোরান পড়েছেন তারা সম্ভবত "আব্দ" শব্দটা পেয়েছেন কখনো-সখনো (এই লেখকের মধ্যনামেও শব্দটি পাওয়া যাবে)। বাংলা অনুবাদে শব্দটিকে লেখা হয় দাস কিংবা গোলাম এবং ইংরেজিতে Servant অথবা Slave। দাস কিংবা Servant তার কাজের বিনিময়ে পারিশ্রমিক আশা করে; অন্যভাবে বলা যেতে পারে যে পারিশ্রমিক পাবে বলেই দাস তার কর্তব্য পালন করে। "আব্দ" এর দাসত্বে কিন্তু আরাধ্য পারিশ্রমিকের এই শর্তটি নেই। সে দাসত্ব করে ভালোবেসে। এই কনসেপ্টটি যদি আপনার মাথায়ই সর্বপ্রথম আসতো এবং প্রকাশ করতে হতো বাংলায় কিংবা ইংরেজিতে, কীইবা শব্দ ছিলো আপনার মজুদে?

এবার একটু বড় পরিসরে ব্যাপারটাকে চিন্তা করুন। আপনি যে ভাষায় ভাবছেন বা লিখছেন সে ভাষার শব্দ-সম্ভার যদি পরিমিত হয় বা ভাবনা অনুবর্তী শব্দগুলো যদি আপনার ব্যবহৃত ভাষায় না থাকে তখন কী হবে? সহজভাবে বলা যেতে পারে যে একজন লেখককে তার ভাবনা ও প্রকাশের মধ্যে আপোষ করতে হবে। যেহেতু আপনার ভাবনা অনুবর্তী শব্দ নেই সেহেতু কাজ চালানোর জন্য আপনি কাছাকাছি অর্থের একটা শব্দ ব্যবহার করবেন। Vermillion কে লাল বলবেন Crimson কে লাল বলবেন আবার Scarlet ও Amaranth কেও লাল বলবেন। আমাদের সংবিধানের বহুল আলোচিত ১৫ তম সংশোধনীর আর্টিকেল ৭ (খ) তে বলা হয়েছে যে, "এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে- তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে"। লক্ষ্য করুন যে এখানে ব্যবহৃত শব্দটি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। ইংরেজি ভার্শানে ব্যবহৃত হয়েছে Sedition। বাংলায় Treason মানে রাষ্ট্রদ্রোহিতা, Sedition মানেও রাষ্ট্রদ্রোহিতা। দুটো কিন্তু কোনো বিচারেই এক অপরাধ না। যেখানে অর্থোদ্ধারে সন্দেহ দেখা দিলে বাংলা সংবিধানে চোখ দেয়ার কথা (সাংবিধানিক ভাবে) সেখানে ইংরেজি ভার্শান ছাড়া বোঝারই উপায় নেই যে আপনি কোন অপরাধের কথা বলছেন। গুরুচন্ডালি নামের একটি ব্লগে কলিম খান দেখিয়েছেন যে "তীর্থ" শব্দটির প্রায় ৪২টি লিপিবদ্ধ অর্থ আছে। এভাবে একই শব্দের অর্থের এতো বড় স্পেকট্রাম হয়ে যাওয়ার বিপজ্জনক দিক হোলো লেখক যে অর্থে ব্যবহার করছেন পাঠক সে অর্থে শব্দটি নিতে নাও পারেন।

বাংলা ভাষায় বিশেষ্য ও ক্রিয়াপদের অপ্রতুলতার জন্যে এ কাজটি লেখকদের অহরহ করতে হয়। এ অপ্রতুলতার জন্যে রচয়িতার চিন্তাও হয়তো সঙ্কুচিত হয়ে যায়। দুটো প্রকাশনার কথা বলা যাক। প্রথমটি শোপেনহাওয়ারের The World as Will and Representation এবং দ্বিতীয়টি কার্ল মার্ক্সের পিএইচডি থিসিস The Difference Between the Democritean and Epicurean Philosophy of Nature. দুটো বইই অনলাইনে পাওয়া যাবে। এই বই দুটোর যে কোনো চারটি পৃষ্ঠা (আপনার পছন্দ মতোন) বেছে নিন এবং তার বাংলা অনুবাদ করার চেষ্টা করুন এবং যে ব্যক্তি এ বই দুটো পড়েছেন তাকে দেখিয়ে বলুন যে আপনার অনুবাদ কোনো 'সেন্স-মেক' করে কি না?। অন্তত আমার কাছে মনে হয়েছে যে রচনাগুলোর বাংলা অনুবাদ এক কথায় অসম্ভব, কেননা চিন্তার এই মাত্রার কমপ্লেক্সিটি বাংলা ভাষায় প্রকাশ করার জন্য যে ঐতিহ্য ও পরম্পরা প্রয়োজন সেটা আমাদের নেই। যে কোনো বিচারে গত দুশ বছরের প্রধানতর রেভোলিউশানারি থিঙ্কারদের মধ্যে কার্ল মার্ক্স, ফ্রিডরিখ নীটশে, চার্লস ডারউইন, সিগমান্ড ফ্রয়েড ও জন মেয়নার্ড কীনস থাকবেন। এটা কোনো কাকতাল না যে এরা ইংরেজি ও জার্মান ভাষায় লিখেছেন, এদের চিন্তাকে ধারণ করার মতোন ভাষাও আমার মনে হয় এ দুটোই ছিলো।

একটা ব্যাপার লক্ষ্য করুন; এই মুহূর্তে পৃথিবীর নানা প্রান্তের খ্যাতিমান বাঙালিরা জ্ঞান-বিজ্ঞানের নানান শাখায় মৌলিক অবদান রাখছেন, কিন্তু তাদের একজনও তাদের মূল কাজটি বাংলায় লেখেন না। কেন? এমন তো নয় যে তারা ভালো বাংলা জানেন না। তপন রায় চৌধুরীর মতো ভালো বাংলা গদ্য এই মুহূর্তে এ ভাষায় দু-একজনই লিখতে পারেন, কিন্তু তিনিও তার কাজের লেখাগুলো ইংরেজিতেই লেখেন। গত দশ বছরে নাসিম নিকোলাস তালেবের মতো অরিজিনাল থিঙ্কার পৃথিবীতে কমই এসেছে (Fooled by Randomness, Black Swan ও The Bed of Procrustes এর লেখক যিনি জিএফসি'র সঠিক ভবিষ্যতবাণী করেছিলেন)। এই লেবানিজ ভদ্রলোকের মাতৃভাষা আরবি; ফ্রেঞ্চ ও ইংরেজিতে স্বচ্ছন্দভাষী, বলতে পারেন ইতালিয়ান ও স্প্যানিশ, এবং পড়তে পারেন ক্লাসিকাল গ্রিক, ল্যাটিন, অ্যারামেয়াক, হিব্রু ও ক্যানানাইট স্ক্রিপ্ট। লেখেন কিন্তু তিনি ইংরেজিতেই।

সম্প্রতি ফেসবুকে জনৈক সৌমিত্র রায় জয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার উপযোগিতা নিয়ে আলোচনা করতে গিয়ে যে মন্তব্য করেছেন তা মনোযোগ দাবী করে। "…… বাংলা যে বিজ্ঞান ধারণে অক্ষম, তার কারণ ভাষার দৈন্য নয়, তার কারণ বাংলা ভাষার ইনফ্লেক্সিবিলিটি। অবশ্য সাহিত্যের ক্ষেত্রে বাংলা ভাষা অতি সমৃদ্ধ দাবি করে নিজেরা নিজেরা পিঠ চাপড়াচাপড়ি করা আমাদের একটা জাতিগত আত্মম্ভরিতা। ……সর্বজনগ্রাহ্য এবং সর্বজনবোধ্য করার জন্য ইংরেজি ভাষার গা থেকে অ্যারিস্টোক্রেসির চাদর খুলে ফেলে তাকে ইতরিকরণ করা হয়েছে, উল্টোদিকে বাংলা ভাষা স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছে ড্রয়িংরুমে "।

ইনফ্লেক্সিবিলিটি যেকোনো ভাষার দৈন্যের একটা মৌলিক কারণ ও বাংলা শব্দভাণ্ডারের অপ্রতুলতা আছে দেখে আমি লেখকের প্রথম মন্তব্যটির সাথে একমত নই। কিন্তু তার দ্বিতীয় মতটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার "ইতরিকরণ" খুবই জরুরী।

প্রমিত বাংলার সমস্যা হলো অন্য ভাষাকে আত্মীকৃত করার ক্ষমতা খুব কম বলে নতুন শব্দ সৃষ্টি হয় না বললেই চলে। রবীন্দ্রনাথকে আজকের কোনো বাংলা লেখা পড়তে দিলে তিনি প্রায় কোনো শব্দেই হোঁচট খেতেন না, আমাদের আধুনিক জীবন যাপন-জনিত কিছু বিশেষ্য ছাড়া (যেমন সিডি, মাউস, টিভি ইত্যাদি)। ইংরেজি ভাষার সে সময়কার লেখক কিন্তু বহু শব্দে হোঁচট খাবেন কেননা নানান দেশের নানান মানুষ ইংরেজি ভাষায় অহরহ নতুন শব্দ ও ফ্রেজ ব্যবহার করে ভাষাটিকে অনবরত সমৃদ্ধ করছেন।

বাংলা ভাষার অপ্রমিতকরণের কাজটি কিন্তু শুরু হয়ে গেছে। বাংলা ব্লগের করছে, খাইছে, যাইবার লাগছে , আবার জিগায় ঘরানার বাংলাই বাংলা ভাষার ভবিষ্যৎ, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে – আমার মনে হয়। এই ভাষার মাধুর্য নেই, কিন্তু নির্মেদ অবজেক্টিভিটি আছে, আছে যে কোনো ভাষার শব্দ গ্রহণ করার ক্ষমতা। এই ভাষাটি সম্ভাবনাময়, দুমড়ে-মুচড়ে যেকোনো ভাবে লেখা যায়, ইংরেজি পদবাচ্য ব্যবহারের বাধ্যবাধকতা নেই। তাছাড়া ৩০ এর নীচে যতো বাংলাদেশী লেখক এই মুহূর্তে ভালো বাংলা লিখছেন তারা সবাইই কম-বেশি এই বাংলায় লেখালেখি করেন। বাস্তবতা হলো আমাদের প্রজন্মের লেখকেরা আগামী ৩০ বছরের মধ্যে বাংলা ভাষার কেন্দ্রে চলে আসলে এই ভাষা মেইনস্ট্রীমে চলে আসবেই, সেটা কোনো মতেই ঠেকানো যাবে না। সেটা সম্ভবত ভালোই হবে, অন্তত একাডেমিক বাংলার জন্য। আমি সত্যিই বিশ্বাস করি যে আমাদের সন্তানেরা তাদের জীবদ্দশায় অপ্রমিত বাংলায় গবেষণামূলক প্রকাশনা দেখে যাবে।

তার মানে কি এই যে অপ্রমিত বাংলায় লেখালেখি করলে বা ইংরেজি ভাষায় চিন্তা করলেই আমরা রাতারাতি সব বিদ্বান হয়ে যাবো? না, তা মোটেও না। একটি জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষের মিডিয়োক্রিটি থেকে উত্তরণ এবং সে জাতির উন্নতি খুবই কমপ্লেক্স ও ক্যাওটিক প্রসেস। ঘটমান বর্তমানে কিছু লক্ষণ হয়তো শনাক্ত করা যায় কিন্তু এর পুরোটাকে কখনোই সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় না। দুই ডলারে টি শার্ট আর ডিভিডি বানানো জরুরী, কিন্তু ইতিহাস বলে, বিশ্বসভায় জায়গা করে নিতে হলে নতুন আইডিয়া দিতে হয়, সেটা কেবল অর্থনীতির জোড়ে পাওয়া যায় না। সে লক্ষ্যে একটা কথা মনে রাখা প্রয়োজন যে মিডিয়োকর ও চ্যাম্পিয়নদের পার্থক্য প্রতিভা আর পোটেনশিয়ালে হয় না, হয় মানসিকতায়; লেগে থাকা আর জেতার মানসিকতায়, থেমে না যাওয়ার প্রবণতায়। পথটা কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ।

০৯/১১/২০১১

ফাহাম আব্দুস সালাম :  বিজ্ঞান গবেষক।