২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমে জঙ্গি-আতঙ্ক বনাম মুসলিম-বিদ্বেষ

চিররঞ্জন সরকার চিররঞ্জন সরকার

Published : 07 Aug 2016, 12:28 PM

Updated : 01 Jul 2022, 05:45 PM

বোরকা পরায় এক মুসলিম নারীকে দোকান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রে। গত ৩ আগস্ট ইন্ডিয়ানার গ্যারি শহরে 'ফ্যামিলি ডলার' সংস্থার এক ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলেন বছর বত্রিশের সারাহ শফি। অনেক বছর ধরেই বোরকা পরেন তিনি। কিন্তু এবার দোকানে ঢোকার ১০ মিনিটের মধ্যেই এক কর্মী বলেন, "বোরকা না খুললে দোকান থেকে চলে যেতে হবে।"

সারাহর দাবি, এর পরে তিনি ওই কর্মীকে বোঝানোর চেষ্টা করেন বোরকা তাঁর ধর্মীয় পরিচয়ের অঙ্গ। জবাবে কর্মীটি বলেন, "বুঝতে পারছি। কিন্তু এখানে খুব চুরি-ডাকাতি হয়। তাই মুখ না দেখালে আপনাকে দোকানে থাকতে দিতে পারছি না।"

জবাবে সারাহ জানান, আমেরিকায় ধর্মীয় স্বাধীনতার অধিকার আছে। তাঁর যা ইচ্ছে তা-ই পরতে পারেন। কর্মীটি এবার বুঝিয়ে দেন, বোরকা না খুললে তিনি পুলিশ ডাকবেন।

সারাহর কথায়, "আমার বাচ্চারা বাইরে ছিল। ওদের সামনে পুলিশের সঙ্গে কথা বলতে চাইনি। তাই বেরিয়ে যাই।"

ঘটনাটি আমেরিকায় বসবাসকারী প্রায় ৫০ লাখ মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের সংগঠন 'কাউন্সিল অব আমেরিকান মুসলিম রিলেশনস'এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, এটা মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ।

Image
"আমি মনে করি সহিংসতার সঙ্গে ইসলামকে একাত্ম করে দেখা ঠিক নয়''

বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা এবং এসব হামলার সঙ্গে মুসলিম ধর্মাবলম্বীদের সংশ্লিষ্টতার কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতে মুসলিমবিদ্বেষী মনোভাব ক্রমেই প্রকট হচ্ছে। ঘটনাটি তারই সর্বশেষ প্রকাশ। আসলে ইউরোপ-আমেরিকায় অনেকে মুসলিম ও জঙ্গিবাদ সমার্থক মনে করছেন। জঙ্গিবাদের উত্থানের পেছনে মুসলিম জনগোষ্ঠীকে দায়ী করে পশ্চিমাদের এই মুসলিমবিদ্বেষ বিশ্বজুড়ে এক নতুন সংকট সৃষ্টি করবে বলেই আশঙ্কা।

সম্প্রতি ভ্যাটিকানের পোপ এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বলেন, "আমি মনে করি সহিংসতার সঙ্গে ইসলামকে একাত্ম করে দেখা ঠিক নয়। এটা ঠিক নয় এবং এটা সত্যও নয়।"

সামাজিক অসাম্য ও অর্থের প্রতি তীব্র আসক্তি সন্ত্রাসবাদের প্রধান কারণগুলোর অন্যতম বলে মনে করেন তিনি। বলেন, "আমি মনে করি, প্রায় সবসময় সব ধর্মেই ছোট একটি মৌলবাদী গোষ্ঠী থাকে। আমাদেরও আছে।"

পোপ নিঃসন্দেহে অত্যন্ত খাঁটি কথা বলেছেন, প্রয়োজনীয় কথা বলেছেন। কিন্তু পোপের এই বক্তব্য পশ্চিমাদের মনোভাব বদলাতে আদৌ কোনো ভূমিকা রাখতে পারবে কী? আসলে ইউরোপ-আমেরিকা এখন 'জঙ্গি-ভূত' দেখতে শুরু করেছে। আর এই ভূতের ভয়ে আতঙ্কে কাঁপছে পশ্চিমা সভ্যতা! ওদের ভাষায়, 'ইসলামিস্ট টেরোরিস্ট' আতঙ্ক। ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জার্মানি, যুক্তরাষ্ট্র– সব দেশই জিহাদি হামলার আশঙ্কায় তটস্থ, সন্ত্রস্ত। 'রাজনৈতিক ইসলামের' জঙ্গি, ওয়াহাবি-সালাফি জিহাদ বিপন্ন করে তুলেছে তার সামাজিক স্থিতি। আর এতে সম্প্রসারিত হচ্ছে ইউরোপের দেশে দেশে বসবাসকারী লাখ লাখ মুসলিমের বিরুদ্ধে সন্দেহ, বিদ্বেষ ও জাতি-ঘৃণা।

যে উদার নীতি অবাধ ও অনিয়ন্ত্রিত অভিবাসন মারফত পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া থেকে অগণিত মুসলিম ও প্রাচ্যদেশীয়ের ভাগ্যান্বেষণ উৎসাহিত করেছিল, তা সংকুচিত করে পুবের সব দরজা বন্ধ করে দেওয়ার দাবি উঠতে শুরু করেছে। দেশে দেশে এখন মুসলিম অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণকারীরাই জনপ্রিয় নেতায় পরিণত হচ্ছেন।

Image
আমেরিকায় ট্রাম্প মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন

আমেরিকায় ট্রাম্প মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছেন। জার্মানিতেও ইসলাম-আতঙ্ক দক্ষিণপন্থী নব্য-নাৎসিদের শক্তিশালী করে তুলছে। ফ্রান্সে ইসলামবিরোধী স্লোগান অতি-দক্ষিণ ন্যাশনাল ফ্রন্টকে জনপ্রিয় করে তুলছে। দলের নেত্রী মারিন ল্য প্যাঁ তাঁর অভিবাসনবিরোধী, সংযুক্ত-ইউরোপবিরোধী মঞ্চ নিয়ে সর্বশেষ পার্লামেন্টের নির্বাচনে এক-চতুর্থাংশ ভোট পেয়েছিলেন। ফ্রান্সের আর্থিক সংকটের জন্য অভিবাসী, মুসলিম ও খোলা সীমান্ত দায়ী করে তিনি বলেছেন, "ফ্রান্সের রাস্তায় মুসলিমদের নামাজ পড়া দখলদার নাৎসি বাহিনীকে মনে করিয়ে দেয়। সাঁজোয়া গাড়ি নেই, অস্ত্রসজ্জিত সেনাও নেই, তবে দখলদারি তো বটেই!"

ইসলাম-আতঙ্ক এমনকি সুইডেন বা ব্রিটেনের মতো সহনশীল গণতন্ত্রকেও মুসলিমদের প্রতি অসহিষ্ণু করে তুলছে। গেল বছর সুইডেনে পর পর তিনটি মসজিদে অজ্ঞাত দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে। মসজিদের দেওয়ালে 'মুসলমানরা বিদায় হও' স্লোগান লেখা হয়েছে। কুইন্সল্যান্ডের রেস্তোরাঁর দরজায় 'মুসলিমদের প্রবেশ নিষেধ' লেখা বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। অস্ট্রিয়ার ফ্রিডম পার্টির প্রধান ইউরোপের 'নব্য-অটোমান দখল'এর আশঙ্কা প্রচার করছেন। নেদারল্যান্ডসে পার্টি ফর ফ্রিডম বলছে: মরক্কোর মুসলিমদের তাড়াও, হল্যান্ডকে ইসলামমুক্ত কর। সে দেশের ৪৭৫টি মসজিদের এক-তৃতীয়াংশের দেওয়ালে হয় নাৎসি স্বস্তিকা চিহ্ন এঁকে দেওয়া হয়েছে, নয়তো বোমা মারা হয়েছে।

জনমত সমীক্ষায় ইউরোপের ইসলামবিরোধী, অভিবাসনবিরোধী দলগুলোর সমর্থন হু হু করে বেড়ে চলেছে। ব্রিটেনের দক্ষিণপন্থী ইন্ডিপেনডেন্স পার্টির জনসমর্থনও দ্রুত বাড়ছে। একদিকে জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সে জিহাদি সন্দেহে মুসলিমদের বাড়িতে হানা দেওয়া, তাদের গ্রেফতার করা, গুলি চালিয়ে দেওয়ার ঘটনা হঠাৎ বেড়ে গেছে–অন্যদিকে সুইডেন থেকে কানাডা, স্পেন থেকে অস্ট্রেলিয়া, সর্বত্র সন্ত্রাস ও জিহাদ রোধ করার নামে রকমারি দমনমূলক আইনকানুন প্রণয়ন করা হচ্ছে। ইউরোপে মুসলিমরা ক্রমেই সন্দেহের পাত্রে পরিণত হচ্ছে। ইহুদি-বিদ্বেষে নাৎসিরা যে সন্দেহ, অবিশ্বাস, ঘৃণা লালন করত– আজ ইসলাম সম্পর্কে, মুসলিম জনগোষ্ঠী সম্পর্কে সেই একই বিষাক্ত সংশয় কি ঘনিয়ে তোলা হচ্ছে না?

Image
ফ্রান্সে অতি-দক্ষিণ ন্যাশনাল ফ্রন্টের নেত্রী মারিন ল্য প্যাঁ অভিবাসনবিরোধী মঞ্চ নিয়ে পার্লামেন্ট নির্বাচনে এক-চতুর্থাংশ ভোট পেয়েছেন

একজন মুসলিম নারীকে যদি বোরকা-পরা নিয়ে নাজেহাল হতে হয়, সে কেমন মুক্ত সমাজ? এটা রীতিমতো 'আগ্রাসী ও জঙ্গি' ধর্মনিরপেক্ষতা যা কার্যত সংখ্যালঘুর আত্মপরিচয়ের অভিজ্ঞানেই আঘাত করে। তার ধর্মের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। জিহাদিরা কিন্তু ঠিক এটাই চাইছে। তাদের লড়াই তো আসলে কিছু গোঁড়া ধর্মান্ধ লোকের সংকীর্ণ, নোংরা ধান্দাবাজি। কিন্তু সেটাকেই তারা পবিত্র ধর্মযুদ্ধ বলে চালাতে চায়।

তাই এই মতলববাজ ঘাতকদের অভিপ্রায় বানচাল করতে আরও সতর্কতা চাই, চাই সহিষ্ণুতার সংস্কৃতির চর্চা। অন্য ধর্ম, ভিন্ন গোষ্ঠীকে বোঝার, শ্রদ্ধা করার মানসিকতা। কিন্তু বিশ্বজুড়ে আজ সেটারই যে সবচেয়ে বড় অভাব!

অনেকে বলেন, মুসলমানরাই কি টুইন টাওয়ার ধ্বংস করেনি? মুসলমানরাই কি শার্লি এবদোর ঘটনা ঘটায়নি? মুসলমানরাই কি প্যারিস কিংবা নিসে হত্যালীলা চালায়নি? আর মুসলমানরাই কি আইএস তৈরি করেনি? করেছে তো! কিন্তু সে জন্য সব মুসলমান কি খারাপ?

আজকাল প্রায় প্রতি সপ্তাহে মানসিক ভারসাম্যহীন কিন্তু আপাত-সুস্থ কিছু সাদা আমেরিকান স্কুল-কলেজে গিয়ে গুলি চালাচ্ছে, বাচ্চাদের মেরে ফেলছে– তাদের মতো দেখতে গোটা আমেরিকান জাতটাকেই তো তাহলে ভয় পেতে হয়– সব মুসলিমকে 'সন্ত্রাসী' সন্দেহ করার যুক্তি মানলে। কই, আমেরিকার লোকজন তো তাদের সন্ত্রাসী বলে ভয় পায় না, মানসিক রোগী হিসেবেই চিহ্নিত করে!

তাহলে মুসলমানদের ক্ষেত্রে বা 'তাদের মতো দেখতে' মানুষজনের ক্ষেত্রে এই ভিন্ন ব্যবহার কেন? তার কারণ, সাংস্কৃতিক দূরত্ব, পরিচয়হীনতা। জানাশোনার অভাব। ইউরোপ-আমেরিকার অধিবাসীদের একটা বড় অংশ শুধু জানে যে, মুসলমান মেয়েরা বোরকা পরে, মুসলমান ছেলেদের দাড়ি থাকে আর তারা 'সন্ত্রাসবাদী'। ইউরোপ-আমেরিকা মুসলমানদের চেনে না, জানে না, চিনতে চায় না, জানতে চায় না। কিন্তু যদি জানতে চাইত, তাহলে দেখত যে, ৯/১১এর পর থেকে ১৩ বছরে আমেরিকান-মুসলিমরা মোট যত লোক মেরেছে, শুধু ২০১৪ সালে অন্যান্য পাইকারি বন্দুকবাজিতে তার প্রায় তিনগুণ বেশি লোকের প্রাণ গেছে।

Image
দেশে দেশে এখন মুসলিম অভিবাসনের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণকারীরাই জনপ্রিয় হচ্ছেন

ইউরোপে-আমেরিকায় মুসলিমদের সম্পর্কে এক 'অজানা ভয়' বাড়ছে। মুসলিমরা তাদের কাছে 'অপরিচিত', তাই ভয়ের। অন্ধকারও অপরিচিত, তাই ভয়ের। অপরিচয় থেকে ভয়, ভয় থেকে গভীর অবিশ্বাস, সেই অবিশ্বাস গড়ছে মানসিক হিংসা। সেই লালিত হিংসাই মানুষকে তাড়িয়ে নিয়ে বানিয়ে তুলছে অপরাধী। এফবিআইএর রিপোর্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ৯/১১এর আগে মুসলমানদের বিরুদ্ধে যত 'হেইট-ক্রাইম' হত, এখন হয় তার পাঁচ গুণ। মুসলিমরা সেখানে অবহেলিত, বিচ্ছিন্ন।

মুসলিম যদি গুলি চালান, যদি বিমান ছিনতাই করেন, যদি তিনি হন মানব-বোমা– এই ভয়াতুর অবিশ্বাসের ঘূর্ণিতে পড়ে তাঁকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অপমান করা হচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায়। তিনি যে বিপজ্জনক, এমন প্রমাণ মেলেনি। তাঁর একটিমাত্র অপরাধ, তিনি ভিন্ন ধর্ম ও সংস্কৃতির।

অপমান থেকে ক্রোধ জন্ম নেয়। একজনকে ভয় পেয়ে দূরে ঠেলে দিলে সে-ও ভয় পেয়ে যায়। সাপ নাকি এই যুক্তিতে ছোবল মারে। এটা একটা দুষ্টচক্র। আক্রমণকারী আর আক্রান্ত দুপক্ষই ভয়ে দিশেহারা। দুপক্ষই নিজেকে বাঁচানোর জন্য ঝাঁপায়। আর এই তাড়নাতেই মানুষ একটা সময় বোধ হারিয়ে মুহূর্তের উদভ্রান্তিতে বাঁচার মরিয়া চেষ্টায় অপরাধ করে বসে।

তাহলে এর সমাধান কোন পথে? না, কোনো রেডিমেড পথ বা পদ্ধতি নেই। অচেনা অপরিচিতকে চেনা-জানা-বোঝার চেষ্টা করা, 'আপন করে নেওয়া' ছাড়া আর কোনো ঠিকঠাক উপায় আপাতত দেখা যাচ্ছে না। সিদ্ধান্তটা ইউরোপ-আমেরিকাকেই নিতে হবে।

তবে মনে রাখা দরকার, সমস্যাটি কিন্তু কেবল তাদের নয়, আমাদেরও।